রাজধানীর কাঁচাবাজার-গুলোতে নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ পণ্যের দাম বাড়তির দিকে। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম গত সপ্তাহের চেয়ে কমেছে।আবার অপেক্ষাকৃত সরু চাল ও আটার দাম অপরিবর্তিত থাকলেও সামান্য বেড়েছে মোটা চালের দাম। শাকসবজির দাম মোটামুটি স্থিতিশীল। বেড়েছে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম।ঢাকার বিভিন্ন বাজার ঘুরে গতকাল রোববার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের এমন চিত্র পাওয়া গেছে।কারওয়ান বাজারে স্বর্ণা বা চায়না ইরি হিসেবে পরিচিত মোটা চাল প্রতি কেজি ২৭ থেকে ২৮ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দোকানিরা জানান, আগের সপ্তাহের চেয়ে এই চালের দাম প্রতি কেজিতে বেড়েছে এক থেকে দুই টাকা। কারওয়ান বাজারের অদূরে কাঁঠালবাগান ও হাতিরপুল কাঁচাবাজারে এই চালই বিক্রি হচ্ছে আরেকটু বেশি দামে।সারা দেশে বোরো ধান কাটা শুরু হয়েছে। এই সময়ে মোটা চালের দাম না কমায় স্বল্প আয়ের ক্রেতারা অসন্তুষ্ট। দিনমজুর আলী আহমদ ক্ষোভের সঙ্গে বললেন, ‘আগে নতুন ধান-চাল উঠলি দাম কমত। এখন উল্টো বাইড়ে যায়। দিন বদলানির সঙ্গে সঙ্গে সবকিছু বদলাইয়া গেছে।’তবে কারওয়ান বাজারের চাটখিল রাইস মিলের স্বত্বাধিকারী বেলাল হোসেন বলেন, ‘ধান কাটা শুরু হলেও বাজারে এখনো নতুন চাল তেমনভাবে আসেনি। নতুন চাল এলে আশা করা যায় দাম কিছুটা হলেও কমবে।’বাজারগুলোতে সাধারণ মানের নাজিরশাইল ও মিনিকেট প্রকার ও দোকানভেদে কেজিপ্রতি ৩২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। অপেক্ষাকৃত উন্নতমানের নাজিরশাইল ও মিনিকেট বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৬ টাকায়। পাইজাম ও লতার মতো মাঝারি মানের চাল প্রতি কেজি ৩৪ থেকে ৩৮ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ভোজ্যতেলের মধ্যে খোলা সয়াবিন তেল কোনো বাজারে ৭৮ টাকা, আবার কোনো কোনো বাজারে ৮৫ টাকায়ও বিক্রি হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ার নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) প্রতিদিনের বাজার পর্যালোচনা প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল রাজধানীর বাজারে খোলা সয়াবিন তেলে গড় মূল্য ছিল ৮১ টাকা ২৮ পয়সা, আগের দিনের চেয়ে যা দশমিক ২২ পয়সা কম। খোলা পাম তেল বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৪ টাকায়। গত কয়েক দিনে সব ধরনের ডালের দামই কেজিপ্রতি এক থেকে দুই টাকা বেড়েছে। গতকাল বাজার ও প্রকারভেদে প্রতি কেজি দেশি মসুর ডাল ৯৮ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে। নেপালি ও তুরস্কের বড় দানার মসুর বিক্রি হয়েছে যথাক্রমে ৯৮ থেকে ১১৫ ও ৭২ থেকে ৯০ টাকায়। মুগ ডাল মানভেদে ১১০ থেকে ১৩০ টাকার মধ্যে বিক্রি হয়। অ্যাংকর ডাল বিক্রি হয়েছে ২৬ থেকে ৩২ টাকার মধ্যে। আর প্রতি কেজি ছোলা ৪২ থেকে ৬৪ টাকায় বিক্রি হতে দেখা গেছে।আলুর দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে এক থেকে দুই টাকা বেড়ে ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বিপণনকারী সরকারি প্রতিষ্ঠান টিসিবি ও সানেমের প্রতিবেদনেও আলুর দাম বাড়ার তথ্য রয়েছে। ব্যবসায়ীদের দাবি, বিদ্যুতের সংকটের কারণে সারা দেশের বিভিন্ন হিমাগারে বিপুল পরিমাণ আলু নষ্ট হয়েছে। এ কারণে ভবিষ্যতে আলুর সরবরাহ কমতে পারে—এই আশঙ্কা থেকে আলুর দাম বেড়েছে।বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৮ থেকে ২৪, আমদানি করা পেঁয়াজ ২০ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন মানভেদে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায় এবং আমদানি করা রসুন ১২০ থেকে ১৩০ টাকায়। গরুর মাংসের দাম বিভিন্ন বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকায়। হ্যাচারি পর্যায়ের মুরগির বাচ্চার দাম বেড়ে যাওয়ার কারণেই ব্রয়লার মুরগির দাম বেড়েছে বলে দাবি মুরগি বিক্রেতাদের।চিনির দাম গত সপ্তাহে হঠাৎ করে বাড়তে শুরু করলেও এ সপ্তাহের শুরুতে নতুন করে আর বাড়েনি।