বাজারে ক্রেতা বেশি, তাই দামও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস শুরুর আগে গতকাল শুক্রবার ছিল শেষ সরকারি ছুটির দিন। রোজার প্রস্তুতি নিতে তাই বাজারে একরকম ঝাঁপিয়ে পড়েছিলেন ক্রেতারা। এ কারণে অন্য সব শুক্রবারের চেয়ে গতকাল বাজারে ক্রেতার আনাগোনাও ছিল অনেক বেশি।নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনলেও ক্রেতাদের আগ্রহ ছিল মূলত ইফতার ও সেহরির সামগ্রীর ওপর। এ কারণে ছোলা, পেঁয়াজ, খেজুর, মাছ, মাংস, মুরগি, মুড়ি, লেবুর দিকেই বেশি মনোযোগ ছিল ক্রেতাদের।সুযোগ বুঝে সবজি বিক্রেতারাও দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেশি নিয়েছেন। মুরগির দামও বেড়ে গেছে। মাংস সিটি করপোরেশনের নির্ধারিত দামের আশপাশে ঘোরাঘুরি করলেও মাছের বাজার ছিল চড়া।রমজানের প্রায় এক মাস আগে থেকেই এবার চিনি ও ভোজ্যতেলের বাজার অস্থির হয়ে ওঠে। সর্বোচ্চ পর্যায়ে দাম ওঠার পর সরকারের শীর্ষপর্যায়ের হস্তক্ষেপে এখন নির্ধারিত দরে চিনি পাওয়া যাচ্ছে। একই অবস্থা সয়াবিন তেলেও। এ সময় চাল ও সবজির দামও কমে আসে। কিন্তু রমজানের প্রস্তুতি নিতে বাজারে ক্রেতার ঢল নামায় গতকাল সবকিছুই ওলট-পালট হয়ে যায়। অনেক পণ্যেরই চড়া দাম হাঁকেন বিক্রেতারা। তবু প্রস্তুতির কমতি ছিল না ক্রেতাদের।ছোলায় নিয়ন্ত্রণ নেই: পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ছোলার দাম দুই থেকে তিন টাকা কমেছে। কিন্তু খুচরা বিক্রেতারা আগের দামেই, কোনো কোনো ক্ষেত্রে বেশি দামে ছোলা বিক্রি করছেন।সাধারণ মানুষ যে ছোলাটা কেনেন, গতকাল তা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকায়। আর উন্নত মানের ছোলার দাম ৮৫ টাকা। সরকারি বিপণন সংস্থা টিসিবিই বলছে, এক মাসে ছোলার দাম বেড়েছে ২৪ শতাংশ। এ ছাড়া খুচরা দোকানে দেশি মসুর ডাল ৯০ থেকে ৯৫, বিদেশি ডাল ৭৫ থেকে ৮০ এবং মুগ ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে।সবজি কিনছে বেশি: রাজধানীর কয়েকটি বাজার ঘুরে গতকাল মানুষকে সবজি বেশি কিনতে দেখা গেছে। কয়েকজন ক্রেতা বলেছেন, সবজির দাম কমার খবরে বেশি করে কিনতে এসেছেন তাঁরা।কিন্তু গতকাল সবজির চিত্র অনেকটাই ভিন্ন ছিল। গত কয়েক দিন বাজারে যে আলু ছিল ১৩ থেকে ১৪ টাকা, সেটা গতকাল বিক্রি হয়েছে ১৪ থেকে ১৬ টাকায়। অন্য সবজির মধ্যে কাঁকরোল ৩০ থেকে ৩৩, পটোল ২৫, বেগুন ৩০ থেকে ৩৪, টমাটো ৬০, শসা ২৫, করলা ৩০ থেকে ৪০, বরবটি ৩০, পেঁপে ১৫ থেকে ২০, ঢ্যাঁড়শ ২৫, কচুমুখী ২০, চিচিঙ্গা ২০ থেকে ২৫ এবং গাজরের কেজি ৪০ টাকা। হাতে গোনা কয়েকটি ছাড়া সব সবজির দামই বেড়েছে দুই থেকে তিন টাকা। এ ছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ১০০ গ্রাম ধনেপাতার দাম ২০ টাকা।ইফতারে শরবত অপরিহার্য, তাই বেড়েছে লেবুর কদর। দামও চড়া। গন্ধ লেবু (এলাচি) ৩০ থেকে ৪০ এবং ছোট কাগজি লেবু ১০ টাকা হালি বিক্রি করছেন বিক্রেতারা।কারওয়ান বাজারে সবজি কিনতে আসা গৃহিণী রহিমা পারভীন জানালেন, সবজি একটু বেশি দামে বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে দাম কমে গিয়েছিল। কিন্তু রোজা আসার আগেই আবার দাম বাড়ল।তিন দিন আগেও যে দামে সবজি বিক্রি হয়েছে, তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন কেন, জানতে চাইলে কারওয়ান বাজারের বিক্রেতা মো. খলিলুর রহমান বলেন, ‘ভাই, কয় দিন ধইরা তো কম দামে বেচছি। এখন দুইটা দিন একটু লাভ করতে দেন। সারা বছর তো আর বেশি দামে বেচি না।’বেড়েছে পেঁয়াজের দাম: বাজারগুলোতে গতকাল পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত দরে। এর মধ্যে দেশি পেঁয়াজ সর্বোচ্চ ৪০ আর ভারতের পেঁয়াজ সর্বোচ্চ ৩৪ টাকা। টিসিবির হিসাবে গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ।শ্যামবাজারের পাইকারেরা বলছেন, পেঁয়াজের দাম বেড়েছে তিন থেকে চার টাকা। এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ২৭ টাকা, এখন ২৯ থেকে ৩০ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম ছিল ১৯ থেকে ২৩ টাকা, তা বেড়ে হয়েছে ২২ থেকে ২৪ টাকা।টিসিবির হিসাবে, এক মাসে রসুনের দাম কমেছে ১৫ থেকে ৩১ শতাংশ পর্যন্ত। বর্তমানে দেশি রসুন মানভেদে ৬০ থেকে ৮০ ও চীনা রসুন ৭০ টাকা। আর চীনা আদা ৮০ এবং দেশিটা ১২০ টাকায় বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে।মাংস ও মুরগি: ঢাকা সিটি করপোরেশন বিভিন্ন ধরনের মাংসের দর বেঁধে দিলেও তার চেয়ে কিছু বেশি দরে অনেক বাজারে মাংস বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ২৮০ ও খাসির মাংস ৪৪০ টাকা।কয়েক দিন ব্রয়লার মুরগির দাম কম থাকলেও গতকাল থেকে দাম আবার বাড়ল। ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে আর দেশি মুরগি বিক্রি হয়েছে একটি ২৫০ থেকে ২৮০ টাকায়। এর বেশির ভাগের ওজনই এক কেজির চাইতে কম হবে। এক হালি ডিমের দাম ছিল ২৬ থেকে ২৮ টাকা।মাছের বাজার চড়া: রাজধানীর বড় বাজারগুলোতে গতকাল মাছের পরিমাণ যেমন কম ছিল, তেমনি বিক্রেতারা দামও নিয়েছেন অনেক বেশি।হাতিরপুল বাজারে একজন বিক্রেতা রুই মাছের দাম চাইলেন ৩০০ টাকা। এই শুনে ক্ষুব্ধ হয়ে দোকানির দিকে তেড়ে গেলেন একজন ক্রেতা। আশপাশের লোকজনের হস্তক্ষেপে শেষমেশ হাতাহাতি আর হয়নি। ওই ভদ্রলোক প্রথম আলোকে বলেন, ‘তিন দিন আগেও রুই মাছ নিয়ে গেছি ২০০ টাকা করে। আর আজকে বলছে একদাম ৩০০। মগের মুল্লুক নাকি!’কারওয়ান বাজারে রুই মাছ বিক্রি হয়েছে ২৫০ টাকায়। এ ছাড়া মাঝারি আকারের একজোড়া ইলিশ বিক্রি হয়েছে ১২০০ থেকে ১৪০০ টাকায়। এ ছাড়া চাষের পাঙাশ ১০০ থেকে ১২০, তেলাপিয়া ১০০ থেকে ১৩০, নলা ১৫০ থেকে ১৭০, ছোট পুঁটি ১৫০, সরপুঁটি ১৮০ থেকে ২২০, মাগুর সাড়ে ৫৫০ থেকে ৬০০, টাকি ১৫০ থেকে ১৮০ ও বোয়াল মাছ ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মুড়ি-খেজুরেও উত্তাপ: রমজানে চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যে বিক্রেতারা বাড়িয়ে দিয়েছেন মুড়ির দাম। মেশিনে বানানো মুড়ি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি। আর হাতে ভাজা প্যাকেট মুড়ির দাম ৯০ থেকে ১০০ টাকা। বাজারে গত ১০ দিনে মুড়ির দাম বেড়েছে কেজিতে অন্তত ১০ টাকা।রাজধানীর বিভিন্ন বাজার ও খুচরা দোকানে চড়া দামে বিক্রি হচ্ছে খেজুরও। বাংলা খেজুর ৬০, মরিচা ১০০ থেকে ১২০, নাগা ১১০ থেকে ১২০, বড়ই ১৭০ থেকে ১৮০ ও মরিয়ম ২২০ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত খেজুরের দাম আরও চড়া।