অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজারে জাল টাকা আছে। তবে জাল টাকার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে, এ কথা সত্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্পরতা এবং সতর্কতার কারণেই জাল টাকার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। এর মধ্যে টাকা জালিয়াতির সঙ্গে জড়িত বেশ কিছু অপরাধীকে প্রচলিত আইন এবং দ্রুত বিচার আইনের আওতায় এনে দ্রুততম সময়ে শাস্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে মোশতাক আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল তিনটা ২০ মিনিটে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়। এদিকে লক্ষ্মীপুরের সাংসদ নাজিমউদ্দিন আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, স্বাধীনতার পর ১৯৭২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩৯ বছরে তিন লাখ ৬১ হাজার ২০০ কোটি টাকা (৫১ দশমিক ৬০ বিলিয়ন ডলার, প্রতি ডলার ৭০ টাকা ধরে) বৈদেশিক সাহায্য পাওয়া গেছে। এর মধ্যে ২৯ দশমিক ৭২ বিলিয়ন ডলার হচ্ছে ঋণ এবং ২১ দশমিক ৮৮ বিলিয়ন ডলার হচ্ছে অনুদান। মন্ত্রী জানান, এসব অর্থ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে কোনো অবস্থাতেই বৈদিশিক ঋণের ওপর নির্ভরশীল দেশ বলা যাবে না। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এ ধরনের বৈদেশিক সাহায্য পাওয়ার অধিকারী। কারণ, উন্নত দেশগুলো তাদের আয়ের দশমিক শূন্য ৭ শতাংশ উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য হিসেবে দিতে অঙ্গীকারাবদ্ধ। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ গৃহঋণ অর্থায়ন করপোরেশনের মোট খেলাপি ঋণের পরিমাণ ১৬০ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার ৫৭ টাকা।উল্লেখ্য, স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল প্রশ্নোত্তর পর্বে ছিল অর্থ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর জন্য নির্ধারিত। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুসারে গতকালও প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।