বাজার চড়া মিষ্টান্নের দাম বেড়েছে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালবেলায় রান্নাঘর নিরুত্তাপ। হোটেল-রেস্তোরাঁর ঝাঁপ নামানো। পথের মোড়ের চা-দোকানগুলো পর্দা দিয়ে আড়াল টানা। জীবনযাত্রার অভ্যস্ত রুটিন পাল্টে গেছে। দুপুরের পর দৃশ্য অন্য রকম। পাড়ার মোড়ে, ব্যস্ত এলাকার ফুটপাতে টেবিল পেতে লাল সালু মোড়ানো বড় বড় ঝুরি-ডেকচি সাজিয়ে বসে গেল ইফতারির পসরা। হোটেলগুলোর সামনে ছোট্ট শামিয়ানা টানিয়ে ইফতারসামগ্রী বিক্রির আলাদা ব্যবস্থা। সামনে ক্রেতাদের ভিড়। গতকাল মঙ্গলবার প্রথম রমজানেই মহানগরে ফিরে এল ইফতারের আয়োজন নিয়ে চিরপরিচিত দৃশ্য। সকাল-সন্ধ্যা পানাহারে বিরত থেকে সিয়াম সাধনায় আত্মনিবেদন করেছেন অগণিত ধর্মপ্রাণ মানুষ। শহরে প্রকাশ্যে পানাহারের দৃশ্যও দেখা যাচ্ছে না বরাবরের মতোই। প্রাতরাশের সারা বছরের অভ্যাস ত্যাগ করে কাল মুখে কিছু না দিয়েই কর্মস্থলে চলে যান পেশাজীবী শ্রমজীবীরা, শিক্ষার্থীরা গেছে স্কুল-কলেজে। আগস্ট মাসের লম্বা দিন, তবে বেশ মেঘমেদুর ছিল আবহাওয়া। ফলে তা পানাহারে বিরত থাকার এই নতুন নিয়ম সয়ে উঠতে সহায়ক হয়েছিল।অফিসের সময়সূচিও বদলে গেছে। রোজাদারেরা সচেষ্ট ছিলেন দ্রুত হাতের কাজ শেষ করে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে। প্রথম রোজায় সপরিবারে ইফতার করতে আগ্রহী ছিলেন তাঁরা। সাধ্যমতো উপাদেয় খাবার সংগ্রহের চেষ্টা করেছেন অনেকেই অফিস থেকে বাড়িতে ফেরার পথে। ইফতারির দোকানগুলোতে ভিড় জমে উঠেছিল ক্রেতার। এতে করে বিকেলের পর শহরে যানজটও বেড়ে যায়।বাজারে এবার ভোগ্যপণ্যের দর বেশ চড়া। ইফতারিতে তার অনিবার্য প্রভাব। গত বছর যে জিলাপির সর্বনিম্ন দাম ছিল ৮০ টাকা, এবার তার দাম ১২০ টাকা। চিনির দাম এবার বেড়েছে বেশি। সে কারণে ইফতারির উপকরণে মিষ্টান্নের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ফখরুদ্দিন ফুডসের বাবুর্চি রফিক জানান, তাঁদের এখানে জিলাপিতে প্রতি কেজি দাম বেড়েছে ৫০ টাকা। বড় জিলাপির দাম এবার ২০০ টাকা এবং ছোট ৩৪০ টাকা কেজি। অন্য উপকরণের মধ্যে হালিম, গরুর চাপ ও মুরগির উপকরণগুলোতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এ ছাড়া বেগুনি, পেঁয়াজুসহ অন্যান্য উপকরণের দাম আগের মতোই আছে। ইফতারির বাজার ঘুরে দেখা গেল, তেল ও চিনির মূল্যবৃদ্ধির ফলে সব ধরনের উপকরণের দামই কিছু কিছু বেড়েছে। ব্যবসায়ী আনিসুল ইসলামের অফিস কাকরাইল, বাসা গুলশানে। প্রথম রোজার দিন বাসায় ইফতার করবেন। সে কারণে অফিস থেকে ফেরার পথে ফখরুদ্দিনের ইফতারি কিনতে এসেছিলেন তিনি। খাদ্যসামগ্রীর দাম নিয়ে বড়ই অসন্তুষ্ট। বললেন, ‘যে রকম দাম বেড়েছে, তাতে একটু ভালো দোকান থেকে ইফতারি কেনা মাঝারি বা নিম্ন আয়ের মানুষের পক্ষে অসম্ভব। আমাদের এখানে খাদ্যের মূল্য নিয়ে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ বিশ্বের অন্যান্য দেশে খাদ্যের দাম একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকে। সবাই সেই দামে খাবার কিনতে পারেন। উচ্চবিত্ত বা মধ্যবিত্ত হোটেল-রেস্তোরাঁয় একসঙ্গে বসেই খাবার খেতে পারেন। আমাদের এখানে সে ধরনের কোনো ব্যবস্থা নেই। হুটহাট করে খাবারের দাম বেড়ে যায় এবং হোটেল-রেস্তোরাঁগুলোতেও একটির সঙ্গে অন্যটিতে খাবারের দামের পার্থক্য থাকে অনেক। মাংসের দোকানগুলোর দিকে তাকালেই দেখতে পাবেন, কয়জন লোক, কোন শ্রেণীর লোক সেখানে কিনতে যাচ্ছেন। খাদ্যের দামের এই বৈষম্য থাকা উচিত নয়। মোটামুটি সব ধরনের খাবার সব শ্রেণীর মানুষের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যে থাকা প্রয়োজন। স্বাধীনতার ৪০ বছরেও সেটি আমরা করতে পারলাম না।’ মনে এই আক্ষেপ, হাতে হালিম ও জিলাপির প্যাকেট নিয়ে বাড়ির পথ ধরলেন তিনি।ওদিকে বাড়ি বাড়ি সাংসারিক গৃহকর্মের তোড়জোড়ও শুরু হয়েছিল বিকেল থেকে। গৃহিণীরা রান্নাঘরে ব্যস্ত সময় কাটিয়েছেন সকালে ভেজানো ছোলা দিয়ে ঘুগনি, পেঁয়াজু, বেগুনিসহ ঝাল মিষ্টির নানা ধরনের উপকরণ তৈরি, শরবত প্রস্তুত করার কাজে। তারপর খাবার টেবিলে পরিবারের সবাই বসেছেন ইফতারি সাজিয়ে মাগরিবের আজানের অপেক্ষায়। যাঁরা কর্মস্থলে ছিলেন, তাঁরাও সব সহকর্মী একত্রে বসেছেন ইফতারি নিয়ে। পথিকেরা গিয়েছেন নিকটস্থ হোটেল-রেস্তোরাঁয়। ঠিক সেই সময়টিতেই রাজপথে নেমে এসেছিল প্রায় জনশূন্যতা। প্রতীক্ষার অবস্থান ঘটিয়ে আজানের ধ্বনি ভেসে আসে একসময়। করুণাময়ের কৃপার প্রত্যাশায় রেজাদারেরা ওষ্ঠে তুলে ধরেন শীতল পানীয়র পেয়ালা।