স্পিকার সম্পর্কে বিচারপতির মন্তব্য
বাজিতপুরে প্রত্যাহার, কটিয়াদীতে সড়ক ও রেলপথ অবরোধ
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের বক্তব্যকে হাইকোর্টের এক বিচারপতি ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ বলে মন্তব্য করার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর আগে আজ সকালে পাঁচ ঘণ্টাব্যাপী বাজিতপুর উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব আইনুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহানউদ্দিন খানসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বেলা সাড়ে ১১টার দিকে মানিকখালী রেলস্টেশনে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস, দুটি ভোরের লোকাল ট্রেন (ময়মনসিংহ থেকে ভৈরব এবং ভৈরব থেকে ময়মনসিংহগামী) আটক করে রেখেছেন। ওহাব প্রথম আলো ডটকমকে বলেন, ‘স্পিকার আবদুল হামিদকে অসম্মান করায় সারা দেশের মতো কিশোরগঞ্জবাসীও ক্ষুব্ধ। এ জন্য আমরা এর প্রতিবাদ করছি।’একই সময়ে কটিয়াদী উপজেলার স্বেচ্ছাসেবক লীগ উপজেলার বাসস্ট্যান্ডে অবরোধ কর্মসূচি পালন করছে। উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তারিকুল মোস্তাক রানা বলেন, ‘বিচারপতিরাও তো এ দেশের মানুষ। তাঁরা ভুল-ত্রুটি করলে তাঁদের সমালোচনা করে যাবে না, এটা অনুচিত। অবিলম্বে স্পিকার মহোদয়ের বিরুদ্ধে যে কথা বলা হয়েছে, এর প্রত্যাহার চাই।’কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। কোনো ভাঙচুর হয়নি।এর আগে আজ সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাজিতপুরের সরার চর রেলস্টেশনে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেসটি আটক করে রাখেন নেতা-কর্মীরা। এ ছাড়া ভৈরব থেকে কিশোরগঞ্জগামী লোকাল ট্রেনটিকে ভাগলপুর রেলস্টেশনে স্থানীয় জনগণ আটক করে রাখে। বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, বাস ও ট্রেনের যাত্রীদের দুর্ভোগের কারণে তাদের অনুরোধে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।বাজিতপুর উপজেলার পিরিজপুরে সকাল থেকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।বাজিতপুর-নিকলি আসনের সাংসদ আফজাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, মাননীয় স্পিকারের বাড়ি কিশোরগঞ্জ। বিচারপতির বক্তব্যে ক্ষুব্ধ কিশোরগঞ্জবাসী সড়কপথ অবরোধ করে রাখে।বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পিরিজপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, ‘স্পিকার আবদুল হামিদ হলেন আমাদের সন্তান। তাঁর বিরুদ্ধে হাইকোর্টের বক্তব্যে আমরা ক্ষুব্ধ হয়েছি। এর বিচারের দাবিতে জনতা সড়ক ও রেলপথ অবরোধ করেছে।’