বাজারে জোলির বাগদানের আংটি!
অ্যাঞ্জেলিনা জোলির জন্য বাগদানের আংটিটি বানাতে লস অ্যাঞ্জেলেসের গয়না কারিগর রবার্ট প্রোকপকে সঙ্গে নিয়ে দীর্ঘ এক বছর সময় নিয়েছিলেন ব্র্যাড পিট। ১৪ এপ্রিল সেই আংটিটি ওঠে জোলির অনামিকায়। জোলি-পিটের বাগদানের মাত্র এক সপ্তাহের মাথায় হুবহু সেই আংটির নকল বাজারে ছেড়েছে যুক্তরাষ্ট্রের গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেমভারা। মূল আংটির দাম পাঁচ লাখ ডলার হলেও, জেমভারা নির্মিত এই আংটির দাম ধরা হয়েছে মাত্র এক হাজার ১৯৫ ডলার। প্রিয়তমার জন্য এত সময় আর যত্ন নিয়ে যে আংটি পিট তৈরি করিয়েছেন, তার হুবহু নকল বাজারে ছাড়ায় জেমভারার বিরুদ্ধে মামলা দায়েরের পরিকল্পনা করছেন পিট।এ প্রসঙ্গে অ্যাটর্নি লিংকন ব্যান্ডলো’র উদ্ধৃতি দিয়ে হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘আমি ঠিক জানি না, পিট কেন মানুষকে এই আংটি কেনা থেকে বিরত রাখতে চাইছেন।’এদিকে রবার্ট প্রোকপ বলেছেন, ‘পিটের অনেক দিনের স্বপ্নের ফসল এই আংটি। আংটিতে যেন তিল পরিমাণ খুঁত না থাকে, সে জন্য দিনের পর দিন আমার সঙ্গে বসে তিনি এর নকশা করিয়েছেন। এই আংটিতে সবচেয়ে সেরা মানের হীরা বসানো হয়েছে। জোলির আঙুলের সঙ্গে মানানসই করেই সেটা বসানো হয়েছে। আংটি তৈরির পুরো সময়জুড়েই পিট এর তদারকি করেছেন। শেষ পর্যন্ত সুন্দর একটি আংটি তৈরি করতে পেরেছি আমরা, যার পুরো কৃতিত্বই পিটের।’