প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেটকে গণমুখী দাবি করে বলেছেন, এ বাজেট সাধারণ মানুষের জন্য। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে তাঁর সরকার সমর্থ হবে। আগের বাজেটও তাঁর সরকার বাস্তবায়ন করেছে। গতকাল শুক্রবার বিকেলে গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দলের নেতা-কর্মীরা গতকাল তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাজেটকে উচ্চাভিলাষী বলে ভীতি ছড়ানোর কোনো অর্থ হয় না। উচ্চাভিলাষ একটাই, তা হলো দারিদ্র্য ও জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন। এ লক্ষ্য সামনে রেখেই বাজেট বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, কেউ বলতে পারেননি, এটা গরিব মারার বাজেট।প্রস্তাবিত বাজেট সম্পর্কে শেখ হাসিনা আরও বলেন, সবারই আকাঙ্ক্ষা থাকতে হবে। জনগণের কল্যাণ হয়েছে কি না, তা দেখে বিবেচনা করতে হবে। এই বাজেটের মাধ্যমে দেশে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কারামুক্তি সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আমার কারামুক্তি থেকে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে, সেটাই বড় কথা। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র ছাড়া অর্থনৈতিক মুক্তি আসতে পারে না।’ তিনি বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য, অর্থনৈতিক মুক্তি, নিরক্ষরতা থেকে মুক্তি, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং কর্মসংস্থান করা। এ জন্য আমরা রূপকল্প প্রণয়ন করেছি।’ নবাব কাটরা অগ্নিকাণ্ডের শিকার নববিবাহিত রুনা, রত্না ও আসমার জন্য সবার দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েগুলো খুবই অসহায়। আগুনে তারা সব হারিয়েছে। অবস্থা এমন যে, এদের থাকার জায়গাও নেই। তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা চেষ্টা করেছি। বিয়েতে যা যা করা প্রয়োজন, তার সবই করেছি।’ প্রধানমন্ত্রী স্মৃতিচারণা করে বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় হঠাৎ জানতে পারলাম, আমাদের দুই বোনের কেউ নেই। তাই হারানোর ব্যথা আমাদের চেয়ে আর কে বেশি জানে, আমাদের চেয়ে আর কে বেশি বুঝতে পারে?’ প্রধানমন্ত্রী তাঁর কারামুক্তির জন্য দেশবাসী, আওয়ামী লীগের নেতা-কর্মী ও গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা জানান।কারামুক্তি দিবস পালন: কারামুক্তি দিবস উপলক্ষে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম, আবদুল লতিফ সিদ্দিকী, আবদুর রাজ্জাক, আবদুল মান্নান খান, মাহবুবুল আলম, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন প্রমুখ প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাধারণ নেতা-কর্মীরা দীর্ঘ লাইন ধরে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ ছাড়া গতকাল মহানগর নাট্যমঞ্চে যুবলীগ শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবীর, মির্জা আজম, মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গতকাল বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।