বাজার আবার অস্থির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির সরবরাহ কমে গেছে। উৎপাদনকারী জেলাগুলোতে টানা বর্ষণ ও ভাঙাচোরা রাস্তা এই দুর্গতির কারণ। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।বাজারে সবজির সরবরাহ যেমন কমে গেছে, তেমনি ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি দাম। সে কারণেই চার দিন আগে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া কালো বেগুন গতকাল বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকায়।শুধু সবজির বাজারই যে চড়া তা নয়, চিনির বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। খুচরা ব্যবসায়ীদের কাছে সরাসরি পরিবেশকদের চিনি বিক্রির সরকারি নির্দেশনা থাকলেও এখনো চিনি বিক্রি হচ্ছে পাইকারদের হাত ঘুরে। তা ছাড়া একটি পরিশোধন প্রতিষ্ঠান মিলগেটে চিনি বিক্রি করছে ৬২ টাকা করে। এসব কারণে পাইকারিতেই চিনির দাম হয়ে যাচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা। আর খুচরা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আবার অনেকে খোলা চিনি বিক্রিই ছেড়ে দিয়েছেন।খোলা সয়াবিন তেল এখনো মিলছে না। ক্রেতার ভরসা বোতলজাত সয়াবিন তেল। ছোলার দাম কমে এলেও বেড়েছে ডালের দাম। দেশি পেঁয়াজের পাশাপাশি বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দামও। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে দেওয়ায় দেশে দাম বেড়েছে।সবজির বাজারে আগুন: গতকাল বিকেলে কারওয়ান বাজারে ঢুকেই দেখা গেল, একজন ক্রেতা বেগুনের দাম জিজ্ঞেস করছেন। জবাবে বিক্রেতা ৯০ টাকা বলার পরই ফেটে পড়লেন ওই ক্রেতা। বললেন, বাজারে আগুন লাগছে নাকি!বেগুনের দাম বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতা শাহ আলম বলেন, এই বেগুন আসে টাঙ্গাইল থেকে। কিন্তু রাস্তা ভালো না থাকায় এখন আগের মতো আসতে পারছে না। তাই দাম বেশি।রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, একমাত্র আলুর দামই স্থির আছে—১৪ থেকে ১৬ টাকা। কেজিপ্রতি টমেটো ৭০ টাকা, করলা ও ঢ্যাঁড়স ৬০, পটোল ৪০-৪৫, পেঁপে ২০, কচুর মুখী ২৮-৩০, গোল বেগুন ৫০-৬০, ঝিঙা ৫০, ধুন্দুল ৪০, কাঁকরোল ৩০, শসা ৩৫-৪৫ এবং বরবটি ৪৫-৫০ টাকায় বিক্রি হয়েছে।এ ছাড়া প্রতিটি মিষ্টি কুমড়া আকারভেদে ২৫ থেকে ৩৫, জালি কুমড়া ২০ থেকে ২৫, বিভিন্ন আকারের লাউ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে কাল।আড়তদারেরা বলছেন, বেশির ভাগ সবজি আসে উত্তরবঙ্গ থেকে। গত সপ্তাহে টানা বৃষ্টিতে বেশির ভাগ সবজি নষ্ট হয়ে গেছে। এর আগেও উত্তরবঙ্গ থেকে সবজির সরবরাহ কমে যাওয়ায় তখন মানিকগঞ্জ আর নরসিংদীর সবজি দিয়ে সরবরাহ ঠিক রাখা হয়েছিল। কিন্তু সড়কব্যবস্থা ভালো না থাকার কারণে পণ্যবাহী ট্রাক আসতে না পারায় আবারও সরবরাহ কমে গেছে।সবজির ব্যাপারি মো. স্বপন প্রথম আলোকে বলেন, ‘আগে মাল নিয়া ট্রাক আইত রাইত ১২টা থাইক্যা একটার মধ্যে। কিন্তু রাস্তা ভালা না থাকায় কাইলকা (শুক্রবার) আইছে ভোর ছয়টায়। ওই বেগুনের অনেকগুলাই এখনো বেচতে পারি নাই।’একজন মরিচ ব্যাপারি বলেন, ‘আগে যেখানে ১০ গাড়ি মাল আইত, এখন আহে এক গাড়ি। দাম কমব কেমনে।’ তিনি বলেন, মেহেরপুর থেকে বেশি মরিচ আসে। টানা বৃষ্টি আর বন্যায় সেখানকার অনেক মরিচ নষ্ট হয়ে গেছে।পেঁয়াজ চড়া: রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ এবং ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে অনেক মুদির দোকানে এর দাম ৪২ থেকে ৪৫ টাকা। আমদানি করা পেঁয়াজের প্রভাব সেখানে পড়েছে সামান্যই।শ্যামবাজারের পাইকারেরা বলছেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে। ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে দেওয়ায় বিদেশি পেঁয়াজের দাম যেমন বেড়েছে, তেমনি এর প্রভাব দেশি পেঁয়াজেও পড়েছে।আবার অস্থির চিনির বাজার: গত কয়েক দিনে চিনির বাজারে আবার অস্থিরতা দেখা দিয়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, তাঁরা মৌলভীবাজার থেকে ৫০ কেজির চিনির বস্তা কিনছেন তিন হাজার ২৫০ থেকে তিন হাজার ২৭০ টাকায়। সে হিসাবে প্রতি কেজি চিনির দাম হয় ৬৫ থেকে ৬৫ টাকা চার পয়সা।পলাশী বাজারের ‘আল্লাহর দান’ স্টোরের কর্মচারী শাহ আলম গত বুধবার ৫০ কেজি ওজনের দুটি বস্তা কেনেন ছয় হাজার ৫৪০ টাকায়। প্রতি কেজির দাম পড়ে ৬৫ টাকা চার পয়সা। তিনি বলেন, ‘পাঁচ-ছয়টা দোকান ঘুইরা কম দামে চিনি আনছি। অন্য দোকানগুলোতে তিন হাজার ৩০০ টাকা বস্তা চাইছে।’শাহ আলম প্রথম আলোকে চিনি কেনার রসিদ দেখান। তাতে দুই বস্তা চিনির দর লেখা ছিল ছয় হাজার ৩৪০ টাকা। তবে তাঁর অভিযোগ, তিনি কিনেছেন ছয় হাজার ৫৪০ টাকায়।ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ভয়ে বেশ কিছুদিন ধরেই পাইকারেরা চিনি বিক্রির রসিদ দিচ্ছিলেন না। এখন তাঁরা নিয়েছেন নতুন কৌশল, রসিদ দিলেও সেখান থেকে দোকানের নামের অংশ ছিঁড়ে ফেলছেন। শাহ আলমের রসিদটিতেও দোকানের নামের মুদ্রিত অংশটি ছেঁড়া ছিল। একই অভিজ্ঞতা হয়েছে আজিমপুরের নিউ পল্টন লাইনের মোবারক স্টোরের কর্মচারী আক্কাসের।অনেক খুচরা দোকানি খোলা চিনি বিক্রি না করে প্যাকেটজাত চিনি বিক্রি করছেন। তাঁদের বক্তব্য, প্যাকেটের চিনি ৬৩ টাকায় কিনে ৬৫ টাকায় বিক্রি করছেন তাঁরা। এতে দুই টাকা লাভ হয়। নিউ পল্টন লাইনের এক দোকানি বলেন, ‘যে দামে কিনতে হয়, তাতে ৬৫ টাকায় চিনি বেচা সম্ভব নয়। যদি ৬৮ টাকায় চিনি বেচি, তাহলে মোবাইল কোর্ট জরিমানা করবেন ২০ হাজার টাকা। তিন টাকা লাভের জন্য এত জরিমানা দেব নাকি! তাই চিনি বিক্রিই বন্ধ করে দিয়েছি।’নতুন করে অস্থিরতার কারণ জানতে চাইলে মৌলভীবাজারের চিনির পরিবেশক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ ধরে বাজারে চিনির সরবরাহ কম। মৌলভীবাজারে প্রতিদিন চিনি প্রয়োজন ৩০০ থেকে ৪০০ টন। কিন্তু চিনি আসছে এর অর্ধেক।তা ছাড়া সরকারি নির্দেশ অমান্য করে এখনো চিনি পাইকারদের হাত ঘুরে খুচরা ব্যবসায়ীদের হাতে যাচ্ছে। মৌলভীবাজারের চিনি ব্যবসায়ী সমিতির সূত্রে জানা যায়, মৌলভীবাজারে ১০০ জনের মতো চিনি ব্যবসায়ী আছেন। তাঁদের ৭০ থেকে ৭৫ জনই চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানের পরিবেশক। বাকিরা পরিবেশকদের কাছ থেকে পাইকারি চিনি কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এর ফলে দাম কেজিতে এক থেকে দেড় টাকা পর্যন্ত বেড়ে যায়।তবে বাজারে চিনির সরবরাহ ভালো বলেই মন্তব্য চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিবের। প্রথম আলোকে তিনি বলেন, ‘আগের সেই সংকট নেই। তাই বেশি দামে চিনি বিক্রির কথা নয়।’ আনোয়ার হাবিবের দাবি, মৌলভীবাজারে সর্বোচ্চ সাড়ে ৬৩ টাকায় চিনি বিক্রি হচ্ছে।মিলগেটেও দর বেশি: মৌলভীবাজারের পরিবেশকদের অনেকেই প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সিটি আর ইগলু কোম্পানি মিলগেটে পরিবেশকদের কাছে সরকার-নির্ধারিত ৬০ টাকাতেই চিনি বিক্রি করছে। কিন্তু মেঘনা গ্রুপ মিলগেটে রাখছে ৬২ টাকা। এ ক্ষেত্রে সরকারি নির্দেশনা মানছে না প্রতিষ্ঠানটি। বেশি দামে কেনায় মেঘনার পরিবেশকেরাও বেশি দামে চিনি বিক্রি করছেন।মেঘনা গ্রুপের কর্মকর্তারা পরিবেশকদের বলছেন, তাঁদের চিনি পরিশোধনের খরচ বেশি হওয়ায় বেশি দাম রাখছেন। পরিবেশকেরা বলছেন, মিলগেটেই যদি বেশি দাম রাখা হয়, তাহলে তার প্রভাব খুচরা বাজারে পড়বেই।মাছও চড়া: মাছের দামও বেশ বেড়েছে। মাঝারি আকারের জোড়া ইলিশ ২০০ টাকা বেড়ে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কই ২০০ থেকে ২৫০, পাঙাশ ১১০ থেকে ১৩০, তেলাপিয়া ১০০ থেকে ১৩০, ছোট পুঁটি ১৫০, সরপুঁটি ১৮০ থেকে ২২০, বড় আকারের কাতলা ও রুই ৪০০, কাচকি ৩০০, টাকি ১৫০ থেকে ১৮০, আইড় ৫০০, মাগুর সাড়ে ৫৫০ থেকে ৬০০, শিং ৬০০ থেকে ৬৫০ টাকা। জাটকাও মিলছে ২৫০ থেকে ৩২০ টাকায়।মাছ বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে জেলেরা ঠিকমতো মাছ ধরতে পারছেন না। সে কারণে চাহিদা বাড়লেও বাজারে সরবরাহ তেমন নেই।মাংস ও মুরগি: গতকাল ব্রয়লার মুরগির দামও বেড়েছে। এই মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। ছয়-সাত শ গ্রাম ওজনের দেশি মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৬ টাকায়।রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল গরুর মাংস সরকার-নির্ধারিত ২৭০ টাকায় বিক্রি হয়েছে। তবে কোনো কোনো বিক্রেতা প্রতি কেজি খাসির মাংসের দাম ক্রেতাদের কাছ থেকে ৪২০ থেকে ৪৩০ টাকা পর্যন্ত নিয়েছেন।অপরিবর্তিত যেসব পণ্য: বাজারে চালের দাম অবশ্য অনেকটাই স্থির। প্রতি কেজি মিনিকেট ৪২ থেকে ৪৬, নাজিরশাইল ৫২, মোটা চাল ৩৪ থেকে ৩৬ টাকায় বিক্রি হয়েছে। মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৯০ টাকায়। তা ছাড়া এখনো খোলা সয়াবিন পাওয়া যাচ্ছে না। কিছু দোকানে খোলা সয়াবিন পাওয়া যাচ্ছে ১০৯ থেকে ১১২ টাকায়। বিভিন্ন ব্র্যান্ডের এক লিটারের বোতলজাত সয়াবিন ১২১ থেকে ১২৩ এবং পাঁচ লিটারের বোতল ৫৯৫ থেকে ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।