বাজেট প্রস্তাবের পরে
বাজেট পেশের বেশ আগে থেকেই বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ নিয়ে সেমিনার-সমাবেশে দাবি তুলেছেন। অনেক সংগঠন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেও বিভিন্ন সুপারিশ দিয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য উইমেন চেম্বারের পক্ষ থেকে বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রত্যাশা ও দাবি ছিল। ১০ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। তার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে—কী চেয়েছিলাম আর কী পেলাম, তা নিয়ে পর্যালোচনা। নারীমঞ্চের আহ্বানে গবেষক, অর্থনীতিবিদ ও একজন নারীউদ্যোক্তা জাতীয়বাজেটে নারীবিষয়ক বরাদ্দ নিয়ে তাঁদের চাওয়া-পাওয়াগুলো জানিয়েছেন।সেলিমা আহমাদপ্রেসিডেন্ট, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নারী উদ্যোক্তাদের জন্য উইমেন চেম্বারের পক্ষ থেকে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রত্যাশা করা হয়েছিল। এর প্রতিফলন বর্তমান বাজেটে পাওয়া যায়নি। তবে মনে করছি, ভবিষ্যতে এর প্রতিফলন ঘটবে। তবে এবার বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অধিকতর প্রাতিষ্ঠানিক ও আর্থিক সুবিধা নিশ্চিত করতে প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে উইমেন এন্ট্রাপ্রেনিউরস ডেডিকেটেড ডেস্ক স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।আর্থসামাজিক কাঠামোসহ মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং ব্যবসা ও শিল্পক্ষেত্রে একটি নারীবান্ধব পরিবেশ সৃষ্টি আমাদের রাষ্ট্রীয় ও সাংবিধানিক অঙ্গীকার। এরই ধারাবাহিকতায় ২০১০-১১ অর্থবছরের বাজেট বিশ্লেষণে এবারের বাজেটকে একটি জেন্ডার সংবেদনশীল বাজেট মনে হচ্ছে। এবার বাজেটের বেশ কিছু ইতিবাচক দিক আছে। সেগুলো হচ্ছে, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) তহবিলে বেশি বরাদ্দের জন্য দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে, যা শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। এসএমই খাতে অধিকতর গুরুত্ব দেওয়া, নারীর কর্মসংস্থানের জন্য ৩৪টি জেলায় কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণসহ বেশ কিছু ভালো উদ্যোগের কথা আছে। সার্বিকভাবে মনে হয়, অধিকতর ঘনবসতিপূর্ণ শহর হিসেবে ঢাকা নগরের জন্য আলাদা বরাদ্দ থাকলে ভালো হতো। সব মিলিয়ে আশা করছি, এবারের বাজেট নারী উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। নারী উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে দেশে চলমান দারিদ্র্য বিমোচন কার্যক্রম আরও বেগবান হবে।ফাহমিদা খাতুনঅর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ্রযেহেতু আমরা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছি, সে জন্যই নারীর জন্য আলাদা এবং বর্ধিত বরাদ্দ প্রয়োজন। এতে করে নারীরা সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে একীভূত হওয়ার সুযোগ পাবে। এবারের বাজেটে মানবসম্পদ এবং কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই দুটি ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ ও কল্যাণ নানাভাবে জড়িত। ২০১০-১১ অর্থবছরের বাজেটে দ্বিতীয়বারের মতো জেন্ডার বাজেটিংয়ের অংশ হিসেবে ১০টি মন্ত্রণালয়ে নারী উন্নয়নের জন্য বরাদ্দের হিসাব দিয়ে আলাদা প্রতিবেদন তৈরি করা হয়েছে। ২০০৯-১০ অর্থবছরে চারটি মন্ত্রণালয়ের জন্য এ ধরনের প্রতিবেদন প্রস্তুত করা হয়েছিল। এ উদ্যোগটি ইতিবাচক। তবে যদি বরাদ্দের পরিমাণ দেখি, তাহলে সেখানে এখনো নারী-পুরুষের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়ে গেছে। যেমন, শিক্ষা মন্ত্রণালয়ের মোট ব্যয়ের ২৩ দশমিক ২৯ শতাংশ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট ব্যয়ের ৩২ দশমিক ৮৩ শতাংশ নারীর জন্য ব্যবহূত হবে বলা হয়েছে। অথচ জনসংখ্যার অর্ধেকই নারী। তেমনই কৃষি মন্ত্রণালয়ে নারীর জন্য রাখা হয়েছে মোট বরাদ্দের ২৬ দশমিক ৫৩ শতাংশ। অথচ কৃষি উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণের প্রতিটি পর্যায়ে বাজারজাতের আগ পর্যন্ত সব স্তরে কর্মকাণ্ডে নারীরা সক্রিয় অংশগ্রহণ করে থাকে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, মন্ত্রণালয়ের আলাদা বাজেট বাস্তবায়নের জন্য জেন্ডার সংবেদনশীলতার প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। এ লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে এবং অন্য মন্ত্রণালয়ে জেন্ডার ফোকাল পয়েন্টগুলোকে শক্তিশালী করতে হবে এবং মন্ত্রণালয়গুলোতে জেন্ডার মনিটরিং সেল গঠন করতে হবে। আরেকটি বিষয় হলো, জেন্ডার বাজেটিং রিপোর্টে ২০০৯-১০ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ে নারী উন্নয়নের ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে। এই অর্থ কোন কোন প্রকল্পে কীভাবে নারী উন্নয়নে ব্যয় হয়েছে, তার একটি সুস্পষ্ট চিত্র থাকা প্রয়োজন। তবে বহু দিন পর্যন্ত সরকারি প্রয়াস নারীর ক্ষমতায়ন নয়, কেবল করুণাময় প্রকল্প যেমন—বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার মধ্যেই সীমিত ছিল; তা থেকে একটু একটু করে বেরিয়ে আসার প্রচেষ্টা এখন লক্ষ করা যাচ্ছে। কিন্তু নারী-পুরুষের সমতা আনয়নের জন্য বরাদ্দ ছাড়াও আরও অনেক ধরনের রাজস্ব পদক্ষেপ, করনীতি, বাণিজ্যনীতি ইত্যাদিতে পরিবর্তন আনতে হবে।নাজনীন আহমেদগবেষক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানবাজেটের নানা হিসাব-নিকাশ-বরাদ্দে নারীদের ওপর প্রভাব কতটুকু, তা আলাদাভাবে বিবেচনার যৌক্তিকতা এখন পুরোনো বিষয়। তার পরও নারী-পুরুষের নানা বৈষম্য ঘোচাতে রাষ্ট্রীয় সম্পদের বরাদ্দ ও উন্নয়ন-পরিকল্পনায় নারীর হিস্যা কতটুকু পাওয়া গেল, সেটা বিবেচনার দাবি রাখে।২০১০-১১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী ১০টি মন্ত্রণালয়ের জন্য নারী উন্নয়নে বাজেট বরাদ্দের পরিমাণ আলাদাভাবে প্রকাশ করেছেন। এটি প্রশংসার দাবিদার। কিন্তু তার পরও বলতে হচ্ছে, বাজেটে নতুন করে নারীকে নিয়ে কোনো কর্মসূচির কথা নেই। এ ছাড়া প্রশ্ন থাকে, এসব মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দে নারী উন্নয়নে বরাদ্দের হিসাব কীভাবে করা হয়েছে? এটা শুধু বিভিন্ন প্রকল্পে নারীর ওপর সম্ভাব্য কী প্রভাব রাখবে তার ভিত্তিতে, নাকি নারীবান্ধব প্রকল্প গ্রহণের মাধ্যমে নারী উন্নয়নকে ত্বরান্বিত করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অথবা অন্য কোনো উপায়ে, এ বিষয়টি স্পষ্ট করে দেওয়া উচিত। এর পাশাপাশি আগের বাজেটে বরাদ্দ দেওয়া খাতগুলোর ধারাবাহিকতা থাকা প্রয়োজন। সে বরাদ্দ কতটুকু নারী পেল, তারও মনিটরিং রিপোর্ট দেওয়া সরকারের কর্তব্য।১০টি মন্ত্রণালয় ও বিভাগের নারী উন্নয়ন বরাদ্দের সঠিক পর্যালোচনা ছাড়াও প্রতিবছরের মতো বাজেটে জেন্ডার সংবেদনশীলতার একটি সারসংক্ষেপ দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২০১০-১১ অর্থবছরে এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেটে সরাসরি নারীর হিস্যা ৯ দশমিক ১৭ শতাংশ। পরোক্ষ হিসাব মিলে এ হিস্যার পরিমাণ দাঁড়াচ্ছে ২৫ দশমিক ৯ শতাংশ। তবে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে নারীর হিস্যা ছিল মোট বাজেট বরাদ্দের ২৯ দশমিক ৬৭ শতাংশ। অর্থাৎ এবার বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ কমেছে।এ বাজেটে নারীর প্রতি সহিংসতা রোধে আইনি সাহায্য প্রাপ্তিতে বরাদ্দ, জলবায়ু পরিবর্তনজনিত কারণে নারীর জীবনযাত্রায় যে কঠোর প্রভাব পড়বে তা রোধে প্রকল্প প্রণয়ন, এসিডদগ্ধ নারীদের কর্মসংস্থানের জন্য বরাদ্দ বৃদ্ধি, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে নারীর অধিক অংশগ্রহণ নিশ্চিত করার মতো বিষয়গুলোতে বাজেট বরাদ্দ ও মনোযোগ বাড়ানো উচিত ছিল। বাজেটে মাতৃস্বাস্থ্য ভাউচার কর্মসূচির সম্প্রসারণ, ডে-কেয়ার সেন্টার স্থাপন, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন বরাদ্দ আছে। এসবের প্রয়োজন আছে। কিন্তু নারী দুস্থ—এ দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে নারীর সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বরাদ্দ তেমন একটা নেই। তাই স্থানীয় ও জাতীয় প্রশাসন, স্থানীয় সরকার, শিল্পোদ্যোগ প্রভৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়নের মাত্রা বৃদ্ধির লক্ষ্যে নারীর জন্য বিশেষায়িত প্রশিক্ষণ আরও জোরদার করা দরকার। আর সে লক্ষ্যে অধিক বরাদ্দ প্রয়োজন।মানসুরা হোসাইন