বাজারভরা মধুর ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্ম এবার তার স্বরূপে নেই। মেজাজ পাল্টেছে। দারুণ দহনে চরাচর দগ্ধ করার বদলে বৃষ্টির অমিয় ধারায় সঞ্জীবিত করে তুলছে প্রকৃতি। আকাশজুড়ে মেঘের আনাগোনা প্রায়ই। বিদ্যুৎ চমক, মেঘের গুরুগুরু। কোনো কোনো দিন তো সূর্যের দেখাই মেলে না। মনে হয় ঘনঘোর বর্ষা। অথচ পঞ্জিকার পাতায় চলছে জ্যৈষ্ঠের দিন গোনা।আবহাওয়া যেমনই হোক, গ্রীষ্ম ঠিকই ডালা সাজিয়ে দিয়েছে তার অতুলনীয় সব ফলের সম্ভারে। পাড়ার মোড়ে, ফলের দোকানে বাঁশের ঝুড়ি ভরা টুকটুকে লাল লিচুর গুচ্ছ। হলুদের ছোপ লাগা হিমসাগর, গোপালভোগ প্রভৃতি। উঁকি দিচ্ছে রসে ভরা টসটসে কালো জাম, শুভ্র জামরুল। কাঁঠালও মুখ দেখাচ্ছে কোথাও কোথাও। তীক্ষধার কাটারির আঘাতে শক্ত খোলস থেকে বেরিয়ে আসছে সরস কচি তালশাঁস। এমন দেশি ফলের ছড়াছড়ি চারপাশে।সারা বছরই দেশে কোনো না-কোনো মৌসুমি ফল হয়। তবে পরিমাণে ব্যাপক, প্রকারে বৈচিত্র্যময়, স্বাদে অনন্য, জনপ্রিয়তায় শিখরস্পর্শী ফলের সম্ভার মেলে গ্রীষ্মেই। বৈশাখের শুরু থেকেই বাজারে একটি-দুটি করে তারা মুখ দেখায়। জ্যৈষ্ঠে তাদের প্রাচুর্য। সে বিবেচনায় অনায়াসে গ্রীষ্মের এই শেষ মাসটিকে ফলের মাস বলে আখ্যা দিলেও অতিরঞ্জিত হবে না। তবে অধুনা জ্যৈষ্ঠকে কেন যেন ‘মধুমাস’ বলে উল্লেখ করা হচ্ছে। হয়তো হতে পারে জ্যৈষ্ঠে মধুর রসের ফলের প্রাচুর্যের কারণেই একে মধুমাস বলে কারও মনে হয়েছে। তবে একটু অভিধান খুলে দেখার কষ্ট সহ্য করলেই এই ভ্রান্তি এড়ানো যায়। ব্যাখ্যাসমেত নিঃসন্দেহ হওয়া যায় যে বাংলায় মধুমাস হলো চৈত্র, জ্যৈষ্ঠ নয়।যাক সে প্রসঙ্গ। ফলবান জ্যৈষ্ঠের ফলের খ্যাতি যেমন, দামও তেমনি। বাজারে ফল কিনতে গিয়ে পকেটে হাত ঢুকিয়ে থমকে যেতে হয় অনেককে। উপায় কী? লিচুর শত ৩০০ ছুঁই ছুঁই। এক কেজি কালো জাম কিনতে গুনতে হয় ২০০ টাকা। তিন শাঁসের প্রতিটি কচি তাল ১৫ টাকা। বাজার ঘুরে দেখা গেল, ভালো জাতের ল্যাংড়া ১২০ টাকা, হিমসাগর ১০০, গোবিন্দভোগ-গোপালভোগ এসব ৮০-৯০ টাকা কেজি। কিছু কমেও মিলবে। তবে সেগুলোর চেহারা অশীতিপর বৃদ্ধের ত্বকের মতো কুঞ্চিত। কাঁঠাল উঠতে শুরু করেছে সবে। দাম হাঁকা হচ্ছে ১৫০-২০০ টাকা প্রতিটি।বড় মোক্ষম লিখেছিলেন কবি নির্মলেন্দু গুণ, ‘আম উঠেছে, জাম উঠেছে, কাঁঠাল পাকা পাকা/ কিন্তু কিছুই কেনা যাচ্ছে না পকেটে নেই টাকা/ কোথায় গেল টাকা...(পড়ুন ‘গভারমেন্টের টাকা’)।’ টাকা তো গেছে—বাড়ি ভাড়ায়, গ্যাস-বিদ্যুৎ বিলে, বাস-রিকশা ভাড়ায়, ছেলেপুলেদের স্কুল-কোচিংয়ের বেতনে, টিফিনে, ডাক্তারের ফি-ডায়াগনস্টিক সেন্টারের বিল-ওষুধের দোকানে, পাড়ার মুদিখানার বাকি শুধতে। তারপর যা অবশিষ্ট, তাই দিয়ে মাছ-শাক, চাল-ডাল-নুন-তেলের টানাটানি। উপরন্তু, বোঝার ওপর শাকের আঁটির মতো আছে অতিথি আপ্যায়ন, বিয়ে-শাদির দাওয়াত প্রভৃতি। এর মধ্যে ফলের স্থান কোথায়?তবু বছরকার ফল বলে কথা। সাধ-সাধ্যের টানাটানি কবে আর স্বস্তি দিয়েছে সংসারের ঘানি টানা গোনাগুনতি আয়ের আমজনতাকে। এদিক-ওদিক একটু কাটছাঁট করে, ওই মুখরক্ষার মতো করে, কোনো দিন একগোছা লিচু, কিংবা দু-এক কেজি আম যদি বাড়িতে আনা যায় তাহলেই হলো। কিন্তু তাতেও কি তৃপ্তি মেটে? দেখা গেল, এত কষ্টের টাকায় কেনা আম মুখে দিতেই জিহ্বায় জ্বালা, গলায় কুটকুট। ফলটি যে পাকানো রাসায়নিক দিয়ে। বাইরে থেকে বোঝার উপায় নেই। কিন্তু এসব বলেই বা কী লাভ! সেই যে কথা আছে—কার গোয়াল, কে দেয় ধোঁয়া। দিন যে যাচ্ছে, এই তো বেশ।