বাজার স্বাভাবিক, ব্যতিক্রম ছোলা ডাল পেঁয়াজ
ব্যবসায়ীরা এবারও রমজান শুরুর আগেই দাম বাড়ানোর কৌশল নিয়েছিলেন। তাতে কাজও হয়েছিল। সব ধরনের নিত্যপণ্যের দাম ছিল চড়া।সে অবস্থা থেকে গত কয়েক দিনে কিছু নিত্যপণ্যের দাম সামান্য কমেছে। তবে এরই মধ্যে ব্যবসায়ীরা যা মুনাফা করার, তা করে নিয়েছেন।নানা কারসাজির পর এখন চিনির বাজার অনেকটাই স্থির। প্রায় সব দোকানেই ৬৫ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল খুব একটা না মিললেও ক্রেতার ভোগান্তি নেই। চাহিদা পূরণ করছে বোতলজাত সয়াবিন তেল। চালের বাজার তো রমজানের আগে থেকেই স্বাভাবিক।কমেছে আকাশ ছুঁয়ে যাওয়া ছোলার দামও। দাম এখনো চড়া। কিছুটা দাম বেড়েছে ডাল ও পেঁয়াজের।পাইকারি ও খুচরা—দুই বাজারেই কমেছে ছোলার দাম। এর মধ্যে খুচরায় দাম কমেছে সামান্যই। অস্ট্রেলিয়ার ছোলা ৫৯ থেকে ৬০, মিয়ানমারের উন্নতমানের ছোলা ৮২ থেকে ৮৩ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা অস্ট্রেলিয়ার ছোলা ৬২ থেকে ৭০ ও মিয়ানমারের ছোলা ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি করছেন।মসুর ডালের পাইকারি দাম হঠাৎ কিছুটা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে খুচরা দোকানেও। সব ধরনের মসুর ডালেরই পাইকারি দাম দুই থেকে তিন টাকা বেড়েছে। দেশি মসুর (ছোট দানা) ৮২ থেকে ৮৩, দেশি মসুর (বড় দানা) ৫৫ থেকে ৫৬ এবং নেপালের ডাল (ক্যাঙারু) ৮৪ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে।খুচরা দোকানিরা দেশি মসুর (বড় দানা) ৯০ থেকে ৯২, বড় দানা ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি করছেন।মুগ ডালের পাইকারি দাম কমলেও খুচরায় বেড়েছে। পাইকারিতে মুগ (ছোট দানা) ১০২ ও বড় দানার দাম ছিল ৭৪ টাকা। তা খুচরা দোকানে বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ এবং ৯৫ থেকে ১১০ টাকায়।রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনো বেশ চড়া। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়। তবে অনেক মুদি দোকানে দাম ৪২ থেকে ৪৫ টাকা। এ ছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়।শ্যামবাজারের পাইকাররা জানান, গত কয়েক দিনে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা।রাজধানীর দোকানে এখনো খোলা সয়াবিন তেলের সংকট আছে। বিক্রেতারা বোতলজাত সয়াবিন কেনা-বেচাতেই বেশি উৎসাহী। বিভিন্ন ব্র্যান্ডের এক লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে ১২১ থেকে ১২৩ টাকায়। আর পাঁচ লিটারের বোতলজাত তীর সয়াবিন তেল ৫৯৫, রূপচাঁদা ৬০৫ এবং ফ্রেশ ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে। কিছু দোকানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০৯ থেকে ১১২ টাকায়।