ছবিটি অনেক পাঠককে নোবেল পুরস্কারজয়ী ব্রিটিশ সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিংয়ের সেই গল্পের কথা মনে করিয়ে দিতে পারে। ওই যে গল্পটিতে এক বিপদে পড়া বাচ্চা হাতির নাক বড় হতে হতে কীভাবে লম্বা পাইপের মতো শুঁড়ে পরিণত হলো আর কি! কিন্তু পাঠক, এটা নিছক গল্প নয়, জলজ্যান্ত বাস্তব ঘটনার ছবি। আর ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক।১০০ বছরেরও বেশি আগে শিশুদের জন্য লেখা একটি গল্পে কিপলিং লেখেন, ক্ষুধার্ত একটি কুমির এক বাচ্চা হাতির নাক কামড়ে ধরলে দুজনে শুরু হয় বেদম টানাটানি। জলে অনেক শক্তিশালী কুমির। কিন্তু ডাঙায় হাতির সঙ্গে পারে কে? তাই লড়াইটা চলতেই থাকে। হাতির বাচ্চার নাক লম্বা হতে থাকে। ফলাফল, হাতির এই লম্বা নাক, যাকে আমরা শুঁড় বলেই ডাকি। ১৯০২ সালে প্রকাশিত হয় ভারতে জন্ম নেওয়া কিপলিংয়ের জাস্ট সো স্টোরিস নামের বইটি। আর গল্পটির নাম ‘দি এলিফ্যান্টস চাইল্ড’।বাস্তবের বাচ্চা হাতিটির এহেন দুর্গতির ছবিটি তুলেছেন শখের আলোকচিত্রী জোহান ওপারম্যান। সম্প্রতি ক্রুগার ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়ে দুর্লভ এই মুহূর্তটি ফ্রেমবন্দী করার সৌভাগ্য হয় তাঁর।কিপলিংয়ের গল্পের বর্ণনার সঙ্গে মিলিয়ে হাতে আঁকা একটি ছবিও ছাপা হয়। মজার ব্যাপার, ওই ছবির সঙ্গে বেশ মিল পাওয়া গেছে ২০১০ সালে তোলা ওপারম্যানের ছবির। রুডিয়ার্ড কিপলিং ১৯০৭ সালে নোবেল পুরস্কার পান। শিশুদের খুবই প্রিয় বই জাঙ্গল বুক তাঁরই লেখা। তাঁর ‘মোগলি’ চরিত্রটি এখনো শিশুদের মধ্যে সমান আবেদন সৃষ্টি করে। ছবি তোলার ঘটনার বর্ণনা করতে গিয়ে ওপারম্যান বলেন, হাতির শাবকটি পানি খেতে জলাশয়ে শুঁড় ডোবানোর পরপরই কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকা ক্ষুধার্ত কুমিরটি তাকে আক্রমণ করে। তবে কুমিরটি বাচ্চা হাতিটির শুঁড় কামড়ে ধরার একটু পরই তার সঙ্গী হাতিরা কাছে চলে আসে। হাতির পালের সমবেত বৃংহিত আর মাটিতে পা দাপানোয় ভয় পেয়ে রণে ভঙ্গ দেয় কুমিরটি। ওপারম্যান বলেন, ‘ঘটনাটা যখন ঘটে, আমি শুধু ক্যামেরা বের করে ক্লিক করে গেছি। পরে কম্পিউটারে ছবিগুলো দেখার পর জানতে পারলাম, আমি কী ফ্রেমবন্দী করেছি!’ ওপারম্যান জানান, তিনি দুজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। তাঁরা তাঁকে বলেছেন, সাধারণত কুমির হাতিকে আক্রমণ করে না। তাই এটি সত্যিই একটি বিরল ঘটনা! টেলিগ্রাফ, ডেইলি মেইল অনলাইন।