বাজার থেকে মানহীন ওষুধ না সরানোয় অসন্তোষ
নীতিমালা অনুযায়ী মানসম্মত নয়, এমন কোম্পানির তৈরি ওষুধ বাজার থেকে সরিয়ে না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি অভিযুক্ত কোম্পানির ওষুধ বাজার থেকে দ্রুত সরিয়ে নিতে বলেছে। সংসদ ভবনে আজ বুধবার অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, ‘সংসদীয় কমিটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করে বেশ কিছু কোম্পানি এবং কোম্পানির ওষুধের নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে। এর পরও ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের মতো করে তদন্ত করে নয়টি প্রতিষ্ঠানকে ওষুধ উত্পাদনের অনুমতি দিয়েছে। কাজটি সঠিক হয়নি। কিসের ভিত্তিতে অধিদপ্তর নয়টি প্রতিষ্ঠানকে ওষুধ উত্পাদনের অনুমতি দিয়েছে, সে সম্পর্কে কমিটির আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে কমিটির সুপারিশ অনুযায়ী বাজার থেকে নিম্নমানের কোম্পানির ওষুধ সরিয়ে নিতে বলা হয়েছে।’প্রসঙ্গত, দেশের নিবন্ধিত ১৫১টি ওষুধ উত্পাদকারী প্রতিষ্ঠানের সার্বিক চিত্র তদন্ত করতে ২০০৯ সালের ২৯ জুলাই সাংসদ নাজমুল হাসানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট সংসদীয় উপকমিটি গঠন করা হয়। বিশেষজ্ঞদের নিয়ে প্রায় এক বছর কাজ করে কমিটি তদন্ত প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৬২টি ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান নিম্নমানের ওষুধ উত্পাদন করে। এরপর কমিটি বেশকিছু প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের ওষুধের নিবন্ধন বাতিলের সুপারিশ করে। তবে সংসদীয় কমিটি এখন পর্যন্ত এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি। শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মুরাদ হাসান ও জেড আই এম মোস্তফা আলী উপস্থিত ছিলেন।