বাজার নিয়ন্ত্রণের বাইরে
বিপাকে সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চমূল্যে দিশেহারা ভোক্তারা। দফায় দফায় বৃদ্ধি। আয় নির্দিষ্ট, কিন্তু প্রায় সব পণ্যের দামই বাড়তি। চাল, আটা ও ভোজ্যতেলের পাশাপাশি দাম বাড়ার তালিকায় নতুন যুক্ত হলো চিনি। এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে শুকনা মরিচ, রসুন, হলুদ ইত্যাদির দাম। সাধারণ মানুষের কথা মনে রেখে সরকার খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চালাচ্ছে। ওএমএসে পাঁচ কেজি করে চাল বিক্রি করা হয়। অন্যসব পণ্য বাজার থেকেই কিনতে হয়। কিন্তু ওএমএসেও কুলোচ্ছে না। চাল কিনতে আসা মানুষের সারি (লাইন) লম্বা হচ্ছে প্রতিদিনই। চাল ফুরিয়ে যায়, কিন্তু লাইন তখনো থাকে। গত মঙ্গলবার দুুপুরে রাজধানীর পল্লবীর আরামবাগ এলাকায় ওএমএসের লাইনে দাঁড়িয়ে থাকা রেজিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘বাবা, পাঁচ কেজি চালে ৫০ টাকা বাইচপো। হের জন্য সহাল থাইক্যা লাইনে আছি তিন ঘণ্টা। জানি না, চাইল পামু কি না।’এদিকে, সরকারকে ভুল বুঝিয়েও ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দুর্বল গবেষণার কারণে ব্যবসায়ীদের হিসাবই অনেক সময় মেনে নিতে বাধ্য হচ্ছে সরকার। যার চূড়ান্ত দায়ভার পড়ছে জনগণের ঘাড়ে। সব মিলিয়ে বাজার-ব্যবস্থাপনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো। চাল, আটা ও ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিই যখন অসহনীয় হয়ে উঠেছে, বাজারে তখন বাড়তি চাপ তৈরি করেছে বাংলাদেশ চিনি পরিশোধন কারখানা মালিক সমিতি। গত ৩০ জানুয়ারি চিনির দাম বাড়ানোর আবেদন করে এই সমিতি। কয়েক মাস ধরেই সংগঠনটি চিনির দাম অতিরিক্ত হারে বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। দাম বাড়ানোর কৌশল হিসেবে সমিতি তথ্য জালিয়াতি করেছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এখন ভোজ্যতেলের ক্ষেত্রেও এ রকম তথ্য জালিয়াতি করা হয়েছে কি না যাচাই করে দেখবেন তাঁরা। দাম বাড়ানোর যুক্তি হিসেবে চিনি পরিশোধন সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করে যে, চিনির আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল। সহনীয় পর্যায়ে দাম রাখা সম্ভব হবে না। অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর প্রতি টন ৮৪০ ডলার। সব খরচ ধরে খুচরা বাজারে তাই চিনির কেজি ৭৫ টাকা হওয়া উচিত। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সমিতিটি কমপক্ষে ১০০ ডলার বাড়িয়ে বলেছে। কারখানা-মালিকদের এই আবদার আমলে নেওয়া হয়নি। যোগাযোগ করলে সমিতির সদস্য এবং আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মহিউদ্দিন মোনেম প্রথম আলোকে জানান, চিনির দাম বাড়ানোর জন্য সমিতি মন্ত্রণালয়কে একটি অনানুষ্ঠানিক চিঠি দিয়েছে বলে তিনি শুনেছেন। এতে কিছু ভুল-বোঝাবুঝি হয়ে থাকতে পারে। অর্থাৎ সমিতি হয়তো বলেছে, এখন এলসি খোলা হলে কেজি ৭০ টাকার বেশি পড়বে। মহিউদ্দিন মোনেম আরও বলেন, মুখে কিছু বলার দরকার নেই। সব কোম্পানির এলসির কাগজপত্র পরীক্ষা করলেই হবে। কাল বৃহস্পতিবার (আজ) বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে এ ব্যাপারে বৈঠক রয়েছে বলেও জানান তিনি। বেসরকারি বিদ্যালয়ের কর্মকর্তা ক্ষমা মিত্র প্রথম আলোকে বলেন, ‘জীবন আর চলতে চাইছে না ভাই। চাল, তেল কিনতেই জান বেরিয়ে যাচ্ছে। দুই দিন ধরে বাড়ছে চিনির দাম। তাজ্জবের দেশ! আর কুলোতে পারছি না।’ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই এক কেজি মিনিকেট চালের দাম এখন ৫২ টাকা, পাইজাম ৪০ টাকা আর মোটা চাল ৩৭ টাকা। এক মাস আগেও কেজিতে একেকটি পণ্য দুই থেকে তিন টাকা করে কম ছিল। আটার দাম অবশ্য এক মাস ধরে স্থিতিশীল। বছরের হিসাবে বৃদ্ধির হার ৫৬ শতাংশ। অর্থাৎ এক বছর আগে যে আটা বিক্রি হতো ২১ থেকে ২২ টাকা কেজি, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকায়।ভোজ্যতেলের মধ্যে পাম তেলের দাম বছর হিসেবে বেড়েছে ৬১ শতাংশ। এক বছর আগে খোলা পাম তেল বিক্রি হতো ৫৯ থেকে ৬১ টাকা লিটারে। গতকাল বুধবারের বাজারদর ৯৬ থেকে ৯৭ টাকা। আর এক বছরে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ৪৬ শতাংশ। ৭০ থেকে ৭৪ টাকা লিটারের সয়াবিনের গতকালের বাজারদর ছিল ১০৩ থেকে ১০৭ টাকা।ডিসেম্বর-জানুয়ারি সময়ে ভোজ্যতেলের দুই দফা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু একবারও কথা রাখেননি ব্যবসায়ীরা। লিটারে পাঁচ থেকে ১০ টাকা করে বেশি রাখার কথা বাণিজ্যসচিব গোলাম হোসেন কয়েকবারই গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। ব্যবসায়ীদের এমন আচরণে সরকার গত এক মাস নীরবতা পালন করেছে। গত মঙ্গলবার ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটি ব্যবসায়ীদের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠক করেও কোনো সমাধানে আসতে পারেনি। জানা গেছে, বর্ধিত দামেও সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। তারা আরও বাড়াতে চান। দাম বাড়ানোর কৌশল হিসেবে ব্যবসায়ীরা এলসি খোলা কমিয়ে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ হাজার ৫০০ টন অপরিশোধিত সয়াবিন এবং ৩১ হাজার ১৭৬ টন পাম তেল আমদানির এলসি খোলা হয়েছে। অবশ্য চট্টগ্রাম কাস্টম সূত্র জানায়, মাসে এক লাখ টনের চাহিদার মধ্যে এরই মধ্যে এক লাখ ৩০ হাজার টন ভোজ্যতেলের মজুদ রয়েছে। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে দুই বছর ধরেই টিসিবিকে শক্তিশালী করার কথা বলে আসছেন। কার্যত কোনো নমুনা দেখা না যাওয়ায় তাঁর কথায় অবশ্য আস্থা রাখতে পারছেন না কেউই। বেসরকারি ওয়ান ব্যাংকের কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘মন্ত্রী হওয়ার পরপরই বাণিজ্যমন্ত্রী টিসিবিকে কার্যকর না করার যে ঘোষণা দিয়েছিলেন, তা আমরা ভুলে যাইনি। পরে প্রধানমন্ত্রীর ধমক খেয়ে তিনি সুর পাল্টিয়েছিলেন। কিন্তু তার মনে আসলে ওইটাই রয়ে গেছে। যে কারণে টিসিবিও রয়ে গেছে আগের মতোই।’ তবে গতকাল সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘টিসিবিকে শক্তিশালী করার চেষ্টা করেছি। আগামীতে সে চেষ্টা অব্যাহত থাকবে।’ চলতি বছরে টিসিবি চার হাজার কোটি টাকার পণ্যদ্রব্য বিক্রি করবে বলে জানান। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রথম দেড় বছর তা পারলেও গত ছয় মাস থেকে জিনিসপত্রের দাম কিছুটা বেশি। আগামী মে মাসের মধ্যে সয়াবিন তেল এবং এপ্রিলের শেষের দিকে চালের দাম কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার প্রথম আলোকে বলেন, টিসিবি বাজারে প্রভাব ফেলতে চায়। এ জন্য একেকটি পণ্যের ২০ শতাংশ নিজস্ব গুদামে রাখার চিন্তা রয়েছে। সে জন্য আগে গুদাম তৈরি করতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গুদাম নির্মাণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে ট্যারিফ কমিশন সূত্র জানায়, ভোজ্যতেলের আরেক দফা মূল্য নির্ধারণ করা হবে। এ বিষয়ে একটি সুপারিশ-সংবলিত প্রতিবেদন তৈরি হয়ে আছে কমিশনে। কত হবে তা আনুষ্ঠানিকভাবে জানাবে মন্ত্রণালয়। তবে মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমদানি ব্যয়, জাহাজভাড়া, বিমা খরচ, মূল্য সংযোজন কর (মূসক), যৌক্তিক মুনাফা, পরিবহন খরচ ইত্যাদি বিবেচনায় রাখা হয়েছে। চিনি ও ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে ডিও প্রথা বাতিল করে পরিবেশক পদ্ধতি চালুর কাজ চলছে বলে জানান বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন। তবে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেশ কিছু বিষয়ে আপত্তি থাকায় গত মঙ্গলবার এ-বিষয়ক খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।