বাজার স্থিতিশীলকরণ তহবিল আসছে: সালমান
এ মাসের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে বাজার স্থিতিশীলকরণ তহবিলের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান। আজ রোববার বিকেলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের সঙ্গে অনির্ধারিত সাক্ষাত্ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সালমান বলেন, ‘বাজার স্থিতিশীলকরণ তহবিল নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতাদের সঙ্গে কাজ করেছি। এটা চালিয়ে যাওয়া হচ্ছে। আশা করি ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ফান্ডের কার্যক্রম শুরু করা যাবে।’বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে সালমান বলেন, ‘বর্তমান বাজার নিয়ে আমি খুবই আশাবাদী।’ তিনি বলেন, এসইসি যে পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়ন হলে বাজার স্বাভাবিক হয়ে আসবে। তবে এ ক্ষেত্রে সময়ের প্রয়োজন রয়েছে। একটা সময় পর বাজার ঠিকই স্বাভাবিক হবে। তবে বাজার ওঠানামা করবে—এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।এর আগে গত ২৩ অক্টোবর বিএবির পক্ষ থেকে শেয়ারবাজার স্থিতিশীলকরণ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। পরে নভেম্বরের মধ্যে বিশেষ ফান্ড থেকে বাজারে তহবিলটির কার্যক্রম শুরু করার কথা জানায় বিএবি।