বাজারে আছে ২৩ হাজার ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিবন্ধনকৃত ওষুধ কোম্পানির সংখ্যা ২৫৭। এর মধ্যে বর্তমানে সচল আছে ১৯৪টি। এসব কোম্পানির প্রায় ২৩ হাজার ওষুধ বাজারে আছে। প্রথম সারির ২০টি কোম্পানি ৮৪ শতাংশ ও ৪০টি কোম্পানি ৯৫ শতাংশ বাজার দখল করে আছে। ১৫৪টি কোম্পানির দখলে বাকি ৫ শতাংশ। ওষুধ শিল্প সমিতি সূত্র এ তথ্য জানিয়েছে।বাজারে কত ওষুধ: বাংলাদেশে গবেষণা করে নতুন ওষুধ (জেনেরিক বা রিসার্চ মলিকুল) তৈরির নজির নেই। অন্য দেশে আবিষ্কৃত ওষুধ এ দেশের ওষুধ কোম্পানিগুলো তৈরি করে বিভিন্ন বাণিজ্যিক নামে (ব্র্যান্ড নেম) বাজারে ছাড়ে। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে দেশের জেনেরিক ওষুধের সংখ্যা এক হাজার ২০০-এর কিছু বেশি। আর কোম্পানিগুলোর ব্র্যান্ড ওষুধের সংখ্যা ২৩ হাজারের মতো।জেনেরিক অর্থ অভিন্ন শ্রেণীভুক্ত। জেনেরিক নাম হয় সংশ্লিষ্ট ওষুধের রাসায়নিক উপাদানের ভিত্তিতে। প্যারাসিটামল একটি জেনেরিক ওষুধ। অধিদপ্তর জানাচ্ছে, দেশে ১৭৫টি ওষুধ কোম্পানি বিভিন্ন ডোজের প্যারাসিটামল তৈরি করে। যেমন বেক্সিমকো ফার্মা একাই ১২টি পৃথক ডোজের প্যারাসিটামল তৈরি করে (নাপা পেডিয়াট্রিক ড্রপ, নাপা সিরাপ, নাপা সাসপেনশন, নাপা বড়ি-৫০০ এমজি, নাপা ১২৫ সাপোজিটরি, নাপা ২৫০ এমজি সাপোজিটরি, নাপা ৫০০ এমজি সাপোজিটরি, নাপা ৬০ এমজি সাপোজিটরি, নাপা ডিটি ৫০০ এমজি, নাপা এক্সট্রা, নাপাডোল, নাপাসপ্ট)। এসব কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের ৪১৩টি প্যারাসিটামল ওষুধ বাজারে আছে। ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির জানিয়েছেন, কোম্পানিগুলো গত ছয় মাসে প্রায় এক হাজার ২০০টি ব্র্যান্ড ওষুধের দাম বাড়িয়েছে। একই সঙ্গে ৬০০ থেকে ৭০০টি ব্র্যান্ড ওষুধের দাম কমেছে। দাম কমানো ওষুধের মধ্যে অ্যাজমার মন্টিলিউকাস ও ডায়াবেটিসের সিটাগ্লিপটিন অন্যতম।অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন বলেন, প্রায় প্রতিদিনই কোনো না কোনো ওষুধের দাম বাড়ছে।দাম কমে আবার বাড়ে: ওষুধের খুচরা বিক্রেতারা জানিয়েছেন, দুই বছর আগে ব্যথানাশক ইনজেকশন/অ্যান্টিবায়োটিক সেফট্রোম এক ভায়ালের দাম ছিল ৩০০ টাকা। এরপর কোম্পানি দাম কমায়। দুই মাস আগপর্যন্ত ওষুধটি ১৬০ টাকায় বিক্রি হয়েছে। এখন আবার দাম বাড়িয়ে ১৯০ টাকা করা হয়েছে।একজন বিক্রেতা প্রশ্ন করেন, ‘যখন ৩০০ টাকা দাম ছিল তখন কোম্পানি লাভ করেছিল। যখন দাম কমিয়ে ১৬০ টাকা করা হয় তখনো কিন্তু তারা লাভ করত। তাহলে প্রথমে কোম্পানিটি আসলে কত লাভ করত।’ওষুধ কোম্পানির মালিকেরা বলছেন, এটা ব্যবসার কৌশল। বাজারে কোনো কোম্পানি নতুন ওষুধ আনলে সে একচেটিয়া ব্যবসার সুযোগে দাম বেশি রাখে। কিন্তু কিছুদিনের মধ্যে অন্য কোম্পানি একই ওষুধ বাজারে ছাড়লে প্রথম কোম্পানিটি দাম কমায় ব্যবসার কৌশল হিসেবে। লাভ করার জন্যই সে আবার দাম বাড়ায়।কত দাম: গ্যাস্ট্রিকের একটি ওষুধের নাম রেনিটিডিন (জেনেরিক নাম)। স্কয়ার এই ওষুধটি নিওটেক নামে বাজারে ছেড়েছে। একটি বড়ির দাম আড়াই টাকা। বেক্সিমকোর এই ওষুধের নাম নিওসেপ্টিন। দাম আড়াই টাকা। জিসকা ফার্মার ওই ওষুধের নাম রে-নিড, একটি বড়ির দাম ৮০ পয়সা।একটি বড় ওষুধ কোম্পানিতে আট বছর কাজ করে রাজধানীর আজিজ সুপার মার্কেটে ওষুধের ব্যবসা করছেন রাসেল মাহমুদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘একটি বড়ি তৈরিতে খরচ হয় ২৫ পয়সা। জিসকা ফার্মা ৮০ পয়সায় বিক্রি করতে পারলে অন্য কোম্পানিরা তা পারবে না কেন?’দামের এই পার্থক্য সম্পর্কে ওষুধ শিল্প সমিতির মহাসচিব আবদুল মুক্তাদির বলেন, বাজার পাওয়ার জন্য কোনো কোনো প্রতিষ্ঠান ওষুধের দাম কম রাখতে চায়। এটা ব্যবসার কৌশল। তবে বেশি দিন তাদের পক্ষে দাম কম রেখে চলা সম্ভব হয় না।