বাজারে যন্ত্র বসিয়ে ফরমালিন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার বাসিন্দা সরকারি কর্মকর্তা আবসার উদ্দিন দুই বছর ধরে বড় মাছ খাওয়া বন্ধ করেছিলেন। তাঁর বিশ্বাস, বেশির ভাগ বড় মাছে ফরমালিন মেশানো হয়। এ কারণে তিনি সাধারণত ছোট তাজা মাছ কেনেন। কিন্তু পরিবারের সদস্যরা বড় মাছ খাওয়ার জন্য পীড়াপীড়ি করে।সম্প্রতি তিনি মালিবাগ বাজারে আসেন বড় মাছ কিনতে। বাজারে তাঁর সঙ্গে এই প্রতিবেদকের দেখা হলে আবসার জানালেন, এখানে ফরমালিনমুক্ত মাছ পাওয়া যায় বলেই উত্তরা থেকে এসেছি।গত ১৯ সেপ্টেম্বর এই বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র চালু করা হয়। এখানকার ব্যবসায়ীরা বলছেন, যন্ত্র বসানোর পরে বাজারে ক্রেতা বেড়ে গেছে। মালিবাগ বাজারের পরে গত ১ নভেম্বর রাজধানীর শান্তিনগর বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র চালু করা হয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ‘ফরমালিন ও বিষাক্ত কার্বাইডমুক্ত আদর্শ মার্কেট প্রকল্পের’ অংশ হিসেবে দুই বাজারে এই যন্ত্র চালু করা হয়েছে। বিদেশ থেকে আমদানি করা এই যন্ত্রটির দাম এক লাখ ৩৫ হাজার টাকা।এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, শিগগিরই মহাখালী কাঁচাবাজারে ফরমালিন শনাক্ত করার যন্ত্র বসানো হচ্ছে। পর্যায়ক্রমে কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, নিউমার্কেট, গুলশান-১ ও ২, নয়াবাজার, ঠাটারীবাজারে এই যন্ত্র বসানোর প্রক্রিয়া চলছে।হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের কাজটি আরও গতিশীল করতে সরকারের একটি তদারকি দল থাকলে ভালো হতো।’ এ কাজে কয়েকটি বেসরকারি ব্যাংক সহায়তা করছে বলে তিনি জানালেন।ঢাকাসহ সারা দেশে খাদ্যদ্রব্যে ব্যাপক ভিত্তিতে ভেজাল মেশানো হচ্ছে। মাছ, ফল, দুধ ও কিছু সবজিতে ফরমালিন নামে একধরনের রাসায়নিক মেশানো হচ্ছে। ফরমালিন খাদ্যদ্রব্যকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় তাজা রাখতে সহায়তা করে। কিন্তু ফরমালিন মেশানো খাবার স্বাস্থ্যের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে হলে অবশ্যই ফরমালিনমুক্ত খাবার খাওয়া জরুরি।সরেজমিন: গত শুক্রবার সকাল সাতটার দিকে মালিবাগ বাজারে গিয়ে দেখা যায়, বাজার কর্তৃপক্ষ মাছের বাজারের প্রবেশমুখে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র দিয়ে একে একে মাছ পরীক্ষা করছে। যন্ত্রটি মাছের ওপরে ধরলেই তাতে ফরমালিনের মাত্রা উঠছে। কর্তৃপক্ষ জানায়, ভোর ছয়টা থেকেই এই কাজ শুরু হয়। পরীক্ষার পর মাছ ফরমালিনমুক্ত, সেটা নিশ্চিত হওয়ার পর মাছ বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে জীবিত মাছে ফরমালিনের উপস্থিতি পরীক্ষার প্রয়োজন হয় না। এ কাজ পরিচালনার জন্য দুই ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, মাছ কেনার পরে কোনো ক্রেতা যদি ফরমালিনের উপস্থিতি যাচাই করতে চান, তা হলে সেটা করে দেওয়া হয়।কর্তৃপক্ষ জানাল, বাজার শুরু হওয়ার পর আবার বিভিন্ন মাছের দোকানে অভিযান চালানো হয়। মাছে ফরমালিনের অস্তিত্ব মিললে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি ইব্রাহিম নামের এক মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।বাজার সূত্র জানায়, মাছের পাশাপাশি এখান থেকে বিভিন্ন ধরনের সবজিতেও ফরমালিনের উপস্থিতি যাচাই করা হচ্ছে। সম্প্রতি টমেটোতে ফরমালিন পাওয়া গেলে এক বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মালিবাগ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শামিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এফবিসিসিআই কর্তৃপক্ষ আমাদের কাছে যন্ত্রটি দিয়েছেন। এই কাঁচাবাজারে মাছসহ যেকোনো ধরনের খাদ্যদ্রব্যে ফরমালিন চিহ্নিত করতে এ আধুনিক যন্ত্রটি চালু করা হয়েছে। এর ফলে উত্তরা, বনানী, গুলশানসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এই বাজারে আসছেন।’ফরমালিন শনাক্তকরণ যন্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির ব্যবস্থাপক মো. আতোয়ার হোসেন বলেন, ‘এফবিসিসিআই কর্তৃপক্ষ আমাদের তিন দিনের প্রশিক্ষণ দিয়েছে। এখন আমরা খুুব সহজেই যন্ত্রের সাহায্যে ফরমালিন শনাক্ত করতে পারি।’আতোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কোনো খাবারে ফরমালিনের মাত্রা ০.২ পিপিএম (পার্টিকেল পার মিলিয়ন) থাকলেই এ যন্ত্রটি একটি বিশেষ সংকেত দেয়। সেখান থেকেই মূলত খাবারে ফরমালিনের মাত্রা শনাক্ত করা হয়।বিশেষজ্ঞ মতামত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান তাজমেরী এস ইসলাম জানান, খাবারে ফরমালিনের সহনীয় মাত্রা ধরা হয় ০.৭ পিপিএম। এর বেশি পরিমাণ ফরমালিন পাওয়া গেলে তা শরীরের জন্য ক্ষতি করতে পারে। তাজমেরী এস ইসলাম আরও বলেন, ফরমালিন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফরমালিনযুক্ত খাবার খেলে পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যানসারের মতো ভয়াবহ রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ফরমালিনের গন্ধ থেকে মাথাব্যথা ও শ্বাসজনিত রোগ, শিশুর শারীরিক ও মেধাবিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই সুস্থ থাকতে হলে ফরমালিনমুক্ত খাবার খাওয়া অত্যন্ত জরুরি।কারওয়ান বাজারে ফরমালিন শনাক্তকরণ প্রক্রিয়া থেমে গেছে: সরকারি ও বেসরকারি উদ্যোগে কারওয়ান বাজারে ফরমালিন শনাক্ত করার প্রক্রিয়া শুরু হলেও তা এখন অর্থের অভাবে বন্ধ আছে। ২০০৯ সালের ১৪ জুলাই পরীক্ষামূলকভাবে চার মাসের জন্য কেন্দ্রটি চালু করা হয়েছিল। কেন্দ্রটি চালু করা হয় হোপ-৮৭, ঢাকা সিটি করপোরেশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), মৎস্য অধিদপ্তর, কারওয়ান বাজার খুচরা ও পাইকারি মাছ ব্যবসায়ী সমিতির সহায়তায়। চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।কেন্দ্রের অন্যতম উদ্যোক্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ার হোসেন আখন্দ প্রথম আলোকে বলেন, প্রথম দিকে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলেও পরে তা বন্ধ হয়ে যায়।