বাজারে ভারতীয় ‘ঝিলিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র মাহে রমজানের দুই-তৃতীয়াংশ পেরিয়ে গেল। ঈদের বাজারে এখন শেষ পর্যায়ের কেনাকাটা নিয়ে চিরচেনা ব্যতিব্যস্ততা।গতকাল দুপুরে বেইলি রোডের বুটিক দেশালের বিক্রয়কেন্দ্রে কেনাকাটা করতে এসেছিলেন ধানমন্ডির সাফিন সুলতানা। তিনি এক হাজার ৭০০ টাকায় সূচিকর্মখচিত তাঁতের থ্রি-পিস কিনেছেন। এবার দাম তাঁর কাছে গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। ঈদের বাজারে এবার ভারতের তৈরি ‘ঝিলিক’ নামের একটি থ্রি-পিসের দারুণ চমক। দাম ছয় হাজার থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া আছে ‘এক থা টাইগার’, ‘আওয়ারা’ ‘খুশি’ নামের থ্রি-পিস। তবে দামে শীর্ষে ‘এজেন্ট বিনোদ’। এর সর্বোচ্চ দাম ৬৫ হাজার টাকা। বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, জনপ্রিয় হিন্দি সিনেমা বা টিভি সিরিয়াল ও তারকাদের নামে নাম দিয়ে ভারতে তৈরি থ্রি-পিস ঢাকার ঈদের বাজারে দেদারসে বিক্রি হয়। তবে ইদানীং দেশের বুটিকগুলো ভালো মানের কাপড়ে চমৎকার ডিজাইনের নানা ধরনের পোশাক তৈরি করছে। বিক্রিও বাড়ছে।আইটি প্রতিষ্ঠানে কাজ করেন সাফিন সুলতানা। তিনি বললেন, ‘দেশি বুটিকগুলোর কাপড়ের মান, ডিজাইন এখন অনেক ভালো। তা ছাড়া ব্যবহার করতেও আরামদায়ক। দামের দিক থেকেও ক্রয়ক্ষমতার মধ্যে।’দেশালের বিক্রয় ব্যবস্থাপক শেখ রাসেল জানালেন, তাঁদের থ্রি-পিসের দাম এক হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত। বিভিন্ন ধরনের কাজ আছে। এর মধ্যে এবার নতুন সংযোজন জবা ও কৃষ্ণচূড়া ফুল এবং পালকমালা নামের বিশেষ রকমের নকশা। আড়ংয়ের থ্রি-পিসের সম্ভারে রয়েছে সুতি, সিল্ক, অ্যান্ডির রকমারি রং-নকশার বিপুল বৈচিত্র্য। তাদের সুতি থ্রি-পিসের দাম এক হাজার ৮০০ থেকে সর্বোচ্চ নয় হাজার টাকা। সিল্ক, অ্যান্ডি এসব পাঁচ হাজার টাকা থেকে শুরু, ঊর্ধ্বে ১৬ হাজার টাকা পর্যন্ত। অন্যমেলার এবারের ঈদের থ্রি-পিসের মধ্যে মসলিন, অ্যান্ডি, সিল্ক এসবের রয়েছে বিশেষ সম্ভার। মসলিনের সাড়ে চার থেকে সাত হাজার টাকার থ্রি-পিসটি তাদের ভালো চলছে। অঞ্জনসের মৌচাক কেন্দ্রের ব্যবস্থাপক মেহেদী হাসান জানালেন, তাঁদের থ্রি-পিস এক হাজার ৮০০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত।বাজার ঘুরে দেখা গেছে, নামডাকওয়ালা বুটিকগুলো ছাড়াও অনেক দোকান রয়েছে, যেগুলোতে দেশি তাঁতের সুতি, সিল্ক, অ্যান্ডি বা মসলিনের থ্রি-পিস রয়েছে চমৎকার নকশা ও ডিজাইনের। ন্যূনতম ৬০০ টাকাতেও সুতির থ্রি-পিস কেনা যাবে যাচাই-বাছাই করে। এক থেকে দেড় হাজার টাকার মধ্যে পাওয়া যাবে বেশ ভালো মানের থ্রি-পিস। সিল্কের পোশাকের দাম এবার একটু চড়া। দেড় হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে পছন্দসই পোশাকটি কেনা যাবে। সময় ফুরিয়ে আসছে। শেষ দিনগুলোতে বিপণিবিতানগুলো গভীর রাত অবধি থাকবে কেনাকাটায় জমজমাট।