স্বভাবে খুবই নিরীহ, গুঁতো দেওয়া ছাড়া মানুষের আর কোনো ক্ষতি করে না। নাম কমন ইলান্ড। মূলত পূর্ব ও দক্ষিণ আফ্রিকার প্রাণী। সাউদার্ন ইলান্ড নামেও এরা পরিচিত। ঢাকা চিড়িয়াখানায় ইলান্ড আছে চারটি। দুটি পুরুষ ও দুটি নারী। মঙ্গলবার বেলা দুইটায় একটি ইলান্ড বাচ্চা প্রসব করেছে। তা দেখতে চিড়িয়াখানায় আসা দর্শকদের সে কী আগ্রহ! নতুন অতিথি দেখতে ছুটে গেছেন চিড়িয়াখানার কর্মকর্তারাও।চিড়িয়াখানার ২১ ও ২২ নম্বর খাঁচায় থাকে এই চারটি ইলান্ড। খাঁচা দুটির তত্ত্বাবধানে নিয়োজিত ফরিদ মিয়া জানান, ১৮ দিন আগে একটি মা ইলান্ড বাচ্চা দিয়েছিল, আজ (মঙ্গলবার) দিল আরেকটি। কারও সাহায্য লাগেনি, নিজে নিজেই প্রসব হয়েছে। প্রসূতি ইলান্ড ২১ নম্বর খাঁচায় ছিল। পরে মা ও বাচ্চাকে ২০ নম্বর খাঁচায় নিয়ে আসা হয়। বাবা ইলান্ডের শিংয়ের গুঁতায় বাচ্চার ক্ষতি হতে পারে আশঙ্কায় এমন ব্যবস্থা। ছেলে না মেয়ে বাচ্চা হয়েছে জানতে চাইলে ফরিদ মিয়া জানান, মেয়ে বাচ্চা হয়েছে। পরে নাম রাখা হবে।সদ্য মা হওয়া ইলান্ড বাচ্চাকে মমতার পরশ দিচ্ছে। শাবকটি হাঁটার চেষ্টা করছে, শরীরের ওপর নিয়ন্ত্রণ না থাকায় তা দৌড়ের মতো হয়ে যাচ্ছে, আর ক্ষণিক পরেই পড়ে যাচ্ছে।চিড়িয়াখানার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এ বি এম শহিদউল্লাহ জানান, ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে ইলান্ডগুলো। বাচ্চা হওয়ার পর এর সংখ্যা হলো ছয়।ইলান্ডের উচ্চতা প্রায় দুই মিটার এবং ওজন ২৭৫ কেজির বেশি। স্ত্রী ইলান্ডের ওজন পূর্ণাঙ্গ পুরুষের অর্ধেক। এরা পৃথিবীর সর্ববৃহৎ antelopes। স্ত্রী ইলান্ডের গায়ের রং তামাটে এবং পুরুষের রং গাঢ় তামাটে। একটি সাদা দাগ দেহের পাশ দিয়ে নিচে নেমে গেছে। ইলান্ডদের প্রায় ৬৫ সেন্টিমিটার লম্বা শিং রয়েছে। এরা খুবই চঞ্চল এবং দাঁড়ানো অবস্থা থেকে প্রায় ১ দশমিক ৫ মিটার পর্যন্ত সহজেই লাফ দিতে পারে। লম্বা ও খাড়া শিং দেখে ইলান্ডকে অনেকে ভয়ংকর প্রাণী ভেবে ভুল করে। কিন্তু সন্তানকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে যাওয়া ছাড়া এরা অন্য প্রাণীকে আক্রমণ করে না। দলবেঁধে চলে। স্বভাবে নিরীহ বলে আফ্রিকায় এই প্রাণীর শত্রু বেশি। এদের হত্যা করে শিং ও চামড়া আফ্রিকা থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়। গাছের পাতা, ফল, ফুল, বীজের মোচা, গাছের ছাল, কন্দ ও ঘাস এদের প্রধান খাদ্য। আয়ুষ্কাল ১৫ থেকে ২০ বছর। নয় মাস গর্ভধারণের পর এরা একটি বাচ্চা দেয়। আফ্রিকায় সাধারণত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে বাচ্চা প্রসব করে ইলান্ড।গত দুই মাসে ঢাকা চিড়িয়াখানায় বেশ কয়েকটি প্রাণী বাচ্চা দিয়েছে। নতুন অতিথিদের আগমনে আনন্দিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দর্শক সমাগমও বেড়েছে। ১০ দিন আগে ওয়াইল্ডবিস্টের বাচ্চা হয়েছে। এক মাস আগে বাঘিনী বাচ্চা দিয়েছে একটি। ইম্পালারও শাবক হয়েছে। ডিম ফুটেছে ইমু পাখি, ময়ূরী ও অজগরের। সব মিলে নতুন অতিথিদের নিয়ে আনন্দ-আসর বসেছে চিড়িয়াখানা অঙ্গনে।