বাজারে সরবরাহ কমায় আবার চিনির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি পরিশোধনকারী মিলগুলো থেকে পর্যাপ্ত সরবরাহ না হওয়ায় আবারও চিনির সংকট দেখা দিয়েছে। একদিকে পরিবেশকেরা চিনি পাচ্ছেন না, অন্যদিকে খুচরা পর্যায়ে চিনি বিক্রি হচ্ছে সরকার-নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি দামে।সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি বলছে, গতকাল বুধবার রাজধানীতে চিনি বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। তবে অনেক স্থানে ৭২ টাকায় বিক্রি করতে দেখা গেছে। টিসিবি বলছে, এক বছরে চিনির দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।চিনি নিয়ে কারসাজির জন্য চারটি বেসরকারি চিনি পরিশোধন প্রতিষ্ঠানকে দায়ী করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় প্রতিষ্ঠানগুলোর (দেশবন্ধু, সিটি, মেঘনা ও এস আলম গ্রুপ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়। এবারও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোই সরবরাহ-সংকট তৈরি করেছে।রাজধানীর পলাশী বাজার, আজিমপুর, বকশীবাজারের একাধিক খুচরা ব্যবসায়ী গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা মৌলভীবাজারে গিয়ে চিনি পাচ্ছেন না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে। অনেক পরিবেশক ও পাইকারি ব্যবসায়ী চিনি বিক্রি করছেন না। তাঁরা জানান, ৫০ কেজি ওজনের চিনির বস্তা কিনেছেন তিন হাজার ২৫০ থেকে তিন হাজার ২৭০ টাকায়। সে হিসাবে প্রতি কেজি চিনির দাম হয় অন্তত ৬৫ টাকা।কত করে চিনি বিক্রি করছেন—এই প্রশ্নের জবাবে পলাশী বাজারের একজন বিক্রেতা বলেন, ৭০ টাকা। সাংবাদিক পরিচয় দিতেই তিনি বললেন, ‘ভাই, যেই টাকায় চিনি কিনি, তাতে ৭০ টাকায় না বেচলে পোষায় না।’ ওই বাজারের আরেকজন দোকানি বলেন, ‘মানুষ দেখে চিনি বিক্রি করি। কারও কাছে বেচি ৬৫ টাকায়, কারও কাছ থেকে বেশি নিই।’কারণ কী: চিনির পরিবেশকদের অভিযোগ, পরিশোধনকারী মিলগুলো চাহিদা অনুযায়ী চিনি সরবরাহ করছে না। মিলগুলো নিজেদের ইচ্ছা অনুযায়ী চিনি সরবরাহ করায় পরিবেশকেরা চিনি পাচ্ছেন চাহিদার অর্ধেক। ফলে খুচরা ব্যবসায়ীদেরও তাঁরা চিনি সরবরাহ করতে পারছেন না।ব্যবসায়ীরা জানান, সিটি গ্রুপ বেশ কয়েক দিন মৌলভীবাজারে চিনি দেয়নি। দু-তিন দিন ধরে সরবরাহ শুরু করলেও চাহিদার তুলনায় তা কম। আরেক চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান ইগলুও চিনি সরবরাহ করছে কম। প্রতিষ্ঠানটি সরকারকে চিনি সরবরাহ করতেই ব্যস্ত। দীর্ঘ দুই মাস পর উ ৎ পাদন শুরু করে এখন পরিবেশকদের চিনি দিচ্ছে মেঘনা গ্রুপ। তবে মিলগেটের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে, ৬২ টাকায়। আর দেশবন্ধু ঢাকার পরিবেশকদের এখন খুবই অল্প পরিমাণে চিনি দিচ্ছে। এসব কারণে ঈদের আগে ঢাকায় চিনির সরবরাহ-সংকট দেখা দিয়েছে।সরকারি চিনিকলে পরিশোধন চান ব্যবসায়ীরাও: গত মঙ্গলবার অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভায় চিনি শিল্প করপোরেশনের অধীন সরকারি কারখানাগুলোতে চিনি পরিশোধনব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়।চিনির পরিবেশকেরা মনে করেন, এটি করা হলে বাজারে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি সরবরাহও বাড়বে। বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম বলেন, ‘দেশের চিনির বাজার পুরোটাই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হাতে। তাদের ইচ্ছার ওপরই আমাদের নির্ভর করতে হয়। তাদের মিল অনেক সময় বন্ধ থাকে। মিলগুলো সরবরাহ বন্ধ করলেই বাজারে চিনির সংকট তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতে সরকারি কলে যদি চিনি পরিশোধন করা হয়, তাহলে সারা বছর বাজারে চিনি পাওয়া যাবে, দামও কম থাকবে।’ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিবও উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, দু-তিনটি মিল বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া যেতে পারে।