বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতালে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছিল। এর ফলে বেড়ে যায় দাম। হরতাল শেষে বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কিছুটা কমে এসেছে।তবে যে দামে সবজি বিক্রি হচ্ছে, সেটাও বেশি বলে মন্তব্য করেছেন ক্রেতারা। আর সবজির আড়তদার ও ব্যাপারিরা বলছেন, সবজির শীতকালীন মৌসুম শেষ হয়ে যাওয়ায় বছরের এই সময়টায় সবজির দাম এমনিতেই বেশি থাকে। বর্ষাকালীন সবজি উঠলে বাজার নিম্নমুখী হবে বলে মনে করছেন তাঁরা।এদিকে, গত এক সপ্তাহে বেড়েছে আলু, রসুন ও ডালের দাম। প্রকারভেদে রসুনের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, এক মাসে আলুর দাম বেড়েছে ৬১ শতাংশ।রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিচিঙ্গা, করলা, ঢ্যাঁড়স, বরবটি ও ধুন্দুল ৩০ থেকে ৩৫ টাকা, ঝিঙে ৩০ থেকে ৩৫ টাকা, পটোল ৩৫, টমেটো ২০ থেকে ২৫, বেগুন মানভেদে ২০ থেকে ৩০ এবং পেঁপে ও শসা ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রায় প্রতিটি সবজির দামই এর চেয়ে অন্তত পাঁচ টাকা বেশি ছিল। বাজারে আলুর দাম আরও বেড়েছে। প্রতি কেজি আলু কিনতে এখন খরচ করতে হচ্ছে ১৮ থেকে ২০ টাকা। অবশ্য অনেক মুদি দোকানে আলু বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি। ঠিক এক মাস আগে আলুর দাম ছিল ১২ থেকে ১৩ টাকা কেজি।প্রতি কেজি দেশি পেঁয়াজ ২২ ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ এখন ২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম বেড়েছে। বাজারে দেশি রসুন ৫০ ও আমদানি করা চীনা রসুন ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।কারওয়ান বাজারের আড়তদারেরা বলছেন, বাজারে সরবরাহ ভালো থাকায় সবজির দাম কিছুটা কমেছে। হরতালে বিভিন্ন স্থান থেকে সবজিবাহী ট্রাক ঠিকমতো আসতে পারেনি। তাই হরতালের পর গত দুই দিনে এসব স্থান থেকে প্রচুর সবজি এসেছে। সে কারণেই বাজারে সরবরাহ ভালো।ডিমের দাম অবশ্য আগের মতোই চড়া। এক হালি ফার্মের ডিমের দাম ৩৪ থেকে ৩৬ টাকা। তবে ব্রয়লার মুরগির দাম কমে এখন প্রতি কেজি ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আয়তনের (৭০০ গ্রাম) প্রতিটি দেশি মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।এদিকে বিভিন্ন ধরনের ডালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে। দেশি মসুর ডাল (ছোট দানা) বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা কেজি। মোটা দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। মুগডালের কেজি ১১৫ টাকা।এ ছাড়া প্রতি কেজি প্যাকেটজাত লবণ ২৭ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২৫ টাকা, বোতলজাত সয়াবিন ১৩২ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।