বাজারভর্তি পণ্য তবু দাম নিয়ে শঙ্কা
আর কয়েক দিন পরেই রমজান মাস শুরু। বাজারে পণ্যের যথেষ্ট পরিমাণ মজুদ আছে। দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই বলেও মনে করেন ব্যবসায়ীরা। বাজার ঘুরেও দেখা গেছে, গত দুই সপ্তাহে দু-একটি পণ্যের দাম কিছুটা বাড়লেও বাকিগুলো মোটামুটি স্থিতিশীল আছে। তার পরও রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে সবার মনেই নানা শঙ্কা।রোজার মাসে সবচেয়ে বেশি চাহিদা বাড়ে ছোলা, বুট, খেসারির ডাল, চিনি, মটর, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, বেগুন, শসা, কাঁচামরিচের। এর পাশাপাশি সাধারণ মাংস, মাছ, দুধ এবং সুগন্ধি ও চিকন চালের চাহিদাও বাড়ে। প্রতিবছরই দেখা যায়, রোজার শুরুতেই এসব পণ্যের দাম বেড়ে যায়। এবার অবশ্য এসব পণ্যের দাম আগে থেকেই বেড়ে আছে। দু-একটি ছাড়া নতুন করে গত দুই সপ্তাহে তেমন আর বাড়েনি। দাম বেড়েছে কাঁচামরিচ ও বেগুনের। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের ব্যবধান অনেক।সরকার সম্প্রতি রমজান মাসের জন্য কারখানা গেটে ভোজ্যতেল, চিনি এবং গরু, খাসি ও মহিষের মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়নি। খুচরা বিক্রেতারা বলছেন, পরিবেশকেরা তাঁদের জানিয়ে দিয়েছেন যে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়বে। এ জন্য বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বলেও তাঁরা জানান।চিনি ও ভোজ্যতেলের দাম নিয়ে উৎকণ্ঠা: রমজান মাসে ক্রেতাদের এবার সবচেয়ে বেশি উৎকণ্ঠায় থাকতে হবে চিনি ও ভোজ্যতেলের দাম নিয়ে। চিনির পাইকারি ব্যবসায়ী ও বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম বলেন, বাজারে বর্তমানে চিনি ও ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই। মিল-মালিকেরা যদি উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখেন, তাহলে রমজানে দাম বাড়বে না।বিদ্যমান বাজারদরের চেয়ে দুই টাকা বাড়িয়ে গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় মিল গেটে কেজিপ্রতি সয়াবিন তেল ৭৬ টাকা, পাম সুপার তেল ৭২ টাকা এবং পাম তেল ৬৯ টাকা নির্ধারণ করে দিয়েছে। আর নির্ধারণ করা খুচরা দর হচ্ছে: সয়াবিন ৮০ টাকা, পাম সুপার তেল ৭৬ টাকা এবং পাম তেল ৭৩ টাকা। অথচ এদিন এসব ভোজ্যতেল বাজারে বিক্রি হয়েছে সরকার-নির্ধারিত দামের তুলনায় দুই টাকা কমে। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ভোগ্যপণ্যের দোকান আল্লাহ দানের বিক্রেতা সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল তিনি খোলা সয়াবিন তেল ৮০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। এক সপ্তাহ আগে এ দাম ছিল কেজিপ্রতি ৭৫ টাকা। অর্থাৎ সরকারি ঘোষণার ফলে দাম বেড়েছে দুই টাকা। পাশের মিলন ট্রেডার্সের বিক্রেতা কবির হোসেন জানান, ‘হেরা (বোতলজাত তেলের সরবরাহকারীরা) বলতাছে, দাম আরও বাড়াইব। রূপচাঁদা বলছে, মাল নাই। আগামীতে যেটা আইব, দাম বেশি থাকব।’ ঢাকার মৌলভীবাজারের খুচরা ভোজ্যতেল ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, রোজা শুরুর ১০-১২ দিন আগে কোম্পানিগুলো বোতলজাত ভোজ্যতেলের দাম দুই টাকা বাড়িয়ে দিয়েছে। আবারও দাম বাড়ার কথা বলছে। গতকাল বিভিন্ন বাজারে ৫ লিটারের তীর সয়াবিন তেলের বোতল ৪২৪ টাকা, রূপচাঁদা ৫ লিটারের বোতল ৪৩৫ টাকা; দুই লিটারের তীর সয়াবিন তেল ১৭২ টাকা, রূপচাঁদা ১৭৬ টাকা; এক লিটারের তীর সয়াবিন তেল ৯০ টাকা এবং রূপচাঁদা ৯২ টাকা করে বিক্রি হতে দেখা গেছে।গতকাল বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে চিনির দর ছিল ৪৮ থেকে ৫০ টাকা। এ দরও সরকারের বেঁধে দেওয়া দামের তুলনায় বেশি। কারখানা গেটে চিনির নির্ধারিত দর হচ্ছে ৪৩ টাকা। পাইকারি ও খুচরা দামে ব্যবধান: পুরান ঢাকার ডালের পাইকারি ব্যবসায়ী ওমর আলী জানান, কানাডা, অস্ট্রেলিয়া ও তুরস্ক থেকে আমদানি করা ছোলার পর্যাপ্ত মজুদ আছে। ফলে এবার দাম বাড়ার কোনো কারণ নেই, বরং দাম কমা উচিত। তবে বাজার ঘুরে দেখা গেছে, ছোলা, বুট, মটর, খেসারির পাইকারি ও খুচরা দামের মধ্যে বড় ধরনের ব্যবধান। খুচরা বিক্রেতারা জানান, গত দুই সপ্তাহে এসব পণ্যের দাম কেজিপ্রতি দু-এক টাকা কমেছে। মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের মিলন ট্রেডার্সে গতকাল ছোলা কেজিপ্রতি ৪৬ থেকে ৫০ টাকা, বুট ২৮ থেকে ৩০ টাকা, খেসারির ডাল ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হয়েছে। নয়াবাজারের মুদিদোকানি আবুল কালাম জানান, গতকাল তিনি ছোলা ৪৪ থেকে ৪৫ টাকা, খেসারি ডাল ৪২ থেকে ৪৮ টাকায় বিক্রি করেছেন। তবে পাইকারি বাজারে এসব পণ্যের দাম অনেক কম। রহমতগঞ্জের ডালের পাইকারি দোকান রাজ্জাক বিতানে গতকাল ছোলা ৩৮ থেকে ৪০, খেসারি ৩৫ থেকে ৪০ এবং মটর ২৩ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আলু-পেঁয়াজ স্থিতিশীল, রসুন-আদা ঊর্ধ্বমুখী: গত দুই মাসেরও বেশি সময় ধরে আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল। পাইকারি বিক্রেতারা বলেন, এ বছর দেশে ও ভারতে এ দুটি পণ্যের উৎপাদন ভালো হয়েছে। ফলে বাজারে সরবরাহ ভালো, দামও নিয়ন্ত্রণের মধ্যে। পুরান ঢাকার শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ী আবদুর রহিম জানান, এ বছর দেশি পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে। পাশাপাশি ভারতের পেঁয়াজও রয়েছে। তাই এ বছর রোজায় পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই। তিনি জানান, তাঁদের বাজারে প্রতি কেজি আলু ১১ থেকে ১২ টাকা, দেশি পেঁয়াজ ১৯ থেকে ২০ টাকা এবং ভারতীয় ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর আদার দর কেজিপ্রতি ৯৭ থেকে ১০০ টাকা এবং দেশি রসুন ১২৬ থেকে ১২৮ টাকা। তবে খুচরা পর্যায়েও এসব পণ্যের দর অনেক বেশি। মোহাম্মদপুর টাউন হল মার্কেট কাঁচাবাজারের ব্যবসায়ী মো. স্বপন আলু কেজিপ্রতি ১৫ টাকা, দেশি পেঁয়াজ ২৬ টাকা, ভারতীয় পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা, রসুন ও আদা কেজিপ্রতি ১৬০ টাকা দাম চাইলেন। বিক্রেতারা জানান, গত দুই সপ্তাহে আদা-রসুনের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।মাংস: মোহাম্মদপুরের বিভিন্ন বাজার, শুক্রাবাদ কাঁচাবাজার ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, মাস তিনেক আগে মুরগির দাম হঠাৎ করে কেজিপ্রতি ৩৫ থেকে ৪০ টাকা বেড়ে যায়। এরপর থেকে দাম একই আছে। তবে সরবরাহের কোনো কমতি নেই। ঢাকা সিটি করপোরেশন প্রথম রোজা থেকে ২৭ রোজা পর্যন্ত গরুর মাংস কেজিপ্রতি ২৫০ টাকা, মহিষ ২২০, খাসি ৩৫০, ভেড়া ও ছাগির মাংস কেজিপ্রতি ৩০০ টাকা নির্ধারণ করে দিয়েছে। তবে বাজার ঘুরে মহিষ, ভেড়া বা ছাগির মাংস খুঁজে পাওয়া ভার। বিক্রেতারা এসব মাংস থাকার কথা স্বীকারই করতে চান না। ফলে কেউ মহিষের মাংস কিনলেও তাঁকে গরুর মাংসের, ছাগি বা ভেড়ার মাংস কিনলেও খাসির মাংসের দাম পরিশোধ করতে হয়।নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারের মাংস বিক্রেতা আবিদ আলীর দোকানে ‘গরুর মাংস’ বিক্রি হচ্ছিল ২৫০ টাকা কেজি দরে। মহিষের মাংস কত করে বিক্রি করেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দোকানে মহিষ নাই।’ পাশে আরেকটি দোকানের পাশে অনেক ছাগি ও কিছুসংখ্যক খাসি বেঁধে রাখতে দেখা যায়। ওই দোকানের বিক্রেতা শামসু মিয়া দাবি করেন, তাঁর দোকানে যা আছে, সব খাসির মাংস। আর দাম প্রতি কেজি ৩৫০ টাকা। আবার নয়াবাজারের মজিবরের মাংসের দোকানে বিক্রেতা খাসির মাংসের দাম হেঁকেছেন কেজিপ্রতি ৪০০ টাকা। এত দাম চাওয়ার কারণ জানতে চাইলে বিক্রেতা দিলেন অভিনব যুক্তি, ‘চামড়ার দাম কম’।কাঁচামরিচ-বেগুনের দাম বেড়েছে: মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের পাশে একটি চেইন শপে কাঁচামরিচ কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অথচ বাজারের সবজি বিক্রেতারা একই পণ্য ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করছেন।সবজি বিক্রেতা জয় এক কেজি মরিচের দাম চাইলেন ১২০ টাকা। ওই সুপার শপে দাম ৮০ টাকা, আপনি কেন এত চাইলেন?—এ কথার জবাবে জয় বলেন, ‘মরিচে ভালো-মন্দ বিষয় আছে।’ ওই দোকানে আসা এক ক্রেতা এ সময় ওই বিক্রেতাকে বলেন, ‘এ জন্য ৫-১০ টাকা ব্যবধান থাকবে। ৪০ টাকা কেন?’ এরপর জনি দিলেন নতুন যুক্তি। ‘একটা দোকানে চারজন কর্মচারী খাটি। খাওয়ার খরচ আছে। কিছু দাম তো বেশিই অইব।’ টাউন হল বাজার, নিউমার্কেট বনলতা কাঁচাবাজার, শুক্রাবাদ বাজারে গিয়ে বেগুন কেজিপ্রতি ৪০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। গত কয়েক দিনে কাঁচামরিচ ও বেগুনের দাম বেড়েছে বলে বিক্রেতারা জানান।চালের দাম এখনো বেশি: বোরোর ভরা মৌসুমেও চালের দাম বেশি। খুচরা বিক্রেতারা জানান, নাজিরশাইল ছাড়া বাকি চিকন চালের দাম গত সপ্তাহে কেজিপ্রতি এক থেকে দুই টাকা কমেছে। তবে মোটা ইরি চালের দাম আবারও এক টাকা বেড়েছে। আর নাজিরশাইল চালের দাম আবারও বেড়ে সবচেয়ে ভালোটির দাম কেজিপ্রতি ৫০ টাকা ছুঁয়েছে।টাউন হল মার্কেটের শরীয়তপুর রাইছ স্টোরের মো. সালাউদ্দিন জানান, গতকাল তিনি মানভেদে মিনিকেট চাল ৪০ থেকে ৪২, স্বর্ণা ৩৫ থেকে ৩৬, বিআর-২৮ চাল কেজিপ্রতি ৩৪ থেকে ৩৬ টাকা করে বিক্রি করেছেন। এসব চাল পাইকারি বাজারে মণপ্রতি ২৫ থেকে ৩০ টাকা কমায় তাঁরাও কেজিপ্রতি এক টাকা করে কমিয়েছেন। তবে মোটা ইরি চালের দাম পাইকারি বাজারে বাড়ায় তাঁরাও এক টাকা বাড়িয়ে ৩০ টাকা কেজি দরে বিক্রি করছেন। আর নাজিরশাইল চালের দাম আরেক দফা বেড়ে ৪৫ থেকে সর্বোচ্চ ৫০ টাকা হয়েছে।