দেড় মাস গড়িয়ে গেছে। প্রধানমন্ত্রীর ‘ন্যাশনাল সার্ভিস’ উদ্বোধন করার দিন কুড়িগ্রামে অনেক বেকার নারী-পুরুষের মধ্যে ছিল নতুন দিনের ঝলঝলে ছবি। প্রশিক্ষণার্থীদেরও ছিল হাসি হাসি মুখ। অনেকের সেই হাসি খানিকটা ম্লান হয়েছে। কারও কারও প্রত্যাশা ছিল অনেক বেশি। আবার কিছু প্রশিক্ষণার্থী এরই মধ্যে ঝরে পড়েছেন। প্রশিক্ষণে ঢিলেঢালা ভাব। বাছাইয়েও হয়েছে অনিয়ম। তবে কিছু সমালোচনা সত্ত্বেও ন্যাশনাল সার্ভিস কুড়িগ্রামের অসংখ্য বেকার তরুণ-তরুণীর মধ্যে নতুন স্বপ্ন তৈরি করেছে। কুড়িগ্রাম সদর উপজেলার মিলনায়তনে ১২ জন প্রশিক্ষণার্থীর সঙ্গে আলাপকালে এ চিত্র পাওয়া যায়। তাঁরা এই সার্ভিসে সুযোগ পেয়ে আনন্দিত। মোট তিন মাসের প্রশিক্ষণ শেষে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারের বিভিন্ন সংস্থার কাজে যোগ দেবেন।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেশের প্রতিটি পরিবারের অন্তত একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সরকার গঠনের পরই সে লক্ষ্যে ‘ন্যাশনাল সার্ভিস’ নামে একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া হয়। প্রথম ধাপে কুড়িগ্রাম ও বরগুনা জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও কমপক্ষে মাধ্যমিক পাস তরুণ-তরুণীদের অস্থায়ী ভিত্তিতে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই আওতায় কুড়িগ্রামে প্রথম পর্যায়ে নয় হাজার ৯৫০ জন বেকার তরুণ-তরুণী কাজের সুযোগ পান।কুড়িগ্রাম যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গত নভেম্বরে দরখাস্ত আহ্বান করা হয়। এতে নয়টি উপজেলার প্রায় ৩৫ হাজার বেকার তরুণ-তরুণী আবেদন করেন। গত ১১ ও ১২ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সদর উপজেলায় সাক্ষাত্কারের মাধ্যমে তাঁদের মধ্য থেকে ৩৪ হাজার ৩৫৮ জনকে প্রকৃত বেকার হিসেবে বাছাই করা হয়। পরে পরীক্ষার মাধ্যমে নয় হাজার ৯৫০ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়। বর্তমানে তাঁদের তিন মাসের প্রশিক্ষণ চলছে। এ সময় দৈনিক ১০০ টাকা করে ভাতা পাচ্ছেন তাঁরা। আর কাজ শুরু হলে দৈনিক তাঁদের দেওয়া হবে ২০০ টাকা। এই হিসাবে মাসে পাবেন ছয় হাজার টাকা।ইতিমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, যাঁরা ন্যাশনাল সার্ভিসে সংযুক্ত থাকবেন, তাঁরা চার হাজার টাকা উত্তোলন করতে পারবেন। বাকি দুই হাজার টাকা প্রতি মাসে সঞ্চয় হবে এবং দুই বছরে তা হবে ৫০ হাজার টাকা। সংযুক্তির মেয়াদ শেষের পর যদি কর্তৃপক্ষ তাঁর কর্মকালে সন্তুষ্ট থাকে, তাহলে তাঁদের সমপরিমাণ টাকা ঋণ দেওয়ার বিষয় বিবেচনা করা হবে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরিফুল ইসলাম এ নিয়ে জানান, সঞ্চয়ের সমপরিমাণ অর্থ ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখনো সরকারের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণার্থী আছিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রশিক্ষণ শেষে জুন মাসে কাজে যোগ দিতে পারব। ২০১২ সালে সংযুক্তি শেষ হবে। সে সময় সঞ্চিত ৫০ হাজার টাকার সঙ্গে যদি সরকার আরও ৫০ হাজার টাকা ঋণ দেয়, তাহলে পাওয়া যাবে এক লাখ টাকা। এই পুঁজি ছোট কোনো উদ্যোগ শুরু করার জন্য যথেষ্ট নয়।’ কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এটা একটা পাইলট প্রকল্প। মূল উদ্দেশ্য হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর যাঁরা বেকার বসে আছেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে দুই বছরের বাস্তব কাজের সঙ্গে সম্পৃক্ত করা। এতে করে কিছু অর্থ পাওয়ার পাশাপাশি তাঁদের কর্মদক্ষতা বাড়বে, যাতে করে দুই বছর পর তাঁরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। বেশকিছু প্রশিক্ষণার্থী অনিয়মিত হয়ে পড়েছেন বা ঝরে পড়েছেন—এ নিয়ে জানতে চাইলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরিফুল ইসলাম বলেন, এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। হয়তো ন্যাশনাল সার্ভিস সম্পর্কে যে ধরনের প্রত্যাশা ছিল, তা ঘটেনি। এই হার অত্যন্ত কম। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। এক পরিবার থেকে একজন করে নেওয়ার কথা বলা হলেও, একই পরিবারের একাধিক ব্যক্তি সুযোগ পেয়েছেন। অনেক পরিবারের কেউই সুযোগ পাননি। আবার অনেক হতদরিদ্র পরিবারের কেউ সুযোগ না পেলেও সচ্ছল পরিবারের সদস্যরা সুযোগ পেয়েছেন। যেমন, উলিপুরে জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী সুযোগ পেয়েছেন। আবার মাধ্যমিক পাস করে যাঁরা কলেজের নিয়মিত ছাত্র, তাঁরাও অনেকে সুযোগ পেয়েছেন। এঁদের ছাত্রলীগের মিছিল করতে দেখা যায়। অনেকে বয়স কমিয়ে বা বাড়িয়েও সুযোগ পেয়েছেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে গঠিত কুড়িগ্রামের সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, নিয়োগে স্বচ্ছতার নীতি পুরোপুরি অনুসরণ করা হয়নি। অনেক অভাবী পরিবারের সদস্য সুযোগ পাননি। আবার যাঁদের দরকার নেই, তাঁদের সুযোগ দেওয়া হয়েছে। এক পরিবার থেকে একজন করে নেওয়ার কথা বলা হলেও একাধিক ব্যক্তি সুযোগ পেয়েছেন।জেলা প্রশাসক এ ব্যাপারে বলেন, যখন দরখাস্ত আহ্বান করা হয়, তখন আবেদনকারীর বয়স ছিল ১৮ থেকে ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তদূর্ধ্ব। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়নি। প্রকল্পের আওতায় জাতি গঠনমূলক, চরিত্র গঠন, দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, সরকারের বিভিন্ন সেবাসহ দশটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে তা খুব আকর্ষণীয় নয় বলে প্রশিক্ষণার্থীরা জানান।এ ধরনের সমালোচনা সত্ত্বেও ন্যাশনাল সার্ভিস কুড়িগ্রামে সাড়া ফেলেছে। ৩২ বছর বয়সী মোহাম্মদ এমদাদুল হক বিকম পাস করে দীর্ঘদিন ধরে গৃহশিক্ষকতা করে জীবিকা নির্বাহ করছেন। তিনি মনে করেন, দুই বছর পর যে সনদ পাওয়া যাবে, তাতে হয়তো নতুন করে কিছু করার সুযোগ তৈরি হবে। এই দুই বছর তিনি উচ্চবিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। আবার কেউ কেউ মত্স্য ও পশুসম্পদ অধিদপ্তরে কাজের সুযোগ চেয়েছেন, কেউ বা কম্পিউটার বিষয়ে কাজ চেয়েছেন। আরেকজন প্রশিক্ষণার্থী শাহেদুল ইসলাম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে যোগ দিতে ইচ্ছুক। ভবিষ্যতে এনজিওতে এই বিষয়ে চাকরি করতে চান শাহেদুল। দুই বছর পর সনদ পেলে তা চাকরি পেতে তাঁর জন্য সহায়ক হবে বলে তিনি মনে করেন। মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় সুযোগ পাওয়া শারমিন আক্তার জানান, তিনি কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক। সহযোগিতায়: শফি খান, কুড়িগ্রাম প্রতিনিধি