বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষে এসে বাজিমাত করল রাশিয়া ও কাতার। কীভাবে অন্য সবাইকে চমকে দিয়ে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজন-স্বত্ব পেল দেশ দুটি? কারণ খুঁজেছেন পবিত্র কুন্ডুলড়াইটা ছিল দৃশ্যত গত ১৮ কিংবা ২০ মাসের। প্রকৃতপক্ষে আরও দীর্ঘ। হতে পারে চার অথবা ছয় বছরের। জয়ী তাতে একেবারেই বিস্ময়-জাগানিয়া দুটি নাম—রাশিয়া ও কাতার।‘বিস্ময়-জাগানিয়া’ শব্দবন্ধ চয়নে আপত্তি করতে পারেন। বিশ্বকাপ আয়োজনে প্রার্থিতা পেশ করেই তো বিস্ময় ঝেড়ে ফেলেছে দেশ দুটি! কিন্তু প্রশ্নটা এখানেই। ফুটবলের যে প্রথম পৃথিবী, তাতে রাশিয়া ও কাতার আগন্তুক। লেভ ইয়াসিনের দেশ বিশ্ব ফুটবলের কুলীনকুলে বার কয়েক পায়ের ছাপ আঁকলেও মনস্তাত্ত্বিকভাবে যে তারা সর্বদাই থাকত পেছনের কাতারে। আর কাতার? কোনো অবস্থাতেই পাতে দেওয়ার মতো প্রার্থী নয়। একে তো ফিফা র‌্যাঙ্কিং ১১৩, তার ওপর ১৬ লাখ মানুষের মরু দেশটি বিশ্বকাপ আয়োজনের সময়টিতে গ্রীষ্মকালীন তাপে হয়ে ওঠে জ্বলন্ত চুল্লি। তাপমাত্রা ওঠে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু এই দুটি দেশই করল বাজিমাত। চূড়ান্ত ভোটাভুটির পর ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার যখন সাদা খাম খুলে ঘোষণা করলেন, ২০১৮ বিশ্বকাপ আয়োজকের নাম রাশিয়া—গোটা ইউরোপে ঝরে পড়া তুষারকণার মতো বিস্ময় ছড়িয়ে পড়ল জুরিখে। মিনিট কয়েক পর যখন তাঁর মুখে ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে উচ্চারিত হলো কাতারের নাম, বিস্ময়ের বিকল্প নাম তখন পারমাণবিক বিস্ফোরণ!রাশিয়ার কাছে ইংল্যান্ডের হার যেন আন্দ্রেই আরশাভিনের কাছে ইংল্যান্ড ফুটবলের মহাতারকা ডেভিড বেকহামের আত্মসমর্পণ। আর কাতারের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় বিশ্ব ফুটবলের বৃহত্তম অঘটন। যুক্তরাষ্ট্র তো নয়, এ যেন ব্রাজিলের হার কাতারের কাছে। বিশ্বকাপ আয়োজক হওয়ার লড়াইটা আগামী বিশ্বের কল্পিত পারমাণবিক যুদ্ধকেও ছাড়িয়ে গেছে। এই লড়াইয়ের পর্বে পর্বে ছিল তারকা বনাম তারকা, সংস্কৃতি বনাম সংস্কৃতি, রাজনীতি বনাম রাজনীতি, কূটনীতি বনাম কূটনীতি, প্রযুক্তি বনাম প্রযুক্তি। একে কীভাবে ব্যাখ্যা করবেন আপনি?এখানে ফিরে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর সেই স্নায়ুযুদ্ধের আবহ। এখানে স্পষ্ট ছিল বঞ্চিত পৃথিবীর সর্বোচ্চগ্রামে চিৎকার। ছিল এগিয়ে থাকা পৃথিবীর জিগীষা। সেই হিসেবে রাশিয়া ও কাতারের জয়কে আপনি রোমান্টিক বলতে পারেন। কিন্তু পরশু রাতে চোখের জল সামলাতে ব্যস্ত বেকহাম, হাসিতে খান খান হয়ে পড়া ইয়েলেনা ইসিনবায়েভা, সব হারানোর বেদনায় নীল ল্যান্ডন ডনোভানকে দেখে মনে হয় ফিফার বিশাল ক্ষমতাকে ‘স্যালুট’ করেছেন, নয়তো নিকুচি করেছেন। ফিফার কাছে যুক্তরাষ্ট্রের ক্ষমতার কানাকড়ি মূল্য নেই। ইংল্যান্ডের আভিজাত্য ফিফার মনে এতটুকু ছাপ ফেলতে পারে না। এখানে ভোটই ভাগ্যবিধাতা।আসলেই কি তা-ই? পেট্রো ডলার ও দুর্নীতিই কি এই ভোটের নিয়ন্তা নয়? বিশ্ব ফুটবল নিয়ন্তা সংস্থা খোদ ফিফাই তো মাফিয়া। যে দুটি দেশ আগামী ব্রাজিল বিশ্বকাপের পরের দুটি বিশ্বকাপ আয়োজনের অধিকার পেল, কোনো অবস্থাতেই তাদের সামর্থ্য অন্যদের চেয়ে বেশি নয়। আসল জোরটা অর্থের। কাতারের আছে মাটির নিচে তরল সোনার ঝনঝনানি। রাশিয়ার পেট্রো ডলার কম থাকলেও তাদের আরেক সম্পদ গ্যাস। সারা বিশ্বে তেল ব্যবসায় এক আগ্রাসী শক্তিও বটে দেশটি।২ ডিসেম্বর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচন শেষে ফিফার সততা তাই প্রশ্নবিদ্ধ। উইকিলিকসের দুনিয়া কাঁপিয়ে দেওয়া উন্মোচনে যেদিন রাশিয়া চিহ্নিত হয়েছে মাফিয়া রাষ্ট্র, তার পরদিন দেশটির এই বিশাল বিজয় ব্রিটিশ মিডিয়ার চোখে তাই দুই মাফিয়ার আঁতাত। রাশিয়ার পক্ষে ভোট কেনাবেচায় সাহায্যের হাত বাড়িয়েছে ফিফা। তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর ফসফরাস শুভ্রতায় ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরসূরি প্রিন্স উইলিয়াম ও বেকহামকে নিয়ে যখন প্রাণপাত করছেন ভোটের জন্য, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন আসেনইনি সুইজারল্যান্ডে। রাশিয়া আগে থেকেই জানত ভোটের ফল। ভোট তাদের কেনাই ছিল! অতি আশাবাদী ইংল্যান্ড ভোটের মঞ্চে দাঁড়িয়ে দেখল, তাদের বাক্সে জমা পড়েছে মাত্র দুটি ভোট। নিজেদের প্রতিনিধির দেওয়া একটা ভোটের সঙ্গে সম্ভবত পড়েছিল জাপানের ভোটটা। ৫২ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপের আয়োজক হতে চাওয়া ইংল্যান্ডের বিদায় ভোটের প্রথম পর্বেই। এর চেয়ে অ্যান্টি ক্লাইম্যাক্স আর কী হতে পারে! তাহলে দুর্নীতি ফাঁস করতে গিয়ে দুর্নীতিগ্রস্তদের এককাট্টা করে তুলেছে ব্রিটিশ মিডিয়া!জুরিখে রাশিয়ার এই জয় যেন একদা আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে পিছিয়ে পড়া বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিজয়। পুতিন সুইজারল্যান্ডে না এসে বলেছিলেন, ‘ভোটের আগে আমি আসছি না। ভোটারদের ওপর অহেতুক চাপ সৃষ্টি করব কেন? আমি চাই তাঁরা চাপমুক্ত থেকে ভোট দিন।’ তবে প্রতিশ্রুতিমতো বিজয় সংবাদ শুনেই ছুটে গেছেন সুইজারল্যান্ডে; বলেছেন, ‘রাশিয়া জয়ী হওয়ায় প্রমাণ হলো আমাদের ওপর সারা বিশ্বের আস্থা আছে।’দূরদৃষ্টিসম্পন্ন এক পরিকল্পনা উপস্থাপন করেই নাকি জিতেছে কাতার। তারা বলেছে প্রতিটি স্টেডিয়াম, অনুশীলনের মাঠ, এমনকি সমর্থক-ডেরাতেও অত্যাধুনিক তাপ-নিয়ন্ত্রণ পদ্ধতিতে তাপমাত্রা নামিয়ে আনা হবে ২৬-২৭ ডিগ্রিতে। রেল ও মেট্রো খাতে ৪০ বিলিয়ন ডলার ব্যয়ে যোগাযোগব্যবস্থাকে করা হবে অত্যাধুনিক। কিন্তু প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের এই দেশের বিশ্বকাপকে পেট্রো ডলারের জয়ের বেশি দেখতে পারছে না পরাজিত চার প্রার্থী—যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান। কাতারি ফুটবল কর্তা, এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারের ঘনিষ্ঠ সম্পর্কের দিকেও অনেকের ইঙ্গিত। ব্ল্যাটার এত দিন ফিফার গদিতে আসীন তো হাম্মামের এশীয় ভোট ব্যাংকের জোরেই! কৃতজ্ঞ সুইস পরিশোধ করলেন সেই ঋণ।এখন ইংল্যান্ড-আমেরিকায় হতাশার ধূসর আস্তরণ। রাশিয়া-কাতার উৎসবের রঙে রঙিন। ৭ আর ১১ বছর পরের দুটি বিশ্বকাপ আয়োজন কতটা আলোকিত হবে, সে সময়ই বলবে। সে পর্যন্ত কোথাও চলবে ফিফার স্তুতি, কোথাও বা মুণ্ডুপাত। তবে যেভাবেই আসুক, রাশিয়া-কাতারের এই জয়ে আদতে ফুটবল সাম্যবাদেরই জয় দেখবে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ।