বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে চিনির দাম বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার দুই দিনের মধ্যেই বাজারে চিনির দাম কেজিপ্রতি এক লাফে চার টাকা পর্যন্ত বেড়েছে। এ ছাড়া গত এক থেকে দেড় মাসের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি মোটা (ইরি) চালের দাম চার টাকা পর্যন্ত বেড়েছে।বাজেটে চিনি আমদানির ওপর শুল্ক বাড়বে এ ঘোষণার সঙ্গে সঙ্গে মিল, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা চিনির দাম বাড়িয়ে দিয়েছেন। দাম বাড়ার ব্যাপারে খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকারদের আর পাইকারি ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন মিলমালিকদের। গতকাল শনিবার পুরান ঢাকার মৌলভীবাজারের খুচরা চিনি ব্যবসায়ী আলাউদ্দিন জানান, গত বৃহস্পতিবার প্রতি কেজি চিনি ৩৮ টাকায় বিক্রি করেছেন। আর গতকাল তা ৪২ টাকায় বিক্রি করছেন। বাজেটে চিনির শুল্ক দাম বাড়ানোর ঘোষণার পর পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন বলে তিনি জানান। মৌলভীবাজারের সিটি গ্রুপের বিক্রয়কেন্দ্র থেকে জানা যায়, গত বৃহস্পতিবার তারা প্রতি কেজি চিনি ৩৭ টাকা ৫৪ পয়সায় বিক্রি করেছিল। গতকাল তা ৪০ টাকায় বিক্রি করা হয়। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে দুই টাকা ৪৬ পয়সা।পাইকারি চিনি ব্যবসায়ীরা জানান, বাজেটে অপরিশোধিত ও পরিশোধিত চিনিতে টনপ্রতি দুই হাজার ও চার হাজার টাকা নির্ধারিত শুল্ক নির্ধারণের সঙ্গে সঙ্গেই দাম বেড়ে গেছে। তাঁদের দাবি, বিশ্ববাজারেও চিনির দাম টনপ্রতি ২০ থেকে ৩০ ডলার বেড়েছে।বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবীব প্রথম আলোকে বলেন, চিনির দাম বাড়ানোর জন্য মিলের মালিকেরা চেষ্টা চালাচ্ছেন। মালিকেরা লোকসান হলে তা প্রচার করেন। কিন্তু লাভ হলে তা করেন না। গতকাল রাজধানীর কারওয়ান বাজারের কয়েকজন মুদি ব্যবসায়ীর কাছে চিনির দাম জানতে চাইলে কেউ ৪০ টাকা, কেউ ৪২ টাকা, আবার কেউ কেউ ৪৫ টাকা দাম হাঁকান। দাম বাড়ার কারণ জানতে চাইলে মাসুদ জেনারেল স্টোরের ব্যবসায়ী জানান, যাঁর যে দামে কেনা, তিনি ওইভাবেই বিক্রি করছেন।মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, সরকার চিনি আমদানিতে শুল্ক বাড়িয়ে দেওয়ায় মণপ্রতি দর ৮০ টাকা বাড়বে। এ কারণে অনেকেই দাম বাড়াচ্ছে। চিনি পরিশোধনকারী সমিতির সদস্য এ এস এম মহিউদ্দিন মুনেম বলেন, বিশ্ববাজারে চিনির দাম এক সপ্তাহের ব্যবধানে ৪৫৪ ডলার থেকে বেড়ে ৫২৫ ডলার হয়েছে। এ কারণেই দেশের বাজারে দাম বেড়েছে। বাজেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। চাল: চলতি বছর বোরো মৌসুমের শুরুতে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ২৩ থেকে ২৪ টাকা। বর্তমানে তা বেড়ে ২৭ থেকে ২৮ টাকা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী জানান, কয়েকটি অঞ্চলে ধানের উত্পাদন কম হয়েছে। এই অজুহাত দেখিয়ে মিল মালিকেরা চালের দাম বাড়াচ্ছেন। আরেক ব্যবসায়ী বাচ্চু মিয়া জানান, বাজারে চালের দাম কিছুদিন পরপর বাড়ছে। বাবুবাজার এলাকার চাল ব্যবসায়ী আবদুল করিম বলেন, মিলের মালিকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিপুল পরিমাণ ধান মজুদ রেখেছেন, এখন তাঁরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। আবার বর্তমানে ফল আমদানি বেশি হওয়ায় ট্রাক ভাড়া অনেক বেড়ে গেছে। তিনি জানান, মৌসুমের শুরুতে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৩২ টাকা ৬৯ পয়সা থেকে ৩৩ টাকা ৪৯ পয়সা। বর্তমানে তা বেড়ে ৩৬ টাকা ১৭ পয়সা থেকে ৩৮ টাকা ০৫ পয়সায় এসে দাঁড়িয়েছে। বাবুবাজারের আরেক চাল ব্যবসায়ী মনির হোসেন জানান, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চালের দাম মণপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। চালের দাম বাড়ার কারণ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার বড় চাল ব্যবসায়ী আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের বাজারে চালের দাম এখনো কম আছে। তিনি দাবি করেন, ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন। কৃষকেরাও ধান শুকিয়ে গোলায় ভরে রাখছেন। যেটি এক সময় সম্ভব হতো না।তিনি আরও বলেন, আগে দেশের চাহিদার প্রায় অর্ধেক চাল ভারত থেকে আমদানি করা হতো। বর্তমানে দেশে উত্পাদিত চালই চাহিদা পূরণ করছে। রাজনীতিকেরা দাম কমানো নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকলেও বাস্তবতাকে সবার মেনে নিতে হবে।