বাজার সিন্ডিকেট ভেঙে টিসিবির কার্যক্রম জোরদার করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি জনগণকে উদ্ধারের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম জোরদার করা হবে।আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিলের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, টিসিবিকে শক্তিশালী করা ছাড়া বাজার সিন্ডিকেটের হাত থেকে দেশের মানুষকে উদ্ধার করা সম্ভব নয়। টিসিবি সক্রিয় থাকলে সিন্ডিকেট করে কারও পক্ষে দ্রব্যমূল্য বাড়ানো সম্ভব হতো না।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির উন্নতির জন্য সরকারি-বেসরকারি উভয় খাতের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, কেবল বেসরকারি খাতের ওপর নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বিশ্ব অর্থনৈতিক মন্দা ও খাদ্যসংকটের সময় এ কথা সত্যিকার অর্থেই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।শেখ হাসিনা আরও বলেন, বেসরকারি খাতের পাশাপাশি আমাদের শক্তিশালী সরকারি খাত ছিল বলেই বিশ্ব মন্দার খুব একটা প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়েনি। বেসরকারি খাতের ব্যাংক ও বিমা কোম্পানিগুলো আরও শক্তিশালী করতে হবে।প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য শেখ কবির হোসেন, সাংসদ মাহবুব আরা গিনি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।—বাসস