বাজেট প্রস্তাবের সামান্য কিছু পরিবর্তন হচ্ছে
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বড় কোনো পরিবর্তন হচ্ছে না। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবনায় কিছু পরিবর্তন আনা হচ্ছে; কিছু প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এর মধ্যে বেশির ভাগই উৎসে আয়কর কর্তনসংক্রান্ত প্রস্তাব।রপ্তানিকারকদের উৎসে করের হার কমানো হচ্ছে। বাজেটে রপ্তানিকারক-দের ওপর উৎসে কর ১ দশমিক ২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু রপ্তানিকারকদের তীব্র আপত্তির মুখে তা হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উৎসে করের হার ১ শতাংশে নামিয়ে আনা হতে পারে। বর্তমানে তৈরি পোশাকবহির্ভূত রপ্তানিকারকেরা দশমিক ৬০ শতাংশ আর তৈরি পোশাক রপ্তানিকারকেরা দশমিক ৭০ শতাংশ হারে উৎসে কর দিয়ে থাকেন।ব্যক্তিশ্রেণীর করদাতাদের ন্যূনতম করের পরিমাণও কমিয়ে আড়াই হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। বাজেটে ন্যূনতম করের পরিমাণ তিন হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু করমুক্ত আয়সীমা না বাড়ানোয় ন্যূনতম পরিমাণ কিছুটা কমিয়ে করদাতাদের কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।বহুল আলোচিত মোবাইল ফোনের বিলের ওপর উৎসে কর কর্তনের প্রস্তাবও পুনর্বিন্যাস করা হচ্ছে। পোস্টপেইড মোবাইল ফোনের বিলের ক্ষেত্রে ২ শতাংশ উৎসে কর অপরিবর্তিত রাখা হচ্ছে। তবে আদায়-প্রক্রিয়ায় জটিলতার কারণে প্রিপেইডের রিচার্জের ক্ষেত্রে উৎসে করের প্রস্তাব প্রত্যাহার করা হতে পারে।অন্যদিকে, করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) না থাকলে সব ধরনের ব্যাংক সুদের ওপর ১৫ শতাংশ উৎসে কর আরোপের প্রস্তাবও পুনর্বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত আমানতের সুদের ওপর বিদ্যমান ১০ শতাংশ উৎসে কর বহাল থাকবে। অর্থাৎ, টিআইএন না থাকলে এক লাখ টাকার বেশি আমানতের ওপরেই শুধু ১৫ শতাংশ উৎসে কর বসবে। এনবিআরের সদস্য (আয়কর নীতি) সৈয়দ আমিনুল করিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগামী অর্থবছরের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বড় কোনো পরিবর্তন হবে না। কিছু কাটছাঁট হতে পারে, কিছু ক্ষেত্রে করের হার কমানো হতে পারে।’কালোটাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, অর্থবিলের মাধ্যমে এ-সংক্রান্ত এনবিআর প্রস্তাব দিয়েছে। আলাপ-আলোচনা করে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরাই শুধু এ বিষয়ে পরিবর্তন আনতে পারেন।অন্যদিকে, প্যাকেজপ্রথা বাতিল করে খুচরা ও পাইকারি ব্যবসায় সব পর্যায়ে ৪ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে। কিন্তু এখন থেকে আগের মতো ছোট দোকানদারদের ক্ষেত্রে এলাকাভেদে এক হাজার ৮০০ টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত প্যাকেজপ্রথা বহাল রাখা হচ্ছে।