বাজারে এল সোলসের ‘জ্যাম’
বাজারে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড সোলসের নতুন অ্যালবাম ‘জ্যাম’। গতকাল শুক্রবার রাজধানীর স্থানীয় একটি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এর প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। এটি বাজারে এনেছে ডেডলাইন মিউজিক।অনুষ্ঠানে সংগীতজগতের বিশিষ্ট ব্যক্তি, ব্যান্ডের সাবেক সদস্য, গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের কর্মকর্তা, গীতিকার ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সোলসের লিড গিটারিস্ট ও গায়ক পার্থ বড়ুয়া এবং ব্যান্ডের সদস্যরা মিলে এই সিডির উন্মোচন করেন। পরে অ্যালবামটির কয়েকটি গান পরিবেশন করেন তাঁরা।পার্থ বড়ুয়া বলেন, দীর্ঘ সময় পরে আমরা আমাদের শ্রোতাদের কিছু ভালো গান উপহার দিচ্ছি। এই অ্যালবামে দুজন উদীয়মান তারকাকে সঙ্গে পেয়েছি। আশা করি, আমাদের অনুরাগীরা নতুন অ্যালবাম ‘জ্যাম’-এর গানগুলো পছন্দ করবে।গ্রামীণফোনের হেড অব মার্কেট কমিউনিকেশনস সাজিদ রিজওয়ান মতিন বলেন, গ্রামীণফোন সবসময় বাংলাদেশি সংগীত ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে। সোলসের সঙ্গে আমাদের সম্পৃক্ততা তারই একটি প্রক্রিয়া। আমরা সোলসের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং জ্যাম অ্যালবামের সাফল্য কামনা করছি।এর আগে এই অ্যালবামটি গ্রামীণফোনের মাধ্যমে ডিজিটাল রূপে প্রকাশিত হয়েছে। জ্যাম অ্যালবামে আছে ১২টি গান। গানের কথা লিখেছেন কবির বকুল, আশিক, আশরাফ বাবু, টি আই অন্তর, রানা, মাহফুজ রহমান ও রনি।পার্থ আরও জানান, এরই মধ্যে আমরা অ্যালবামের ‘জ্যাম’ গানের মিউজিক ভিডিও তৈরি করেছি।