বাজিতপুরে ট্রলারডুবি ৩৪ যাত্রী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আইনারগোপ গ্রামের কাছে মেঘনা ও ধলেশ্বরী নদীর বাঁকে গতকাল বুধবার সকালে স্রোতের তোড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। পরে সাদেকুন্নাহার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৩৪ জন যাত্রী।ট্রলারটি শতাধিক যাত্রী নিয়ে বাজিতপুরের হুমাইপুর ইউনিয়নের কৈইটুপি থেকে গতকাল সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার চাতলপাড়ের উদ্দেশে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে দুই নদীর বাঁকে প্রচণ্ড স্রোতের মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীদের অধিকাংশই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কয়েকটি জেলেনৌকা গিয়ে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। নারী, শিশু, বৃদ্ধসহ ৩৫ জন নিখোঁজ হয়। ট্রলারডুবির খবর পেয়ে শত শত লোক স্বজনদের খোঁজে নদীতীরে ভিড় করে।নিখোঁজদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলো নূরচাঁন বেগম (৩৭), আনোয়ারা বেগম (২৭), দীন ইসলাম (৭), তানবিলা খাতুন (১২), তাকবীর মিয়া (৮), শারমীনা (৪), তানভির (১০), মাফিয়া খাতুন (৮), অবদুল বারিক (৮০), আজমত আলী (৬২), সানিয়া খাতুন (৩), মনোয়ারা (২৬), আম্বিয়া খাতুন (৩৫), তানজিলা বেগম (১২), সুমন (৩), স্বাধীন (দেড় বছর) ও শাহানা (১২)।খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, বাজিতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুখলেছুর রহমান আকন্দসহ প্রশাসন ও পুলিশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। প্রচণ্ড স্রোতের কারণে তাৎক্ষণিক স্থানীয়ভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। পরে ঢাকায় খবর দেওয়া হয়। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরিদল বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তারা শিশু সাদেকুন্নাহারের লাশ উদ্ধার করে। সে বাজিতপুরের পারকচুয়া ইউনিয়নের আবদুল খালেকের মেয়ে। অন্ধকার নেমে এলে সন্ধ্যা সোয়া সাতটার দিকে উদ্ধার তৎপরতা সাময়িকভাবে বন্ধ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে অনুসন্ধান অভিযান আবার শুরু হবে।সাঁতরে তীরে ওঠা যাত্রী পারকচুয়া গ্রামের খালেক মিয়া ও ওমর আলী জানান, অতিরিক্ত যাত্রী ও ধান বোঝাই করায় ট্রলারটি ভারসাম্যহীন ছিল। তাই ঢেউয়ে পড়ার সঙ্গে সঙ্গে এটি ডুবে যায়। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান সন্ধ্যা সোয়া ছয়টায় দুর্ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করেছেন। প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এটি উদ্ধার হলে অনেক যাত্রীর লাশ মিলতে পারে। তিনি বলেন, নিখোঁজ যাত্রীদের মরদেহ ঢেউয়ের তোড়ে দুর্ঘটনাস্থল থেকে দূরে চলে যেতে পারে।