বাজেট প্রণয়নে সাংসদদের ভূমিকা নেই, আলোচনায়ও অংশগ্রহণ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে বরাদ্দ করা অর্থ সাংসদদের নির্বাচনী এলাকাতেই খরচ হয়, কিন্তু এ বাজেট প্রণয়নে তাঁদের ভূমিকা নামমাত্র। বাজেটের সব ধরনের প্রক্রিয়ারই বাইরে থাকেন সাংসদেরা।গত ১০ বছরের বাজেট অধিবেশনের কার্যনির্বাহী প্রতিবেদন অনুযায়ী, ৬৩ শতাংশ সাংসদই বাজেট আলোচনায় অংশ নেন না। জ্যেষ্ঠ মন্ত্রী ও নেতারা বাজেট অধিবেশনে ২০ থেকে ২৫ মিনিট কথা বলার সুযোগ পান। পেছনের সারিতে বসা সাংসদেরা সময় পান মাত্র পাঁচ থেকে সাত মিনিট।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ এ বিষয়ে এক প্রবন্ধে বলেছেন, বাজেট হলো সরকারের উল্লেখযোগ্য নীতিনির্ধারণী দলিল। এর গঠন, পর্যালোচনা ও বাস্তবায়নে সাংসদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে; অথচ বাজেট প্রণয়নে তাঁদের কার্যকর সম্পৃক্ততা দেখা যায় না।এই প্রবন্ধটি গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সাংসদদের জন্য আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক অবস্থা: অর্থবছর ২০০৯-১০’ শীর্ষক এক সেমিনারে উপস্থাপন করা হয়। বিআইডিএস আয়োজিত এই সেমিনারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী প্রধান অতিথি ছিলেন।শওকত আলী বলেন, ‘বাজেট তৈরি করেন আমলারা, বাস্তবায়নও করেন তাঁরাই। অর্থাৎ তাঁদের কাজটা তাঁরা করেন। প্রশ্ন হলো, আমরা আমাদের কাজ কতটুকু করতে পারছি। তবে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতেই আমলারা দলিলপত্র তৈরি করেন। তার পরও আমলাতন্ত্রের বেড়াজাল থেকে বেরিয়ে আসার পথ সাংসদদেরই খুঁজে বের করতে হবে।’সাংসদ আলী আশরাফ বলেন, বাজেট প্রণয়নে সাংসদদের সঙ্গে আলোচনা করতে হবে। প্রকারান্তরে সেটাই হবে জনগণের সঙ্গে আলোচনা। কেউ কেউ মহাপণ্ডিত হতে পারেন, কিন্তু জনগণকে এড়িয়ে চলার সাহস দেখানো উচিত হবে না।সাংসদ ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ সংবিধানের ৭০ নম্বর ধারার কথা উল্লেখ করে বলেন, ‘একটি খড়্গ ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের ওপর। সব সময় একটি ছায়া অনুসরণ করে, যার বাইরে যেতে পারি না আমরা কেউই।’বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরীর সভাপতিত্বে সেমিনারে আলোচনায় আরও অংশ নেন সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, এম কে আনোয়ার, ছায়েদুল হক, এম এ মান্নান, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, হাফিজউদ্দিন আহমেদ প্রমুখ।এ বিষয়ে অনুসন্ধান করে দেখা গেছে, বাজেট আলোচনার জন্য সংসদে গড়ে ২০ দিন সাত ঘণ্টা করে সময় দেওয়া হয়েছে। অথচ বাজেটের ওপর আলোচনার জন্য ইংল্যান্ডে তিন মাস, অস্ট্রেলিয়ায় দুই মাস এবং ভারতে এক মাস সময় দেওয়া হয়।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীন দলের সদস্যরা তাঁদের দলের তৈরি করা প্রস্তাবিত বাজেটে ‘না’ বলতে পারেন না। সংবিধান তাঁদের সে অধিকার দেয়নি। কারণ দলের বিরুদ্ধে ভোট দিলে সদস্যপদ হারানোর ভয় রয়েছে। এ জন্য আগে জরুরি সংবিধান সংশোধন করা।’আকবর আলি খান আরও বলেন, ‘বাজেট করা যেন নির্বাহী বিভাগেরই বিশেষাধিকার। আর সংসদের কাজ হলো, নির্বাহী বিভাগের তৈরি করা বাজেটটিকে বিচার-বিবেচনাহীন অনুমোদন দেওয়া।’ তিনি বলেন, ‘আসলে বাজেট হলো অর্থমন্ত্রীর লোক দেখানো প্রদর্শনী।’যোগাযোগ করলে আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে জানান, বাজেট আলোচনায় সব সময়ই একটু তাড়াহুড়া হয়। আরও বেশি সময় পাওয়া গেলে ভালো হতো। সংবিধানের ৭০ অনুচ্ছেদের তিনটি ধারার উদাহরণ দিয়ে তিনি বলেন, সংবিধান ও সংসদীয় কার্যপ্রণালি বিধির নিষেধাজ্ঞার কারণে বাজেট প্রক্রিয়ায় অংশ নেওয়া যায় না।বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী বলেন, প্রতিবছরই বাজেট তৈরি করেন আমলারা। এতে রাজনীতিবিদদের অংশগ্রহণ নেই, যা কাঙ্ক্ষিত নয়।’ তবে সময় যেটুকুই পাওয়া যায়, তাঁরা নিজেরাই তা ব্যবহার করেন না বলেও মন্তব্য করেন তিনি।আওয়ামী লীগের আরেক সাংসদ সেগুফতা ইয়াসমীন বলেন, বাংলাদেশে প্রতিবছর যে বাজেট ঘোষিত হয়, তা অংশগ্রহণমূলক নয়। জনগণের অংশগ্রহণ থাকলে এ বাজেট আরও কার্যকর হবে।বাজেটের ওপর আলোচনার সময়কাল তিন সপ্তাহ থেকে বাড়িয়ে ছয় সপ্তাহ করা উচিত বলে মনে করেন আকবর আলি খান। তাঁর মতে, ‘এ কাজটি করা যায় দুইভাবে—কার্যপ্রণালি বিধি পরিবর্তনের মাধ্যমে অথবা তিন মাসের খসড়া বাজেটকে অনুমোদন করে এবং অর্থবছর শেষ হওয়ার পরও বাজেট আলোচনা অব্যাহত রেখে।’সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, বাজেট আলোচনার জন্য যে সময় দেওয়া হয়, তা এতটাই অপ্রতুল যে একে লজ্জাকর বলা যেতে পারে। তিনি বলেন, ‘বাজেট আলোচনাটাই যেহেতু ভালোভাবে হয় না, তাই এতে জনমতেরও প্রতিফলন থাকে না।’ অজনপ্রিয় পদক্ষেপগুলোর বিরুদ্ধে জনমত সৃষ্টি হওয়ার ভয় থেকে কোনো সরকারই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনায় যায় না বলে মনে করেন হাফিজউদ্দিন খান।