বাজারে আসছে নকিয়া ই৭ কমিউনিকেটর
নকিয়া বিজনেস স্মার্ট ফোন ‘নকিয়া ই৭ কমিউনিকেটর’ ২৩ এপ্রিল থেকে দেশের বাজারে পাওয়া যাবে। এর দাম হবে ৪৮ হাজার ৫০০ টাকা। এতে চার ইঞ্চি টাচ ক্লিয়ার ব্যাক ডিসপ্লে, পরিপূর্ণ কি-র্বোড ও অভি স্টোরের অনেক বিজনেস অ্যাপ্লিকেশনের সুবিধা রয়েছে।আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের স্থানীয় একটি হোটেলে নকিয়া আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।নকিয়া ইএ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, গ্রাহকেরা এমন একটি সমাধান খুঁজছিলেন, যা একই সঙ্গে অফিস ও ব্যক্তিগত জীবন সমন্বয় করতে পারে। ব্যবসায়িক পরিসরে এটি ‘কনজুমারাইজেশন অব আইটি’ হিসেবে পরিচিত। নকিয়া ই৭ গ্রাহকদের এমন একটি স্মার্ট ফোনের ব্যবস্থা করছে যেখানে নিজেদের কর্মক্ষেত্রে গ্রাহকেরা করপোরেট ম্যাসেজিং সার্ভারসের সঙ্গে যুক্ত হতে পারবেন।’আব দাউদ জানান, করপোরেট ব্যবহারকারীদের জন্য নকিয়া ই৭-এ সরাসরি, সুরক্ষিত ও মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে যথার্থ যোগাযোগের ব্যবস্থা আছে। মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে করপোরেট ইনবক্স, ক্যালেন্ডার, কনটাকটস, টাসকস ও করপোরেট ডিরেক্টরির সুবিধা আছে। উদ্যোক্তারা মোবাইল ম্যাসেজিং অবকাঠামো ব্যবহার করে প্রশাসনিক, লাইসেন্সিং ও সংরক্ষণ বাবদ অপ্রয়োজনীয় খরচের হাত থেকে নিজেদের দূরে রাখতে পারেন। নকিয়া স্মার্ট ফোনের জন্য মাইক্রোসফট অফিস কমিউনিকেটর মোবাইল উদ্ভাবন করেছে। এতে করে নকিয়া ই৭-এ করপোরেট ইনস্ট্যান্ট ম্যাসেজিংয়ের সুবিধার সমন্বয়ও ঘটেছে।