বাজেট অগ্রগতি প্রতিবেদন প্রথম সংসদে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অধিবেশনেই ২০০৯-১০ অর্থবছরে বাজেটের প্রথম ছয় মাসের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।আগামী সপ্তাহে অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন অনুসারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অগ্রগতি প্রতিবেদনটি সংসদে পেশ করবেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সংসদে এ ধরনের ঘটনা হবে এটাই প্রথম। এর আগে কখনো বাজেটের অগ্রগতি সংসদে উপস্থাপন করা হয়নি।গতকাল সোমবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রগতি এবং আয়-ব্যয়ের গতিধারা ও অর্থনৈতিক বিশ্লেষণসংক্রান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। মূলত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হবে।কমিটির সভাপতি স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আবদুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, রহমত আলী, রাশেদ খান মেনন ও আবদুল মতিন খসরু এবং জাতীয় পার্টির এইচ এম এরশাদ অংশ নেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন।সভায় জানানো হয়, সংসদের চলতি অধিবেশন ৬ এপ্রিল পর্যন্ত চলবে। তবে স্পিকার প্রয়োজনে সময় বাড়াতে পারবেন। সভায় বলা হয়, ৪ মার্চ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকারি ও বিরোধী দলের ১৮৭ জন সাংসদ মোট ৩০ ঘণ্টা ২১ মিনিট আলোচনা করেছেন। এ আলোচনা ১১ মার্চ পর্যন্ত চলবে।সভায় সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ১৫(৪) ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনের ওই ধারা অনুসারে ছয় মাস পর সংসদকে জাতীয় বাজেটের বাস্তবায়ন, অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা সম্পর্কে অর্থমন্ত্রীর প্রতিবেদন উপস্থাপন করতে হবে। একই সঙ্গে একটি অর্থনৈতিক বিশ্লেষণও দেবেন অর্থমন্ত্রী।জানা গেছে, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সংসদকে অবহিত করতে অর্থমন্ত্রীকে বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে এ নিয়ে সংসদে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে, যাতে আগামী ছয় মাস আরও ভালোভাবে বাজেটের অর্থ বাস্তবায়ন করা যায়।বৈঠক শেষে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ সাংবাদিকদের বলেন, আইন হওয়ার পর এবারই প্রথম সংসদে বাজেটের প্রথম ছয় মাসের অগ্রগতি সংসদকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে এ ব্যাপারে অর্থমন্ত্রীকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ করেছেন। আগামী সপ্তাহেই অর্থমন্ত্রী এ প্রতিবেদন দেবেন।