বাজারে ইলিশের দাম কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে ইলিশের দাম কমেছে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দাম আরও কমবে। বৃষ্টিপাত বাড়তে থাকায় জেলেদের জালে ইলিশ পড়তে শুরু করেছে। তবে গতকাল বুধবার বাজারে দাম কমার মূল কারণ ছিল সরকারের রপ্তানি বন্ধের সিদ্ধান্ত। গতকাল রাজধানীর হাতিরপুল, নিউমার্কেট ও মোহাম্মদপুর মাছের বাজারে গিয়ে দেখা যায়, এক সপ্তাহ আগের চেয়ে দাম কমেছে। গত সপ্তাহে ওই বাজারগুলোতে ৮০০ গ্রামের ইলিশ ৯০০ টাকায় এবং এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল হাতিরপুলে ৮০০ গ্রামের ইলিশ ৬০০ টাকায় এবং মোহাম্মদপুরে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ রপ্তানি বন্ধ হওয়ায় ক্রেতারা খুশি। তবে অসন্তুষ্ট দেশের একাধিক রপ্তানিকারক ও কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অতুল চন্দ্র দাস। ফোনে প্রথম আলোকে অতুল চন্দ্র দাস বলেন, ‘কোনো নোটিশ না দিয়ে বাংলাদেশ সরকারের হঠাৎ ইলিশ রপ্তানি বন্ধ করা ঠিক হয়নি। বিষয়টি সুরাহার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে লিখিত অনুরোধ জানাব।’ ইলিশ ধরা পড়ছে: সরকারের জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং গবেষণা প্রকল্পের পরিচালক এ বি এম জাহিদ হাবিব প্রথম আলোকে বলেন, উপকূলের নদ-নদী ও মোহনায় বেশি ইলিশ ধরা পড়ছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আরও বেশি ধরা পড়বে।ভোলা জেলার দৌলতখান উপজেলার ওয়াজিউল্লাহ মাঝি ৪০ বছর থেকে মেঘনায় ইলিশ ধরছেন। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, দিন দশেক আগে সারা দিন জালে পড়েছে এক-দুটি ইলিশ। এখন প্রতিদিন ১০-১২টি করে পাচ্ছেন। ভবিষ্যতে বেশি পাওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বললেন, ‘আল্লাহর দান, থাকে গভীর পানিতে। জালে ধরা না পড়লে বলা যায় না।’ভোলার মনপুরার ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা অনীল চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, মনপুরা এলাকায় গত চার দিনে যথাক্রমে ৭, ১২, ১০ ও ৮ টন ইলিশ ধরা পড়েছে। এক সপ্তাহ আগে এর পরিমাণ তিন টনের বেশি ছিল না। বিভিন্ন আড়ত, অবতরণ কেন্দ্র, লঞ্চঘাট ও জেলেদের কাছ থেকে নির্দিষ্ট ছকে নিয়মিত তথ্য সংগ্রহ করেন অনীল দাশ।এ বি এম জাহিদ হাবিব বলনে, জাটকা নিধন প্রতিরোধ, ইলিশের অভয়াশ্রম সংরক্ষণ এবং মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের সুফল পাওয়া যাচ্ছে। গত বছর মতো এ বছরও ইলিশের সরবরাহ বেশি হবে। তবে এ বছর বড় ইলিশ বাজারে বেশি আসবে বলে মনে করেন তিনি। সরকারের মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ইলিশ গবেষক মো. আনিছুর রহমান বলেন, এ বছর বৃষ্টি দেরিতে শুরু হয়েছিল বলে নদী ও মোহনায় ইলিশ কম পাওয়া যাচ্ছিল। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যাচ্ছে। তিনিও বলেন, এ মৌসুমে প্রচুর বড় ইলিশ পাওয়া যাবে।অখুশি ব্যবসায়ীরা: ভোলার মনপুরার কাটাখাল মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার জয়দেব চন্দ্র দাস রপ্তানি বন্ধ হওয়ায় অখুশি। তিনি বলেন, ‘গত মঙ্গলবার এক পোন (৮০টি) ইলিশ জেলেদের কাছ থেকে ৬৫ হাজার টাকায় কিনে ঢাকার কারওয়ান বাজার ও সোয়ারীঘাট পাইকারি বাজারে পাঠিয়েছিলেন। সেই মাছ গত বুধবার বিক্রি হয়েছে ৪৮ হাজার টাকায়।’ তিনি বলেন, ‘রপ্তানি বন্ধ হলে জেলেরা মাছের ভালো দাম পাবে না। আমাদের মতো ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়ব।’রাজধানীর যাত্রাবাড়ীর মৎস্য ব্যবসায়ী স্বপন কুমার দাস বলেন, ‘রপ্তানি বন্ধ থাকলে দেশের মানুষের লাভ, তারা কম দামে ভালো ইলিশ খেতে পারবে। আবার রপ্তানি বন্ধ হলে এ খাতে বৈদেশিক মুদ্রা অর্জন বন্ধ হয়ে যাবে।’ঢাকা বনাম কলকাতা: গত রোববার কলকাতার বাজারে এক কেজি ওজনের একটি ইলিশের দাম ছিল এক হাজার ৩৫ টাকা (ভারতীয় মুদ্রায় ৭০০ রুপি)। একই ওজনের ইলিশের দাম ঢাকার বাজারে ছিল এক হাজার ৩০০ থেকে দেড় হাজার টাকা। ওই দিন সকালে কারওয়ান বাজারের পাইকারি বাজারে কথা হয় অতুল দাসের সঙ্গে। তিনি ওই দিন দেড় টন ইলিশ কিনেছিলেন। ঢাকা ও কলকাতার বাজারে ইলিশের দামের এ পার্থক্য সম্পর্কে অতুল চন্দ্র দাস বললেন, ‘ঢাকার ক্রেতারা বেশি দামাদামি করে মাছ কেনেন না। আমি না দিলে বিক্রেতা আমার কাছ থেকে বেশি দাম নিতে পারে না।’ তিনি মনে করেন, ঢাকার খুচরা বিক্রেতারা ইলিশের দাম বাড়াচ্ছেন এবং ক্রেতারা তা মেনে নিচ্ছেন। গতকাল বুধবার ধানমন্ডি ৩ নম্বরের এক গৃহিণী নিউমার্কেটের এক দোকান থেকে এক হাজার টাকা দিয়ে দুটি ইলিশ কিনলেন। বিক্রেতা বলেছিলেন, মাছ দুটির ওজন এক কেজি ৭০০ গ্রাম। পরে অন্য দোকানে মেপে দেখা গেল এক কেজি ৩০০ গ্রাম। কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীর পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, ঢাকার মাছের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাঁদের কাছ থেকে মাছ কিনে খুচরা বিক্রেতারা পাশের বাজারে এক ঘণ্টা পরেই দেড় থেকে দুই গুণ দামে বিক্রি করেন। রপ্তানির প্রভাব: মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ২০০৮-০৯ অর্থবছরে তিন হাজার ৬৮০ টন ইলিশ রপ্তানি করে। আয় হয়েছিল ১৪৯ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে রপ্তানি হয়েছিল আট হাজার ৫৩৮ টন। আয় ছিল ৩৫২ কোটি টাকা। এ বি এম জাহিদ হাবিব প্রথম আলোকে বলেন, গত এক দশকে প্রতিবছর ইলিশের উৎপাদন, রপ্তানি ও রপ্তানি আয় বেড়েছে। সরকার ৬০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে কেজি প্রতি ছয় ডলার (৪৯২ টাকা)। এক কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশের কেজিপ্রতি মূল্য আট ডলার (৬৫৬ টাকা) এবং দেড় কেজির বেশি ওজনের ইলিশের কেজিপ্রতি দাম ১২ ডলার (৯৮৪ টাকা) নির্ধারণ করেছে। দেশের বাজারের চেয়ে ইলিশের রপ্তানি মূল্য কম।সরকারি কর্মকর্তাদের কেউ কেউ অভিযোগ করেছেন, রপ্তানির নামে ভারতে ইলিশ পাচার হয়। আনুষ্ঠানিকভাবে যে পরিমাণ ইলিশ নেওয়া হয়, চোরাইপথে তার চেয়ে অনেক বেশি যায়। বরফের মধ্যে এক টনের কথা বলে নেওয়া হয় চার টন। পরীক্ষা করে দেখা হয় না। ইলিশ পাচার বন্ধে সরকার কড়াকড়ি করলে গরু আসার ব্যাপারে প্রতিবেশী দেশ একই পদক্ষেপ নিতে পারে—এমন আশঙ্কাও থাকে।তবে পাচারের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন অতুল দাস। তিনি বলেন, ভারতে ইলিশ শুল্কমুক্ত পণ্য। তিনি মনে করেন, শুল্কমুক্ত পণ্য চোরাই পথে নিলে আর্থিক লাভ কম। ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা বলছেন, দেশের ভালো ইলিশগুলোই আসলে রপ্তানি হচ্ছে। বরিশাল ও চাঁদপুরে ইলিশ নিলামে বিক্রি হয় এবং তারপর স্থলপথে ভারতে যায়। কিছু খুলনাতেও বিক্রি হয়। উপকূলের ব্যবসায়ীরা বাছাই করা বড় ইলিশ এই তিন বাজারে বিক্রির জন্য আনেন। কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অতুল দাস বললেন, ‘আমরা বাছাই করা মাছ নেই।’ তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ইলিশ কিনে তাঁরা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে রপ্তানিও করেন।