বাজিতপুরে ট্রলারডুবির ঘটনায় আরও ৯ যাত্রীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রলারডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার ছয় শিশু, তিনজন নারীর লাশ ও ট্রলারটি উদ্ধার করা হয়েছে।এ নিয়ে মোট ১০ জনের লাশ উদ্ধার করা হলো। নিখোঁজ রয়েছে সাতজন। বিকেল চারটা ১০ মিনিটে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো আম্বিয়া (৪০), আনোয়ারা বেগম (২৭), তানিয়া (০৩), স্বাধীন (আড়াই বছর) সুমন (০৩), শারিমন (০৪), তানজিলা (০৯), তসবির (০৬)।নয়জনের মধ্যে ছয়জনই উপজেলার মাইজচর ইউনিয়নের বাসিন্দা। জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান জানান, লাশপ্রতি জেলা প্রশাসন থেকে তিন হাজার টাকা, স্থানীয় সাংসদ পাঁচ হাজার টাকা এবং জেলা পরিষদের পক্ষ থেকে দুই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।জেলা প্রশাসক আরও জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে ডুবুরি দল ও ফায়ার ব্রিগেড বাহিনী গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দিন শেষে আশপাশের এলাকায় এখন আর কোনো লাশ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, অন্য লাশগুলো প্রবল স্রোতের কারণে দূরে ভেসে গেছে। গ্রামবাসীকে লাশ দেখতে পেলে স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে।গতকাল সকাল নয়টার দিকে ট্রলারটি প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উদ্দেশে বাজিতপুরের কৈটুপি ছেড়ে যায়। সাড়ে ১০টার দিকে আইনারগোপ গ্রামের কাছে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। সাঁতার কেটে ও স্থানীয় জেলেদের সহযোগিতায় দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৬৫ জন যাত্রী পারে উঠতে সক্ষম হয়।উদ্ধার হওয়া যাত্রীরা জানায়, ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী ও ধানবোঝাই করা হয়েছিল।