বাজেট প্রণয়নে সাংসদদের চেয়ে আমলাদের ভূমিকা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট প্রণয়নে সাংসদদের চেয়ে আমলাদের ভূমিকাই বেশি। বিষয়টি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আজ বুধবার জাতীয় সংসদের শপথকক্ষে সংসদের বাজেট বিশ্লেষণ ও পরিবীক্ষণ ইউনিট (বামু) আয়োজিত ‘সংসদ সদস্যদের বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন। সাংসদদের সঙ্গে একমত পোষণ করে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী বলেন, ‘বাজেট প্রণয়নে যান্ত্রিকতা এমনভাবে চেপে বসেছে যে এর থেকে বের হওয়া যাচ্ছে না।’ তিনি বলেন, ‘বাজেটের টাকার অঙ্ক নিয়ে আমরা কথা বলি, কিন্তু এর থেকে জনগণের কী উন্নতি হচ্ছে, সেটা কি ভাবা হচ্ছে?’মতবিনিময় সভায় সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, ‘বর্তমানে যে প্রক্রিয়ায় বাজেট প্রণয়ন হয়ে থাকে, তাতে সাংসদদের কোনো ভূমিকা নেই। এখানে সাংসদদের মত নেওয়া হচ্ছে, অথচ অর্থমন্ত্রী বা মন্ত্রণালয়ের সচিব কেউই উপস্থিত নেই।’ তিনি বলেন, ‘দেশের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে জড়িত থাকার কথা সাংসদদের। অথচ তাঁরা সে ভূমিকা রাখতে পারেন না। সাংসদেরা নীতিনির্ধারণ করেন। তাঁদের নির্দেশ শুনবে আমলারা। কিন্তু হয় উল্টোটা। বাজেট দেওয়া হয় জনগণের জন্য। অথচ এর সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা নেই। আর যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, তারা বাজেট প্রণয়ন করে যাচ্ছে।’সভার সভাপতি ও সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা বলেন, ‘খসরু সাহেব যা বলেছেন, তা আমাদের সবার কথা।’ এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্য সাংসদেরাও সভাপতির বক্তব্যকে সমর্থন করেন।জাসদের সাংসদ শাহ জিকরুল আহমেদ বলেন, ‘স্বাধীনতার পর একমাত্র তাজউদ্দীন আহমদের বাজেট ছিল রাজনৈতিক। এর পরে যাঁরা এসেছেন, তাঁরা সবাই আমলা-কামলা। একজন সাংসদ হয়ে আমি বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক দিনও কথা বলতে পারিনি। সাংসদের কোনো মতামত বাজেটে প্রতিফলিত হয় না।’আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া বলেন, ‘এখানে সাংসদদের মত নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই মতামতের প্রতিফলন কি বাজেটে থাকবে? বাজেট প্রণয়নে সাধারণ মানুষের মতামত কি অন্তর্ভুক্ত করা হয়?’সাংসদ এস কে আবু বাকের বলেন, ‘বাজেট প্রণয়ন নিয়ে এমন একটা চর্চার মধ্যে আমরা আটকে গেছি, যেখান থেকে বের হওয়া যাচ্ছে না। এই চর্চার কারণেই বাজেট প্রণয়নে সাংসদদের সম্পৃক্ত করা যাচ্ছে না।’মতবিনিময় সভায় আরও আলোচনা করেন সাংসদ আলী আশরাফ, মমতাজ বেগম, সিরাজুল আকবর ও ইসরাফিল আলম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিৎ চক্রবর্তী।