বাজেট অধিবেশনে গিয়েই ওয়াকআউট বিএনপির
বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের দুই দফা ওয়াকআউটে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম দফায় বিকেল পাঁচটায় অধিবেশন শুরুর দুই মিনিটের মাথায় ফ্লোর না পেয়ে মওদুদ আহমদের নেতৃত্বে বিরোধী দলের সাংসদেরা ওয়াকআউট করেন। প্রায় দুই ঘণ্টা পর তাঁরা অধিবেশনে ফিরে আসেন। এ সময় পয়েন্ট অব অর্ডারে মওদুদ আহমদ প্রায় ১৫ মিনিট বক্তব্য দিয়ে আবার ওয়াকআউট করেন। ওয়াকআউটের আগে তিনি বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকা আমার দেশ-এর ডিক্লারেশন বাতিল এবং পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করল।’ তিনি পত্রিকাটির প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তি দাবি করেন।এর জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমার দেশ পত্রিকার কোনো বৈধ প্রকাশক না থাকায় ঢাকার জেলা প্রশাসক ছাপাখানা, প্রকাশনা ও নিবন্ধন আইন অনুসারে এর প্রকাশনা বাতিল করেছেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার একের পর এক গণমাধ্যম বন্ধ করে প্রমাণ করছে, দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই। এর আগে ১৯৭৫ সালেও তারা একই কায়দায় চারটি সংবাদপত্র রেখে বাকি সব বন্ধ করে দেয়। বর্তমান সরকারের কার্যকলাপ দেখে মনে হচ্ছে, বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ধারায় তারা অবৈধভাবে সরকার চালাচ্ছে। তিনি বলেন, আজম জে চৌধুরীর মামলা করার এক দিনের মধ্যেই যেভাবে সেদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ একই কায়দায় আমার দেশ পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির অধিকাংশ সদস্য উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সংসদে যোগ দেননি।বিরোধী দলের ওয়াকআউটের পর তথ্যমন্ত্রী বলেন, আমার দেশ পত্রিকার সাবেক প্রকাশক হাসমত আলীর মামলার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এর প্রকাশনা বাতিল করেছেন। আর চ্যানেল ওয়ানের প্রচার বন্ধ হয়েছে আদালতের নির্দেশনায়। সরকার কোনো প্রকাশনা বন্ধ করেনি। তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলেই সরকারে এসেই তথ্য অধিকার আইন পাস করেছে। তথ্য কমিশন গঠন করেছে।এর আগে বিকেল পাঁচটায় বিরোধী দলের উপস্থিতিতেই বাজেট অধিবেশন শুরু হয়। স্পিকার আবদুল হামিদ অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বের আগে মওদুদ আহমদ ফ্লোর চাইলে স্পিকার বলেন, প্রশ্নোত্তরপর্বের পর দেওয়া হবে। বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদ করলে স্পিকার বলেন, বিধি ভেঙে তো কাজ করা যাবে না। এ পর্যায়ে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।অধিবেশনের মেয়াদ: সংসদের চলতি অধিবেশন ২০ জুলাই পর্যন্ত চলবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১০ জুন ২০১০-১১ অর্থবছরের বাজেট সংসদে পেশ করবেন।অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভায় সংসদের এ অধিবেশনের কার্যসূচি নির্ধারণ করা হয়। স্পিকারের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বাজেটের ওপর সদস্যদের সাধারণ আলোচনা ৪০ ঘণ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন বিকেল চারটায় অধিবেশন শুরু হবে। বাজেট পেশের পর শনিবারও অধিবেশন চলবে।সভাপতিমণ্ডলী মনোনয়ন: অধিবেশনের শুরুতে চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন ফজলে রাব্বী, বীর বাহাদুর, মুজিবুল হক, আবদুল মুমিন তালুকদার ও সানজিদা খানম। এরপর শোক প্রস্তাব গৃহীত হয়।