বাচ্চু রাজাকার ভারতে পালিয়ে গেলেন (ভিডিও)
ভারতে পালিয়ে গেছেন জামায়াতে ইসলামের সাবেক সদস্য (রোকন) আবুল কালাম আযাদ ওরফে ‘বাচ্চু রাজাকার’। এ কাজে তাঁকে সহায়তা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী একজন সহকারী অধ্যাপক। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর বাচ্চু রাজাকারের দুই ছেলে ও শ্যালক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেন।র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, বাচ্চু রাজাকার বিদেশে পালিয়ে যাওয়ার পর থেকে তাঁর দুই ছেলেও আত্মগোপন করেন। অনেক খোঁজাখুঁজির পর আজ সোমবার সকালে রাজধানীর লোহারপুল এলাকায় মামা শ্বশুরের বাসা থেকে বড় ছেলে এস এম ফয়সল আযাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যানুযায়ী ছোট ছেলে এ কিউ মুশফিকবিল্লাহ জিহাদকে গ্রেপ্তার করা হয় মামা কাজী এহতেশামের বাসা থেকে। একই সঙ্গে তাঁদের মামাকেও গ্রেপ্তার করে র্যাব।র্যাবের জিজ্ঞাসাবাদে ছোট ছেলে মুশফিকবিল্লাহ জানান, গ্রেপ্তারের বিষয়টি আঁচ করতে পেরে পাকিস্তানে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁর বাবা। সে অনুযায়ী ৩০ মার্চ সন্ধ্যার পর একটি মাইক্রোবাসে করে তাঁরা বাসা থেকে বের হয়ে যান। প্রথমে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু ইউসুফের আগারগাঁও এলাকার বাসায়। সেখানে বসে সিদ্ধান্ত হয়, পাকিস্তান অথবা নেপাল যাওয়ার জন্য।মুশফিকবিল্লাহ জানান, ওই রাতেই তাঁরা হিলি সীমান্তে পৌঁছেন। আবু ইউসুফ গাড়ি নিয়ে রাত সাতে তিনটার দিকে সেখানে পৌঁছে চাপিলা নামের একটি হোটেলে ওঠেন। ওই হোটেল দুই দিন থাকার পর বাচ্চু রাজাকার ভারতে ঢুকে পড়েন। ৩ এপ্রিল তিনি ভারত থেকে শ্যালককে ফোন করে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, হিলি বন্দরের হোটেল মালিক আবুল কাশেমকেও গ্রেপ্তার করা হয়েছে। বাচ্চুর দুই ছেলে, শ্যালক, ওই সহকারী অধ্যাপক আবু ইউসুফ ও হোটেল মালিকের বিরুদ্ধে পরোয়ানার আসামিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ এনে মামলা দায়ের করা হচ্ছে। তবে আবু ইউসুফের এখনো কোনো খোঁজ মেলেনি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত মঙ্গলবার বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁর বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতায় ফরিদপুরে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ নানা মানবতাবিরোধী অপরাধের তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরোয়ানা জারির পর পুলিশ তাঁর বাসায় তল্লাশি করে তাঁকে পায়নি।
সৌজন্যে: এটিএন বাংলা