বাজারে এল বিবিসি জানালা ইংরেজি শেখার বই ‘মজায় মজায় শেখা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি জানালা ইংরেজি শেখার বইয়ের প্রথম খণ্ডের সাফল্যের পর এবার প্রকাশিত হলো দ্বিতীয় খণ্ড। ‘প্রথম আলো’র কার্যালয়ে আজ শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকাশিত হলো বিবিসি জানালা ইংরেজি শেখার বইয়ের দ্বিতীয় খণ্ড ‘মজায় মজায় শেখা’। বইটি প্রকাশ করেছে ‘প্রথম আলো’র সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন।প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন ‘প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বিবিসি মিডিয়া অ্যাকশনের ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের প্রধান রিচার্ড লেইস ও বিবিসি মিডিয়া অ্যাকশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ফায়সাল আহমেদ। প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন ‘প্রথম আলো’র বার্তা সম্পাদক সেলিম খান।ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, কেবল বিদেশে যাওয়ার জন্য নয়, দেশের মধ্যে উন্নত জীবনযাপনের জন্য ইংরেজি শেখা খুবই প্রয়োজন। নিজেকে পৃথিবীতে বিস্তৃত করতে হলেও ইংরেজি শেখার বিকল্প নেই। এ ক্ষেত্রে বিবিসি জানালা ইংরেজি শেখার বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি মন্তব্য করেন। প্রকাশনা অনুষ্ঠানে রিচার্ড লেইস বিবিসি জানালা ইংরেজি শেখার প্রথম বইটির দ্বিতীয় খণ্ড অনেক বেশি পাঠকের কাছে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, এই বইয়ের লেসনগুলো প্রথম আলোর পড়াশোনা পাতায় প্রকাশিত হয়েছিল। রিচার্ড জানান, প্রায় ৫০ লাখ আগ্রহী পাঠক ‘প্রথম আলো’য় প্রকাশিত বিবিসি জানালার লেসনগুলো পড়েছে। ‘প্রথম আলো’র মাধ্যমে ইংরেজি শেখার বিষয়টি আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিবিসি জানালা ইংরেজি শেখার বইটি নিয়ে পাঠকের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। যাঁরা সামান্য বাংলা পড়তে পারেন বা লিখতে পারেন, তাঁদের জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি শিখলে শুধু দেশের বাইরে উপকৃত হওয়া যায় এমনটি নয়, দেশের মধ্যেও উপকৃত হওয়া যায়।ফায়সাল আহমেদ বলেন, বিবিসি ও ‘প্রথম আলো’র মতো দুটো আন্তর্জাতিক ব্র্যান্ডের যৌথ উদ্যোগে বিবিসি জানালা বইটি প্রকাশ একটি মাইলফলক। বিশেষ কোনো শ্রেণী বা পেশার লোকের জন্য নয়, সব মানুষের জন্য এই বই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।