বাজারের সুবিধা পেতে শিক্ষা স্বাস্থ্য ও ক্ষমতা প্রয়োজন
রেহমান সোবহানের বই ‘চ্যালেঞ্জিং দ্য ইনজাস্টিস অব পোভার্টি: অ্যাজেন্ডাস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া’-এর প্রকাশনা উৎসবে অমর্ত্য সেননোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘বাজার একটি বড় এবং কেজো জিনিস। এটি লোকেদের সুযোগ-সুবিধা করে দেয়। তবে এই সুযোগ-সুবিধা পেতে হলে বহু জিনিসের প্রয়োজন। যেমন—শিক্ষা, স্বাস্থ্য, ক্ষমতা ইত্যাদি। তা ছাড়া থাকতে হবে লোকেদের কেনাকাটার ক্ষমতা। আর এইগুলো পাইয়ে দিতে রাষ্ট্রের কাজ রয়েছে, এনজিওরও কাজ রয়েছে।’ প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের নতুন বই চ্যালেঞ্জিং দ্য ইনজাস্টিস অব পোভার্টি: অ্যাজেন্ডাস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়ার প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। দারিদ্র্যকে অন্যায় বলে উল্লেখ করে অমর্ত্য সেন এ সময় আরও বলেন, দারিদ্র্য অন্যায়ের একটি রূপ ও পরিচায়ক। দারিদ্র্যের সঙ্গে অন্যায় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি যে শুধু ক্ষতিকর, তা-ই নয়; সামাজিক দিক দিয়েও তা অন্যায়ের প্রকাশ এবং এই অন্যায়কে সহ্য করাও অন্যায়। সুতরাং দারিদ্র্য কীভাবে বদলানো যায়, শেষ করা যায়, সেই চিন্তা করতে হবে। গতকাল বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে এই প্রকাশনা উৎসবে অমর্ত্য সেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও আকবর আলি খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন এবং উলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আর ওসমানী। অনুষ্ঠানে জানানো হয়, রেহমান সোবহান এই বইয়ে দক্ষিণ এশিয়ার দারিদ্র্যের সামগ্রিক দিক সম্পর্কে নতুনভাবে আলোকপাত করেছেন; প্রশ্ন তুলেছেন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সহযোগিতার কার্যকারিতা ও সুফল নিয়ে। বইটি উৎসর্গ করা হয়েছে অমর্ত্য সেনকে। ৪৮৬ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে খ্যাতনামা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সেজ পাবলিকেশনসের নয়াদিল্লি কার্যালয়।অনুষ্ঠান শেষে অমর্ত্য সেন সাংবাদিকদের বলেন, ‘এরকম মনে করা ভুল হবে যে বাজার ছাড়া সবকিছু চলতে পারে। বাজারের যে একটি অর্থনৈতিক প্রয়োজন রয়েছে, তা অত্যন্ত সহজ কথা। এটা প্রচণ্ড, বড় উপলব্ধির বিষয়। এতে অবাক হওয়ার কিছু নেই। তাতে বরং আমাদের চেতনাশক্তির অভাবের পরিচয় ঘটবে।’তবে সবকিছু বাজারের হাতে ছেড়ে দেওয়ারও বিরোধী অমর্ত্য সেন। তিনি বলেন, এতে আবার লোকে ভুল বুঝতে পারে। ভাবতে পারে যে বাজারের হাতে সব ছেড়ে দিলে আর চিন্তার কিছু থাকবে না। এই ভ্রান্তি যাতে না ঘটে সে জন্য বাজারের বিষয়ে সচেতন হওয়ারও প্রয়োজন রয়েছে। রেহমান সোবহানের বইয়ে দারিদ্র্য দূর তথা দিন বদলের কথা বলা রয়েছে মন্তব্য করে অমর্ত্য সেন বলেন, ‘রেহমান আমাকে বললেন যে দিন বদল নিয়ে এখানে আলোচনা হচ্ছে। খুবই চিন্তার জিনিস। রেহমানের বইটা দিন বদলের বিষয়েই বই। তাঁর দিন বদলের সূত্র (ফরমুলা) নিয়ে আলোচনা করেছি। তবে এমন কোনো প্রামাণ্য বক্তব্য রাখা হয়নি।’ অমর্ত্য সেন বলেন, সবচেয়ে বড় বিষয় হলো এখন সামষ্টিক মালিকানা। এই সামষ্টিক মালিকানার জন্যই সামাজিক বিপ্লবের কথা উঠেছে। অমর্ত্য সেনকে বাংলাদেশে আগমনে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, রেহমান সোবহানের গ্রন্থে যে বিষয়গুলো উঠে এসেছে, তা বিবেচনার দাবি রাখে। তবে বিষয়গুলোকে বাজেটে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তা স্পষ্ট নয়। অমর্ত্য সেনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নতি হচ্ছে। বাংলাদেশই এর উদাহরণ। শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতেই এগোচ্ছে বাংলাদেশ।’ তবে উন্নতি বিষয়ে অর্থমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে আকবর আলি খান বলেন, ‘সরকার মোটেই খুব ভালো কাজ করছে না। দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না; কারণ দারিদ্র্য কমানোর কৌশলগুলো গতানুগতিক।’ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, রেহমান সোবহানের বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো দারিদ্র্যের কারণ অনুসন্ধান ও তা সমাধানের পথ বাতলে দেওয়া। এতে অনেকগুলো ‘কেস স্টাডি’ উল্লেখ করা হয়েছে। উন্নতির জন্য সবার আগে গুণগত শিক্ষার প্রতি জোর দিতে তাগিদ দেন তিনি।আতিউর রহমান বলেন, বাজার থেকে পণ্য কেনার ক্ষমতাই হলো বড় বিষয়। দেশের দরিদ্র জনগোষ্ঠী এই ক্ষমতা অর্জনে ক্ষুদ্রঋণের সহযোগিতা পেয়েছে। বিনায়ক সেন বলেন, দরকার জোটবদ্ধ (কালেকটিভ) কর্মসূচি গ্রহণের। তাহলেই দারিদ্র্যের স্থায়ী বিদায় সম্ভবপর হবে। বইটিতে তৃণমূল পর্যায়ের অনেক অভিজ্ঞতা তুলে আনা হয়েছে। এস আর ওসমানী বলেন, দারিদ্র্যের সংজ্ঞা দেওয়া কঠিন। তবে দারিদ্র্য দূর করতে দরকার সম্পদ-বৈষম্য দূর করা। আর অনুসন্ধান করা যে দারিদ্র্যের কারণগুলো কী।