বাজিতপুরে ট্রলারডুবিতে ৩৫ যাত্রী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আইনারগোপ গ্রামের কাছে মেঘনা নদীতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলারডুবিতে অন্তত ৩৫ জন যাত্রী নিখোঁজ হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টার দিকে ট্রলারটি প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উদ্দেশে বাজিতপুরের কৈটুপি ছেড়ে যায়। সাড়ে ১০টার দিকে আইনারগোপ গ্রামের কাছে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। সাঁতার কেটে ও স্থানীয় জেলেদের সহযোগিতায় দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৬৫ জন যাত্রী পারে উঠতে সক্ষম হন। বাকি অন্তত ৩৫ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।উদ্ধার হওয়া যাত্রীরা জানায়, ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী ও ধানবোঝাই করা হয়েছিল।মাইজচর ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান জানান, প্রচণ্ড ঢেউয়ের কারণে উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নদীতে ঢেউয়ের কারণে স্থানীয়ভাবে উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না। ডুবুরি পাঠানোর জন্য ঢাকায় সংবাদ পাঠিয়েছি।’ তিনি আরও বলেন, ট্রলারডুবিতে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে।