বাছাইয়ে রমনিকে হারাতে জুয়া খেললেন গিংরিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ২০১২ সালে অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে অল্প সময়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলেছেন সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ।গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের এক বিতর্কে অভ্যন্তরীণ ও বৈদেশিক-নীতির বিষয়ে তাঁর বক্তব্য এতটাই স্পষ্ট ছিল যে আগুয়ান নির্বাচনের দৌড়ে হুট করে তাঁর দৃশ্যপটে আগমনের বিষয়টিকে ‘রাজনৈতিক জুয়াড়ির’ ভূমিকা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।বিতর্কে রিপাবলিকানের দলের আটজন নেতা অংশ নেন। এর মধ্যে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি ও টেক্সাসের গভর্নর রিক পেরি রয়েছেন।পররাষ্ট্র বিশেষজ্ঞদের সামনে বিতর্কে পররাষ্ট্রনীতির বিষয়ে বাস্তবমুখী জোরাল বক্তব্য উপস্থাপন করেন নিউট গিংরিচ। প্রার্থীতালিকায় রিপাবলিকান দলের সবচেয়ে উজ্জ্বল মুখ রমনির সঙ্গে টক্কর দেওয়ার মতো যথেষ্ট মজবুত অবস্থানে পৌঁছেছেন তিনি। জনমত জরিপের ফল অনুযায়ী প্রার্থী হিসেবে গিংরিচের গ্রহণযোগ্যতার পাল্লা এখন রমনির চেয়ে চার শতাংশ বেশি ভারী।আটজন সম্ভাব্য প্রার্থীর মধ্যে ৬৮ বছর বয়সী গিংরিচই হয়তো সবচেয়ে পরিচিত। তাই বলে রাজনীতির ময়দানে নিজেকে রক্ষা করে চলার মতো খেলুড়ে নন তিনি। এ কারণে দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু উত্থান-পতন ঘটেছে তাঁর।রমনি চলছেন দলের মতাদর্শের সঙ্গে ঘড়ির কাঁটার মতো তাল মিলিয়ে। অভিবাসন নিয়ে দলের কট্টর অবস্থানের সঙ্গে যেমন তিনি একাত্ম, তেমনি সামাজিক নিরাপত্তার বিষয় নিয়ে খুব বেশি হইচই করছেন না। একই সঙ্গে ওবামার সমালোচনায় সরব তিনি।সে ক্ষেত্রে গিংরিচ এবার যে কৌশল বেছে নিয়েছেন, তা প্রার্থী হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন উজ্জ্বল করে তুলছে। জনমত জরিপের ফলাফলে গত কয়েক মাসে রিপাবলিকান নেতা টেক্সাসের গভর্নর রিক পেরি, মিচেল ব্যাচম্যান, হারমান কেইনের জনপ্রিয়তার উত্থান-পতন ঘটেছে। কিন্তু সে তুলনায় গিংরিচ রয়েছেন মজবুত অবস্থানে। তিনি একদিকে যেমন বড় বড় পরিকল্পনার কথা আওড়াচ্ছেন, তেমনি দেখাচ্ছেন অগাধ আত্মবিশ্বাস। আর মাঝেমধ্যে বোমা ফাটানোর মতো বুলি আওড়াচ্ছেন। মোট কথা, রিপাবলিকান সমর্থকসহ সাধারণ মানুষের মনের কথাই বলছেন তিনি।বিশ্লেষকেরা বলছেন, রক্ষণশীল রিপাবলিকান ঘাঁটির নেতা-কর্মীরা নির্বাচনে ওবামার যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রমনির বদলে এখন গিংরিচকেই তুলনামূলকভাবে যোগ্য প্রার্থী বলে মনে করছেন।আইওয়া অঙ্গরাজ্যে ২০১২ সালের ৩ জানুয়ারি রিপাবলিকান দলে প্রার্থী মনোনয়নের প্রথম প্রতিদ্বন্দ্বিতা হবে।ডিএআর কনস্টিটিউশন হলে দুই ঘণ্টার বিতর্কে রিপাবলিকান নেতারা জাতীয় নিরাপত্তাসহ অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। প্রতিরক্ষা খাতে কাটছাঁট, ইরান ও সীমান্তবিষয়ক নিরাপত্তা প্রসঙ্গেও বক্তব্য দেন রিপাবলিকান নেতারা। বিবিসি।