প্রতিবছর ১২ হাজারের মতো ওষুধ বাজারে আসছে। কিন্তু মান জানার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর বছরে সাড়ে তিন হাজার ওষুধের নমুনা পরীক্ষা করতে পারে। বাকি সাড়ে আট হাজার অর্থাৎ ৭০ শতাংশ ওষুধের মান সম্পর্কে প্রশাসনের ধারণা নেই। এ তালিকায় ভিটামিন থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, দেশে ওষুধের উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কোনো স্তরেই সরকারি পরীক্ষাগারের অনুমোদন প্রয়োজন হয় না। বিপণনের পর অধিদপ্তরের কর্মকর্তারা বাজার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান। তখন মান জানা সম্ভব হয়। বর্তমানে মান না জানা ওষুধই সেবন করছে মানুষ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের শিক্ষক আ ব ম ফারুক প্রথম আলোকে বলেন, ওষুধের মান সম্পর্কে নিশ্চিত হওয়া খুবই জরুরি। পরপর দুবার বাংলাদেশে মানহীন ওষুধ সেবনে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, নকল ও ভেজাল ওষুধের কারণে কিডনি, যকৃৎ, হূদ্যন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাফরুল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক ওষুধ উৎপাদকেরা বাজারে আনেন। কিছু ওষুধ আমদানি হয়, কিছু আসে চোরাই পথে। মান জানতে হলে বছরে কমপক্ষে ২৫ হাজার নমুনা পরীক্ষা করতে হবে। তিনি বলেন, বহু ভিটামিনের মোড়কে ১৮টি খনিজ উপাদান থাকার ঘোষণা আছে। সত্যি আছে কি না তা পরীক্ষা করার ব্যবস্থা সরকারের পরীক্ষাগারে কখনো ছিল না, এখনো নেই।অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, রাতারাতি পরিবর্তন আসবে না। সরকার আন্তরিক, কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনবল ও যন্ত্রপাতির সংকট আগে কাটাতে পারলে অবস্থার পরিবর্তন হবে। দুর্বল পরীক্ষাগার: ওষুধ প্রশাসন পরিদপ্তরকে ২০১০-এর ১৭ জানুয়ারি অধিদপ্তরে রূপান্তর করা হয়। এরপর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন ওষুধ পরীক্ষাগারটি (ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি—এনসিএল) ওষুধ প্রশাসন অধিদপ্তরের অন্তর্ভুক্ত করা হয়। তবে এক বছরে এর কোনো পরিবর্তন হয়নি।পরীক্ষাগারের বিশ্লেষক (অ্যানালিস্ট) আবু বকর সিদ্দিক জানান, পরীক্ষাগারের একমাত্র গ্যাসক্রোমোটোগ্রাফি মেশিনটি তিন বছর ধরে নষ্ট। এই যন্ত্রের সাহায্যে প্যারাসিটামল সিরাপ পরীক্ষা করা হয়। ২০০৮ সালে প্যারাসিটামল সিরাপ সেবনে শিশুমৃত্যুর ঘটনা ঘটে। তখনো এই পরীক্ষাগারে কোনো সিরাপ পরীক্ষা করা সম্ভব হয়নি। এখনো হচ্ছে না।এ ছাড়া পরীক্ষাগারে যন্ত্রপাতির সংকটও প্রকট। পরীক্ষাগারে ওষুধে ব্যবহূত উপাদানের শুদ্ধতা ও পরিমাণ নিরীক্ষা করতে পাঁচটি অত্যাধুনিক এইচপিএলসি মেশিন প্রয়োজন। আছে দুটি, তার একটি দীর্ঘদিন ধরে নষ্ট। ওষুধের অম্লতা ও ক্ষারত্ব নির্ণয়ের জন্য প্রয়োজনীয়সংখ্যক পিএইচ মিটার ও নিক্তিও নেই। চলতি অর্থবছরে পরীক্ষাগারের রাসায়নিক দ্রব্য কেনার জন্য কোনো বরাদ্দও পাওয়া যায়নি।নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষাগারের একাধিক কর্মকর্তা জানান, তাঁরা সাধারণ কিছু ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, আলসারের ওষুধ, ডায়াবেটিস নিয়ন্ত্রক ওষুধ ও ভিটামিন পরীক্ষা করতে পারেন। ক্যানসারের ওষুধ, হরমোনজাতীয় ওষুধ ও স্টেরয়েড পরীক্ষার ব্যবস্থা পরীক্ষাগারে নেই। এ কারণে এসব ওষুধের মান যাচাই করার ব্যবস্থাও নেই। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস রেখে সরকার বাজার চালাচ্ছে।বাজার বড়, দেখার লোক নেই: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নির্দেশে সাংসদ ও বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসানের নেতৃত্বে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি ও স্থায়ী কমিটির কর্মকর্তারা ২০০৯-এর সেপ্টেম্বর থেকে ২০১০ সালের মার্চ পর্যন্ত উৎপাদনকারী ১৯৩টি প্রতিষ্ঠান ঘুরে দেখেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেছে, অন্তত ৬০টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন ও বিপণনের শর্ত মেনে চলছে না। তথ্য যাচাই-বাছাই না করে প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার কারণে নকল ও ভেজাল ওষুধের উৎপাদন ও বিপণন বন্ধ করা যাচ্ছে না।অভিযোগ আছে, ২০০৮ সালে রিড ফার্মাসিউটিক্যালসের তৈরি প্যারাসিটামল সেবন করে বেশ কিছু শিশুর মৃত্যু হয়। অনুসন্ধানে জানা গেছে, প্যারাসিটামল সিরাপ তৈরির প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতি না থাকলেও রিড ওই সিরাপ তৈরি করছিল।এ ছাড়া পরিদপ্তর থেকে অধিদপ্তরে উন্নীত হওয়ার পর কাজের গতিও কমেছে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ বছরে গড়ে পাঁচ হাজারের মতো নমুনা সংগ্রহ করত, এখনো সেই পরিমাণ করছে। তবে পরিদপ্তর ২০০৯ সালে ভেজাল ও নিম্নমানের ওষুধ বাজারজাত করার দায়ে ৩৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। আর অধিদপ্তর হওয়ার পর ২০১০ সালের প্রথম ১০ মাসে মামলা করেছে সাতটি।বাংলাদেশ ওষুধশিল্প সমিতির সাধারণ সম্পাদক আবদুল মুক্তাদির জানান, ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অনুমোদন আছে ২৫৭টি প্রতিষ্ঠানের। তবে সক্রিয় আছে ১৯৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪০টি প্রতিষ্ঠান ৯৫ শতাংশেরও বেশি ওষুধের জোগানদাতা। বাকি ১৫৩টি প্রতিষ্ঠান মাত্র ৪ দশমিক ৪২ শতাংশ ওষুধ উৎপাদন করে। তিনি বলেন, অনেক অসাধু ব্যবসায়ী বড় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বাজারে নকল ও ভেজাল ওষুধ বিপণন করছে।ঢাকায় কর্মরত ওষুধ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম কাজের গতি কমার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এত বড় বাজার মাত্র ২৬ জন তত্ত্বাবধায়ককে দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ওষুধ তত্ত্বাবধায়কেরা বাজার থেকে নমুনা সংগ্রহ করেন এবং মান যাচাই করতে পরীক্ষাগারে পাঠান। তত্ত্বাবধায়কেরা কাজের চাপে অস্থির। অন্যদিকে দিনের পর দিন তাঁরা একই পদে কাজ করে যাচ্ছেন। অধিদপ্তর হওয়ার পরও তাঁদের পদোন্নতি হয়নি। তাঁরা হতাশ।মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, অধিদপ্তর ৭৪ জন তত্ত্বাবধায়কের পদ সৃষ্টি ও নিয়োগ চেয়ে সরকারের কাছে আবেদন করেছিল। ৪৪ জনের অনুমোদন পাওয়া যায়। হাইকোর্টে একটি মামলা চলার করণে সব নিয়োগ বন্ধ আছে। কবে এই জট খুলবে কেউ জানে না।