বাজেট প্রণয়নে সাংসদদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন: স্পিকার
স্পিকার আবদুল হামিদ বলেছেন, বাজেট পাসে সাংসদদের ভূমিকা থাকলেও বাজেট প্রণয়নে কম। তাই বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সাংসদদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। এ ছাড়া বাজেট আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা গঠনমূলক যেসব মতামত দেন, বাজেটে এর প্রতিফলন থাকাও জরুরি। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার সংসদের কাছে দায়বদ্ধ এবং সংসদেই জাতীয় বাজেট পাস করতে হয়।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার সাংসদদের অংশগ্রহণে ‘২০১১-১২ অর্থবছরের বাজেট কেমন হলো?’ শীর্ষক বাজেটোত্তর মতবিনিময় সভায় স্পিকার এ কথা বলেন।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘বাজেট বিশ্লেষণ ও পরিবীক্ষণ ইউনিট’ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরকারি হিসাব-সম্পর্কিত কমিটির সভাপতি মহিউদ্দিন খান আলমগীর। ২৯ জন সাংসদ ২০১১-১২ অর্থবছরের উত্থাপিত বাজেটের খাতভিত্তিক বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।স্পিকার বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।স্পিকার বলেন, বাজেট হচ্ছে আগামী এক বছরে দেশ তথা জনগণের কল্যাণে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন করবে, এরই কর্মপরিকল্পনা। তাই বাজেট প্রস্তাবনার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জনপ্রতিনিধিদের দিকনির্দেশনামূলক মতামত খুবই জরুরি। তিনি বলেন, আইন প্রণয়ন সাংসদদের মূল কাজ হলেও নির্বাচনী এলাকার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নেও তাঁদের ভূমিকা রাখতে হয়।স্পিকার বলেন, জাতীয় ও নির্বাচনী এলাকার উন্নয়নকে মাথায় রেখে বাজেটে এর প্রতিফলন ঘটানো সাংসদদের অন্যতম কাজ। তিনি তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে বাজেটকে আরও বেশি কার্যকর করতে সাংসদদের প্রতি আহ্বান জানান।সভায় ২০১১-১২ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত সরকারি আয়, সরকারি ব্যয় ও খাতভিত্তিক বাজেট বিশ্লেষণমূলক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার চক্রবর্তী এবং বাজেট বিশ্লেষণ ও পরিবীক্ষণ ইউনিটের সদস্যরা।