বাজিতপুরে যুবলীগ নেতার তিন টুকরা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল শুক্রবার আলম মিয়া (৩০) নামে যুবলীগের এক নেতার তিন টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত আলম মিয়া উপজেলার ভাণ্ডা গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য। এর আগে তিনি উপজেলার সরারচর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, সরারচর ইউনিয়নের তেঘুরিয়া নূরপুরের সিংধা বিল থেকে গতকাল বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির তিন টুকরো লাশ উদ্ধার করা হয়। পুলিশ কয়েক ঘণ্টা খুঁজেও নিহত ব্যক্তির হাত, পা ও মাথা উদ্ধার করতে পারেনি। পরে ওই তিন টুকরা দেখে আলমের স্ত্রী হ্যাপী আক্তার লাশটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন। আলমের পরিবার সূত্র জানায়, আলমকে গত মঙ্গলবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না। তাঁর মুঠোফোনটিও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও স্বামীকে না পেয়ে হ্যাপী আক্তার বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনাটি র‌্যাবকেও জানানো হয়। গতকাল সকালে নূরপুর বিলের কাছে খেলতে গিয়ে একটি শিশু আলমের মানিব্যাগ কুড়িয়ে পায়। মানিব্যাগে আলমের ছবি পেয়ে তাঁর পরিবারের লোকজনকে বিষয়টি জানায় ওই শিশু। পরে এলাকাবাসী ও আলমের পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ওই বিলের কচুরিপানার নিচ থেকে আলমের হাঁটু থেকে গলা পর্যন্ত তিন টুকরা লাশ বস্তাভর্তি অবস্থায় উদ্ধার করে। হত্যাকাণ্ডের খবর পেয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। আলমের ভাই ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক রাজধানী বার্তার প্রকাশক ফারুক আহাম্মদ বলেন, ‘রাজনৈতিক বিষয় নিয়ে সপ্তাহ খানেক আগে জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজা মো. শাহীন মিয়ার সঙ্গে আমার ভাই আলমের বাগিবতণ্ডা হয়। এর জের ধরেই আমার ভাই খুন হয়েছে।’এ ব্যাপারে শাহীন মিয়া বলেন, আলমের সঙ্গে তর্ক হলেও তাঁকে হত্যা করার প্রশ্নই আসে না। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেন জানান, পুলিশ নিহত আলমের শরীরের বাকি অংশ উদ্ধার ও হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।