বাঙালির বড়দিন
২৫ ডিসেম্বর বড়দিন। যিশুখ্রিষ্টের জন্মদিন। সৃষ্টিকর্তা ঈশ্বরের মানব পরিত্রাণের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই যিশুখ্রিষ্টের এ পৃথিবীতে আগমন। যিশুর জন্ম সম্বন্ধে পবিত্র বাইবেলে লেখা আছে, ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলেয়া প্রদেশের নাজারেথ শহরে পাঠালেন এক কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম মারিয়া। স্বর্গদূত মারিয়ার কাছে এসে বললেন, প্রণাম মারিয়া। পরম আশিসধন্যা তুমি। এ কথা শুনে মারিয়া অবাক হলেন। তিনি ভাবতে লাগলেন, স্বর্গদূতের এমন সম্ভাষণের অর্থ কী? স্বর্গদূত তখন মারিয়াকে বললেন, ভয় পেয়ো না, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। তুমি গর্ভবতী হবে। একটি পুত্রসন্তানের জন্ম দেবে। তাঁর নাম রাখবে যিশু। তিনি পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। মারিয়া তখন অবাক বিস্ময়ে দূতকে জিজ্ঞেস করলেন, তা কী করে সম্ভব? আমি যে কুমারী। উত্তরে স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা এসে তোমার ওপর অধিষ্ঠান করবেন। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী। আপনি যা বলছেন, আমার তা-ই হোক। অন্যদিকে, মারিয়ার সঙ্গে যাঁর বাগদান হয়েছিল, সেই যোসেফ মারিয়াকে গোপনে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। এমতাবস্থায় স্বর্গদূত যোসেফকে দেখা দিয়ে অভয় দিয়ে বলেছিলেন, যোসেফ, মারিয়াকে ঘরে তুলতে ভয় পেয়ো না। তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হয়েছেন। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেবেন। তার নাম রাখবে যিশু। যোসেফ মারিয়াকে ঘরে আনলেন। যিশুর জন্ম হলো। বিশ্ব ইতিহাসে শুরু হলো নতুন এক অধ্যায়। মানব পরিত্রাণে ঈশ্বরের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হলো। তাই গুরুত্বের দিক দিয়ে ২৫ ডিসেম্বরকে যথার্থই বড়দিন বলা হয়। বাংলাদেশে বড়দিন শুধু খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এ আনন্দে অংশগ্রহণ করে। বিজয়ের মাস ডিসেম্বরে এ দিবসটি পড়ায় বাংলাদেশে আরও বেশি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদ্যাপন করা হয়। স্বাধীন বাংলায় ১৯৭১ সালে বড়দিনই ছিল প্রথম কোনো বড় ধর্মীয় উৎসব। স্বাধীনতাযুদ্ধে আমাদের বাড়িঘর, সহায়-সম্পত্তি পাকিস্তানি বাহিনী প্রায় সবই ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তারা আমাদের বাঙালি সত্তা বিন্দু পরিমাণ নষ্ট করতে পারেনি। আমাদের সামান্য যা কিছু ছিল, তা-ই আমরা খ্রিষ্টান-মুসলমান-হিন্দু-বৌদ্ধ সবাই মিলেমিশে সে বছর বড়দিনে ভাগাভাগি করে নিয়েছিলাম। আমাদের একটাই চিন্তা ছিল, আমরা সবাই বাংলার সন্তান। বাংলাদেশ আমাদের জন্মভূমি। বাংলা আমাদের মাতৃভাষা।আমাদের গর্ব করার মতো অনেক কিছুই আছে। আমাদের দেশের মানুষ পরিশ্রমী। তারা সৃজনশীল। তাই বিদেশেও তারা সুনামের সঙ্গে শ্রম দিয়ে আমাদের জন্য বিদেশি মুদ্রা অর্জন করছে। আমাদের সোনার দেশের পাট ও পাটজাত দ্রব্যের বাজার আবারও চাঙা হচ্ছে। আমাদের বস্ত্রশিল্প আজ বিশ্ববাজারে এক বিরাট অংশ দখল করে আছে। আমাদের অকুতোভয় কৃষকসমাজ প্রাকৃতিক বিপর্যয়কে পরাস্ত করে ফসল উৎপাদন করছে। প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ের পরই নতুন জীবন গড়ার স্বপ্ন দেখছে তারা। বর্তমানে বিশ্ব দরবারেও বাংলাদেশ নানাভাবে পরিচিত হচ্ছে। বাংলার দামাল ছেলেরা নানা অবদান রাখছে। আমরা বিশ্বকে দেখাতে চাই, বাঙালি শুধু নিতেই জানে না, দিতেও জানে।আমরা সবাই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। তাই তো আমাদের সবার উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করি। ঈদ-পূজা-বড়দিনে আমরা সবাই সবার বাড়িতে যাই। শুভেচ্ছা বিনিময় করি। সবাই একসঙ্গে আনন্দে মেতে উঠি। আমাদের ধর্মীয় এই সহনশীলতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না।বড়দিন উপলক্ষে সবার প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। আর্চবিশপ পৌলিনুস কস্তা, ডিডি: ঢাকার আর্চবিশপ, বাংলাদেশ।