বাজার স্থিতিশীল মনে করছে সংসদীয় কমিটি
কিছু ভোগ্যপণ্যের দাম ওঠানামা করলেও নিত্যপণ্যের সার্বিক বাজার-পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ কথা জানানো হয়েছে। খবর বাসসের। কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়। সভায় বাজার-পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন—ভোজ্যতেল, চিনি, রসুন প্রভৃতি আমদানি করতে হয় বলে সেসব পণ্যের দাম কম-বেশি হচ্ছে। এ ছাড়া বাজারের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল। বাজার-পরিস্থিতি সহনীয় থাকায় কমিটি সন্তোষ প্রকাশ করে।কমিটির সভায় জানানো হয়, রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন, রপ্তানির বাজার সম্প্রসারণ ও সুসংহতকরণ, দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, আমদানি সহজ করাসহ বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন সহায়তার জন্য বিদেশি মিশনগুলোর মধ্যে ১৬টি দেশে ১৯টি কমার্শিয়াল উইং রয়েছে। সভায় আরও জানানো হয়, ২০১২-১৩ অর্থবছরে মোট রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২৮ হাজার মিলিয়ন মার্কিন ডলার, এর মধ্যে ২১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলার ১৬টি বাণিজ্যিক উইংয়ের বিপরীতে বণ্টন করা হয়েছে।সভায় কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, তহুরা আলী ও রুমানা মাহমুদ অংশ নেন। সভার শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পিপলস এমপাওয়ারমেন্ট’ এবং ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ক দুটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সভায় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কমার্শিয়াল উইংয়ের কার্যক্রম ও বর্তমান বাজার-পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।