বাজিতপুরে ভাঙচুর-অগ্নিসংযোগ, ঢাকা-মাওয়া মহাসড়ক এক ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ সোমবার ক্ষুব্ধ হয়ে উঠেছেন কিশোরগঞ্জের বাজিতপুর ও ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দারা। বাজিতপুরের গ্রাহকেরা সকালে প্রতীকী ধর্মঘট পালন করে এবং বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে গ্রাহক-পুলিশ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। একই দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়ার গ্রাহকেরা ঢাকা-মাওয়া মহাসড়কে এক ঘণ্টা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। বাজিতপুর: এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে কিশোরগঞ্জ ও ভৈরব থেকে আমাদের নিজস্ব প্রতিবেদকেরা জানান, বিদ্যুতের দাবিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে বাজিতপুরের কয়েক হাজার লোক বাজারে জড়ো হয়। পরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট চলাকালে বিক্ষুব্ধ জনতা উপজেলার আবাসিক বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত জনতার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহে নূর আলমসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহতদের কয়েকজনকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গ্রাহকদের অভিযোগ, বাজিতপুরে বিদ্যুতের আট হাজার গ্রাহক রয়েছে। বর্তমানে সেখানে লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে এলাকার অধিকাংশ মৎস্য, পোলট্রি ও ক্ষুদ্রশিল্প বন্ধ হয়ে গেছে। সমস্যা সমাধানে বারবার আহ্বান জানানো হলেও কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি। তাই এলাকাবাসী আজ বাধ্য হয়ে আন্দোলনে নামে। বাজিতপুর বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মফিজ উদ্দিন জানান, বাজিতপুরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কিশোরগঞ্জ জেলা সদর থেকে নিয়ন্ত্রিত হয়। চালু বা বন্ধের ব্যাপারে তাঁদের কোনো হাত নেই। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, অসহনীয় লোডশেডিংয়ের কারণে বাজিতপুরের জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করছে।কেরানীগঞ্জ: আমাদের কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, বিদ্যুতের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকাবাসী আজ সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ সড়কে অবস্থান নেয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা দুই শতাধিক বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাস্তায় টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও যানবাহনে ইট-পাটকেল ছুড়ে মারে এবং ভাঙচুর চালায়। দুপুর ১২টার দিকে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।গ্রাহকদের অভিযোগ, গত কয়েক দিন ধরে দিনে প্রায় ১৪-১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর, চর কালীগঞ্জ, কালীগঞ্জ বাজার ও খেজুরবাগ এলাকার প্রায় পাঁচ হাজার ছোট-বড় তৈরি পোশাক কারখানায় উৎপাদন কম হচ্ছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার গ্রাহকদের মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।