বাজারে আসার চূড়ান্ত সময় আবার বেঁধে দিলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির শেয়ার ছাড়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। তবে কয়েকটি কোম্পানিকে শেয়ার ছাড়ার কার্যক্রম থেকে বাদ রাখা হয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হলো। এর মধ্যে শেয়ার ছাড়তে ব্যর্থ হলে কয়েক দিন ধরে যা বলছি, তা-ই করতে হবে। অর্থার‌্যা পর্ষদের চেয়ারম্যান বা পরিচালকদের পদত্যাগ করতে হবে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির শেয়ার ছাড়া কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা-সম্পর্কিত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এদিকে, দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভ এখন শেয়ারবাজারের নিয়মে পরিণত হয়েছে। অব্যাহত দরপতনে পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা প্রতিদিনই রাস্তায় নেমে বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছেন। সপ্তাহের শেষ লেনদেন দিবসে গতকাল বৃহস্পতিবার এর ব্যতিক্রম হয়নি।অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজু, বিমান ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার এবং কোম্পানিগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, ‘শেয়ার ছাড়ার বিষয়টিকে কোম্পানি-সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন গুরুত্বের সঙ্গে নেবে বলে মনে করি। তারা সরকারের কথা মানে না, ঠিক মানে না নয়, সময়মতো কাজ করে না। এবার না করলে অবশ্যই পদত্যাগ করতে হবে।’ অর্থমন্ত্রী জানান, ২৬টির মধ্যে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত দুটি ভাগ ছিল। তালিকাভুক্তের মধ্যে রূপালী ব্যাংক ও ন্যাশনাল টিউবস ইতিমধ্যেই শেয়ার ছেড়েছে। ২২ ফেব্রুয়ারি আরও ১৭ শতাংশ করে শেয়ার ছাড়বে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল। কোম্পানি দুটিতে বর্তমানে ৭০ শতাংশ করে শেয়ার রয়েছে সরকারের। আগামী ৩১ মার্চের মধ্যে শেয়ার ছাড়তে হবে তিতাস গ্যাস, ডেসকো এবং বিএসসি ও বাংলাদেশ হোটেল সার্ভিসেসের (শেরাটন)। বর্তমানে তিতাসের ২৫ শতাংশ শেয়ার রয়েছে বাজারে। সরকারের হাতে থাকা বাকি ৭৫ শতাংশের মধ্যে নতুন করে ছাড়া হবে ১৫ শতাংশ। ডেসকোরও ২৫ শতাংশ শেয়ার রয়েছে বাজারে। ছাড়া হবে আরও ১৫ শতাংশ। আর সরকারের হাতে থাকা ৮৭ দশমিক ৫০ শতাংশ শেয়ারের মধ্যে বিএসসির আরও ১৭ দশমিক ৫০ শতাংশ শেয়ার ছাড়া হবে। শেরাটনের শেয়ার ছাড়া হবে আরও ২০ শতাংশ।এ ছাড়া লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) কোম্পানিকে ৩১ মার্চের মধ্যে শেয়ার ছাড়তে হবে।এপ্রিলের মধ্যে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ও সাবমেরিন কেব্ল লিমিটেড, মে মাসের মধ্যে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস এবং জুনের মধ্যে প্রগতি ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম ড্রাইডক, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (সোনারগাঁও হোটেল), বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এসেনশিয়াল ড্রাগসের নির্দিষ্ট পরিমাণ শেয়ার ছাড়তে হবে বলে জানান অর্থমন্ত্রী। বিমানের ছাড়া হবে ১০ শতাংশ আর সোনারগাঁও হোটেলের ৩০ শতাংশ শেয়ার।জুলাইয়ের মধ্যে বাখরাবাদ গ্যাস, সেপ্টেম্বরের মধ্যে টেলিটক ও বিটিসিএল এবং ডিসেম্বরের মধ্যে কর্ণফুলী কাগজ কলের শেয়ার ছাড়তে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী জানান, পাওয়ার গ্রিডের শেয়ার ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। কবে আসবে এখনই তারিখ বলা যাচ্ছে না। আর পদ্মা অয়েলেরও নতুন কোনো শেয়ার ছাড়া হবে না। কারণ এর ৫০ শতাংশ শেয়ার ইতিমধ্যেই তালিকাভুক্ত।সম্পদ পুনর্মূল্যায়নের কারণে কিছু কোম্পানি বাজারে শেয়ার ছাড়তে পারছে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটি আসলেই কঠিন কাজ। সম্পদ পুনর্মূল্যায়ন বিষয়গুলোকে দেখভাল করতে শিগগির একটি কমিটি করে দেওয়া হবে। এসইসি চেয়ারম্যান হবেন সেই কমিটির প্রধান। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, জালালাবাদ গ্যাস টিএনডি সিস্টেম এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন হবে বলে জানান অর্থমন্ত্রী। মুহিত বলেন, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি শেয়ার ছাড়ার পরিবর্তে বন্ড ছাড়ার পক্ষে। বন্ড ছাড়ার তারিখ তারা পরে জানাবে। আর রুরাল পাওয়ার কোম্পানি শেয়ার ছাড়বে না। কারণ, ৭৫ শতাংশ শেয়ারের মালিকানা বিভিন্ন সমিতির হাতে। অর্থমন্ত্রী জানান, জিইএম কোম্পানি ও বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর বঙ্গবন্ধু সেতুর ভবিষ্যর‌্যা টোল আয়ের বিপরীতে বন্ড ছাড়ার কার্যক্রম বাদ দেওয়া হয়েছে। পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে পরবর্তী সময়ে ভালো কিছু করা হবে। সূত্র জানায়, বৈঠকে সম্পদ পুনর্মূল্যায়নের বিষয়ে নীতিমালা করার প্রস্তাব দেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিমানমন্ত্রী ১০ শতাংশ শেয়ার ছাড়ার কথা জানালে অর্থমন্ত্রী বলেন, বিমান তো লোকসানি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রুট বন্ধ।অর্থসচিব সংশোধন করে অর্থমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন যে সম্প্রতি বিমানের হিসাব হালনাগাদ করা হয়েছে। সুতরাং বাজারে শেয়ার ছাড়তে অসুবিধা নেই। কয়েক দিন আগে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তফা কামাল বাজারের সূচক সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে আসা উচিত বলে মন্তব্য করেন। এ নিয়ে জানতে চাইলে খানিকটা উত্তেজিত কণ্ঠে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি কী বলেছেন, আমার কাছে জানতে চাইবেন না। তাঁকেই জিজ্ঞেস করুন।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমি পরিসংখ্যান বলতে পারব না। কী করে বলব, অত হবে, অত ভালো হবে। এ কথা বলার অধিকার আমার নেই। আর মনে রাখতে হবে যে কমিটির চেয়ারম্যান সুপারিশ করতে পারে। সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের।’সপ্তাহের শেষ দিকে বাজার স্থিতিশীল হবে বলে মঙ্গলবার অর্থমন্ত্রীর বক্তব্য দেওয়ার পর ওই দিনই ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন স্থায়ী কমিটির চেয়ারম্যান। এ ব্যাপারে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে বাজার স্থিতিশীল। ওঠা-নামা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাঙচুর উদ্দেশ্যমূলক। রাবিশ! আগে থেকে তারা সব ঠিকঠাক করে রেখেছে। বদমাইশি করেছে।’ পতনোন্মুখ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির শেয়ার ছাড়া কি ঠিক হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যেকোনো সময়ই শেয়ার ছাড়ার জন্য ভালো সময়।’ বাজার-পরিস্থিতি: আগের দিনগুলোর মতো গতকালও শেয়ারের দরপতন ঘটলে বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। এ সময় তাঁরা ডিএসইর সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসইসি ও ডিএসইর কর্মকর্তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ বিনিয়োগকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।বিশ্লেষকেরা বলছেন, শেয়ারবাজারে উত্থান-পতন থাকে। একটি পর্যায়ে এসে আবার তা স্থিতিশীল হয়। এখানেও তা-ই হতো। কিন্তু নানামুখী হস্তক্ষেপে বাজার তার স্বাভাবিকতা হারিয়েছে। দরপতনের একটি পর্যায়ে এসে বাজার যখন একটু একটু করে স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছিল, ঠিক তখনই সরকারের ভেতরের নীতিনির্ধারকেরাই ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে বাজারকে আবার অস্থিতিশীল করে তুললেন।বাজার-পরিস্থিতি: ডিএসইতে গতকাল লেনদেনের শুরু থেকেই সাধারণ সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৫ পয়েন্ট নেমে যায়। কিছুক্ষণের মধ্য সূচক ২৫ পয়েন্ট বাড়ে। তবে বেলা ১১টা ১৫ মিনিটের পর থেকে সূচকের পতন শুরু হয়। এরপর কয়েক দফা ওঠানামা হলেও দিনশেষে সূচক ১৪৬ দশমিক ২২ পয়েন্ট কমে ছয় হাজার ৫২৭ পয়েন্টে নেমে আসে। ডিএসইতে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭টির এবং কমেছে ২৩৩টি প্রতিষ্ঠানে। স্টক এক্সচেঞ্জটিতে মোট ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩৩৬ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে নেমে এসেছে। সিএসইতে ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে মোট নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ৭৩ কোটি টাকার।