বাজেট উত্থাপনের আগে সংসদীয় কমিটিতে আলোচনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেট সংসদের উত্থাপনের আগে খাতওয়ারি সংসদীয় কমিটিতে আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ আমন্ত্রণে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা অংশ নেন। দেবপ্রিয় ও মোস্তাফিজুর রহমান সার্বিক বাজেট-প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। বাজেটের গুরুত্বপূর্ণ খাত এবং আগের বাজেটের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন শাহনাজ হুদা।সংসদ সচিবালয় জানায়, কমিটি বছরে অন্তত তিনবার বাজেট বাস্তবায়ন-সম্পর্কিত প্রতিবেদন সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ করে। কমিটির মতে, বাজেটে কত টাকা খরচ হয়েছে, তার ওপর মূল্যায়ন না করে কাজের অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়া উচিত। তারা মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করতে এক বছরের অডিট অন্য বছরে না করে, সে বছরেই শেষ করার সুপারিশ করে। বছরের শেষ পর্যায়ে বেশি অর্থ বরাদ্দ না দিয়ে সারা বছর সমান হারে অর্থ বরাদ্দের পরামর্শও দেওয়া হয়।কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মোহাম্মদ সিরাজুল আকবর, জিনাতুন নেসা তালুকদার, এম এ মান্নান, রেবেকা মমিন ও আসমা জেরীন অংশ নেন। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।