বাজেট প্রণয়নে সংসদীয় কমিটিকে অন্তর্ভুক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমুখী বাজেট প্রণয়নে সাংসদ এবং সংসদীয় কমিটিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ আকবর আলি খান। তিনি বলেছেন, এ জন্য প্রয়োজনে সংসদের কার্যপ্রণালি বিধি সংশোধন করা যেতে পারে। আজ রোববার জাতীয় সংসদের আইপিডি সম্মেলনকক্ষে ‘ইমপ্লিকেশন ইভেন্ট অব রিসার্চ মেম্বারশিপ প্রোগ্রাম ফর বামু অফিশিয়ালস’ শীর্ষক অনুষ্ঠানে আকবর আলি এ আহ্বান জানান। তিনি বলেন, বাজেট প্রণয়নে সংসদীয় কমিটি এবং সাংসদের অন্তর্ভুক্ত করা হলে বাজেট গণমুখী হবে। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, যাঁরা সংসদ চালান, তাঁদেরই বাজেট প্রণয়ন করা উচিত। বাজেটের আগে অর্থমন্ত্রী বিভিন্ন ফোরামে সাংসদসহ আরও অনেকের সঙ্গে পরামর্শ করেন। কিন্তু সেগুলোর কতটুকু বাজেটে প্রতিফলিত হয়। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ছাড়াও সরকারি হিসাব, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান কমিটিকে বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করা হলে তা অনেক বেশি বাস্তবমুখী হবে। সাংসদ ফজলে রাব্বি মিয়া বলেন, ‘স্বাধীনতার পর একমাত্র তাজউদ্দীন আহমেদ ছাড়া আর কোনো অর্থমন্ত্রী মাটি ও মানুষের নেতা ছিলেন না। তিনি ছাড়া বাকি সবাই ছিলেন সামরিক ও বেসামরিক আমলা।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্দেশে তিনি বলেন, ‘বিনয়ের সঙ্গে আমি আপনার কাছে জানতে চাই, অনেকের সঙ্গেই তো কথা বলছেন, কিন্তু এগুলো কি বাজেটে অন্তর্ভুক্ত হবে?’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ আব্দুস শহীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, সাংসদ শাহ জিকরুল আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান। বাজেট বিশ্লেষণ ও পরিবীক্ষণ ইউনিট (বামু) ও উন্নয়ন সমন্বয় যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।